সাহিত্যালোচনা- মুনীর চৌধুরীঃ তাঁর নাটক by আনিসুজ্জামান

মাদের নাট্যসাহিত্যে যাঁরা বিষয় ও প্রকরণ দুই দিকেই আধুনিকতার প্রবর্তন করেছিলেন, মুনীর চৌধুরী (১৯২৫-৭১) তাঁদের অগ্রগণ্য। তিনি রেখে গেছেন দুটি নাটক এবং তিনটি সংকলনে বারোটি একাঙ্কিকা। নাটকের অনুবাদেও তিনি পারদর্শিতার পরিচয় রেখে গেছেন। তাঁর কাছ থেকে আমরা পেয়েছি তিনটি অনুবাদ-নাটক, পাঁচটি একাঙ্কিকার অনুবাদ-সংগ্রহ একটি এবং একাধিক নাটকের অসম্পূর্ণ অনুবাদ। মুনীর চৌধুরীর পূর্ণাঙ্গ মৌলিক নাটক দুটি: রক্তাক্ত প্রান্তর (১৯৬২) ও চিঠি (১৯৬৬)। তাঁর নাট্যস্বভাবের দুই বিপরীতমুখী প্রবণতার পরিচয় রয়েছে তাতে।