প্রথম বিদেশ সফরে কানাডায় উইলিয়াম ও কেট

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয় দিনের সফরে কানাডায় গেছেন।
বিয়ের পর নতুন দম্পতির এটাই প্রথম সরকারি বিদেশ সফর। তাঁদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ নানা আয়োজন ও অনুষ্ঠানের ব্যবস্থা করেছে কানাডা সরকার। রাজপরিবারের সদস্যদের সম্মানে আজ শুক্রবার রাজধানী অটোয়ার বাসিন্দারা সরকারি ছুটির দিন উদ্যাপন করবে। নতুন দম্পতি পার্লামেন্টের বাইরে লাখ খানেক লোকের সঙ্গে সংগীত ও আতশবাজি উপভোগ করবেন।
এদিকে রাজতন্ত্রীরা আনন্দিত হলেও উইলিয়াম ও কেটের এই সফরে ক্ষুব্ধ হয়ে উঠেছে কুইবেক প্রদেশের রাজতন্ত্রবিরোধীরা। আগামী রোববার তাদের মন্ট্রিল হয়ে প্রদেশের রাজধানী কুইবেক সিটি সফর করার কথা রয়েছে। সেখানে ফরাসিভাষী বিচ্ছিন্নতাবাদীরা বিক্ষোভের পরিকল্পনা করেছে।