গল্প- 'ঝড়ের রাতে' by প্রচেত গুপ্ত

অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের শরীরে দু'রকম প্রতিক্রিয়া হতে পারে। হয় অল্প ঘাম হয়, নয়তো হাত পা ঠাণ্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে।

কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আবার হাত পা ঠাণ্ডাও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে, শরীরের যাবতীয় গস্ন্যান্ড ফাংশন এলোমেলো হয়ে পড়েছে। তারা ঠিকমতো কাজ করতে পারছে না। অর্ক এমনিতেই একজন নার্ভাস প্রকৃতির ছেলে। তারওপর ঘটনা যা ঘটেছে ততে সেই নার্ভাস ভাব বেড়ে গেছে কয়েকগুণ। কপালের সঙ্গে, অর্কর নাকের দু'পাশেও ঘাম জমেছে এখন। শুধু হাত পা ঠাণ্ডা হয়নি, শিরদাঁড়ার ওপর দিয়ে চিন্চিনে ঠাণ্ডা ভাব একবার উঠছে, একবার নামছে।