কী পেল আওয়ামী লীগ? by আলী রীয়াজ

পাঁচ পর্বে দেশের উপজেলা পরিষদের নির্বাচনের পরিসমাপ্তি হয়েছে। সাকল্যে ৪০ দিনের ব্যবধানে সম্পন্ন এই নির্বাচনের প্রায় পুরো ফলই এখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের ফলাফলের ওপর ভিত্তি করে কোনো কোনো গণমাধ্যমের শিরোনাম হয়েছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচনে বিজয়ী হয়েছে। অঙ্কের হিসাবে এই শিরোনাম নির্ভুল। কিন্তু আওয়ামী লীগের এই বিজয় কীভাবে অর্জিত হলো এবং এই নির্বাচনের মধ্য দিয়ে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই ভারী হলো কি না, সেটা বিবেচনার দাবি রাখে। উপরন্তু বিএনপির ওপর এর কী প্রভাব পড়তে পারে, সেটাও দেখার বিষয়। নির্বাচন কমিশনের ভবিষ্যতের জন্যই বা এই নির্বাচন কতটা ইতিবাচক হবে?