প্রবন্ধ- 'কাজী নজরুল:রবীন্দ্রনাথ ও জীবনানন্দের পারস্পরিকতায়' by আবদুল মান্নান সৈয়দ

সাকি,
কোথায় তোমার চিঠি? এদিকে তোমার বান্ধবীর চিঠির তোড়ে আমি তো প্রায় ভেসেই যাচ্ছি। রবীন্দ্রনাথকে চিঠি লেখায় না-হারিয়ে ছাড়বে না মনে হচ্ছে। আমিও ছাড়বার পাত্র নই। তুমি জানো কিনা জানি না, রবীন্দ্রনাথ এন্ডরুজ সাহেবকে একবার সাহেব মহোদয় বিদেশ থেকে ফিরলে একতাড়া চিঠি তাঁর হাতে অর্পণ করেন। আমিও সেই আদর্শে তোমার উদ্দেশে এই চিঠি লেখা শুরু করলাম। রবীন্দ্রনাথের মতো অবসর নেই তো আমার—ফলে একগোছা পত্র রচনা করতে একটু সময় নেবে হয়তো। কিন্তু রবীন্দ্রাদর্শ ভুলছি না। বলতে পারো, এই চিঠি তার শুভসূচনা।
আজকে তোমার সঙ্গে নজরুল নিয়ে একটু গল্প করি।—নজরুলের সঙ্গে অগ্রজ শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ আর পরবর্তী শ্রেষ্ঠ কবি জীবনানন্দের সম্পর্কের দ্বন্দ্বসমাস। ওটা অনিবার্য। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের কালে আমি থাকলে নিশ্চিতভাবে তাঁদের সঙ্গে আমার ভালো-মন্দ সম্পর্কের একটা গাঁটছড়া পড়তই। আমার আকঙ্ক্ষক্ষা নীরবতা। কিন্তু আমার বিধিলিপি একেবারে উল্টোটা।