মিয়ানমারে মন্ত্রীসভায় রদবদল

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন মন্ত্রিসভায় রদবদল করেছেন। দেশটির সংস্কার-প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাবেক এই জেনারেল মন্ত্রিসভার শীর্ষ চার মন্ত্রীকে প্রেসিডেন্ট কার্যালয়ে সংযুক্ত করেছেন। গতকাল সোমবার প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।


প্রেসিডেন্ট কার্যালয়ে সংযুক্ত হওয়া মন্ত্রিরা হলেন রেলমন্ত্রী অং মিন, অর্থমন্ত্রী লা তুন, শিল্পমন্ত্রী সো থেইন ও তথ্যমন্ত্রী কাইউ হান।
নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক সরকারি কর্মকর্তা বলেন, এই মন্ত্রীরা প্রেসিডেন্টের জন্য কাজ করবেন।
জাতিসংঘের তিন কর্মীর কারাদণ্ড: জাতিগত সহিংসতায় জড়িত থাকার অপরাধে জাতিসংঘের স্থানীয় তিন কর্মীর কারাদণ্ড হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল সোমবার এ খবর জানিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি আদালত গত শুক্রবার এ রায় দেন।
রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় গত জুন থেকে এ পর্যন্ত প্রায় ৯০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে। দাঙ্গা চলাকালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে। এএফপি।