নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাপুর এলাকায় বুধবার রাতে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে গেছে দুর্বৃত্তরা। নৈশপ্রহরী সিদ্দিক মিয়া বলেন, ‘বুধবার দিবাগত রাতে এক দল দুর্বৃত্ত অস্ত্রের ভয়


দেখিয়ে আমার হাত-পা ও চোখ বেঁধে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ট্রাকে করে নিয়ে যায়।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
টঙ্গীতে ট্রান্সফরমার চুরি: টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।
স্থানীয় ও ডেসকো সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে আউচপাড়া এলাকায় টঙ্গী পৌরসভা ভবনের পেছন থেকে ২০০ কেভির ট্রান্সফরমারটি চুরি হয়েছে। এতে আউচপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বুধবার রাত থেকে বন্ধ রয়েছে।