পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ‘সোমালিয়ায় অপহূত সাত নাবিক জীবিত আছেন’

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি সাত বাংলাদেশি নাবিক জীবিত রয়েছেন। তাঁদের দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৭ জুলাই সোমালিয়ার উপকূলের অদূরে ডুবে যায় মালয়েশিয়ার মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি আলবেদো। এ সময় ভারত, পাকিস্তান, ইরান ও শ্রীলঙ্কার নাবিকদের পাশাপাশি বাংলাদেশের সাত নাবিকও ছিলেন। এসব নাবিককে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের সোমালিয়া ও নাইরোবি দপ্তরের সূত্রের উদ্ধৃতি দিয়ে লন্ডনভিত্তিক সামুদ্রিক জলদস্যুতা মানবিক সাড়াদান কর্মসূচি (এমপিএইচআরপি) নিশ্চিত করেছে, অপহূত সাত বাংলাদেশি নাবিক জীবিত রয়েছেন। জলদস্যুরা এ মুহূর্তে তাঁদের অন্য একটি মাছ ধরার জাহাজে আটকে রেখেছে।
এ সংস্থার মাধ্যমে বাংলাদেশের নাবিকদের উদ্ধারের জন্য সরকার যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া তাঁদের উদ্ধারের ব্যাপারে সরকার মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। অপহূত লোকজনের পরিবারের উদ্বেগের বিষয়টিকে সরকার যথাযথ গুরুত্বের সঙ্গে নিয়েছে। সাত বাংলাদেশিসহ অপহূত ভারত, পাকিস্তান, ইরান ও শ্রীলঙ্কার নাবিকদের অপহরণের দুর্ভাগ্যজনক ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে দেশ-বিদেশের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরকার যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অপহূত সাত নাবিকের মুক্তির বিষয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক কর্তৃপক্ষের (আইএমও) মহাসচিবের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।