পিটকে ঝর্ণা উপহার জোলির

মন উপহার খুব প্রেমিকাই তার প্রেমিককে দিতে পারে। পুরো একটা আস্ত ঝর্ণা, এরসঙ্গে সুন্দর একটা বাংলো। সেই বাংলো থেকে শোনা যাবে অবিরাম ঝর্ণার আওয়াজ, আর দেখা যাবে শুধু সবুজ অরণ্য আর নীল আকাশ! অনেকটা স্বপ্নের মতো কিন্তু বাস্তবে এমনটাই ঘটিয়েছেন ব্র্যাড পিটের পাগল প্রেমিকা অ্যাঞ্জেলিনা জোলি।

পিটের জন্মদিন, বড়দিন এবং নতুন বছরের ট্রিপল সেলিব্রেশনকে স্মরণীয় করে রাখতে জোলির দৃষ্টিতে এর চেয়ে সেরা উপহার আর কিছু হতে পারে না। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘ডেইলি মেইল’কে জানিয়েছেন, ব্র্যাড পিটের অনেক দিনের সাধ ছিল তার ঝর্ণার পাশে একটা বাড়ি থাকবে। যেখানে তিনি পরিবার নিয়ে শুধু ঝর্ণার শব্দ শোনার জন্য যাবেন।

জোলি তার প্রেমিকের সেই স্বপ্ন পূরণ করতে অনেকদিন থেকেই একটা উপযুক্ত জায়গা খুঁজছিলেন। পরে কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় একটি বিলাসবহুল বাংলো এবং মনোরম ঝর্ণাসহ একটি উপযুক্ত এলাকা পেয়ে যায় এবং সময় ব্যয় না করে তা দ্রুত পিটের নামে বুকিং দিয়ে দেন।

তবে, এখনো জোলি ওই উপহার পিটকে দেননি। কারণ বাংলোর কিছু মেরামতের কাজ এখনো বাকি আছে। তিনি বাংলোটিকে পুরেপুরি পিটের স্বপ্নের মতো করে তৈরি করছেন। পিটের ইচ্ছা তার ঝর্ণা পাড়ের বাংলোটি হবে স্থপতি লয়েড রাইটসের পেনসিলভেনিয়ার বাংলো ‘ফলিং ওয়াটার’র মতো। তাই পিটের সেই পছন্দকে মাথায় রেখে বাংলো মেরামতের কাজ নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন ছয় সন্তানের জননী জোলি।