রাজধানীতেঃ মহিলার ক্ষত-বিক্ষত লাশঃ গণধর্ষণের পর হত্যা সন্দেহ

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অজ্ঞাত (৩৫) এক মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৯টায় দারুস সালাম থানা এলাকার শিক্ষাবোর্ড স্কুলের পাশে একটি খালি জায়গা থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা গণধর্ষণ শেষে ওই মহিলাকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে নিহতের পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে দারুস সালাম থানা এলাকায় শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটের পাশে একটি ফাঁকা জায়গায় অজ্ঞাত এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে এসআই ফজলুল হক এসে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, বেস্নড ও ফেন্সিডিলের বোতলও পায় পুলিশ। নিহতের হাত ওড়না দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্নও ছিল। নিহতের পরনে লাল-সবুজ রঙের কামিজ ও পরনে পাজামা ছিল। তবে লাশ উদ্ধারের সময় পাজামাটি অর্ধেক খোলা অবস্থায় দেখে পুলিশ। ধারণা করা হচ্ছে গণধর্ষণ শেষে ওই মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
দারুস সালাম থানার এসআই ফজলুল হক জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই মহিলাকে হত্যার আগে গণধর্ষণ করেছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ এবং ফরেনসিক পরীক্ষা করানো হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ খোঁজখবর নিতে শুরু করেছে।