জামায়াত আমীরের সঙ্গে বিক্রম মিশ্রির সাক্ষাৎ: বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণকেন্দ্রিক সম্পর্ক পুনর্ব্যক্ত

বাংলাদেশে নতুন সংসদে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। বৈঠকে ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণকেন্দ্রিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। জবাবে জামায়াতের আমীর বলেন, দুই দেশ ‘গভীর সভ্যতাগত বন্ধনে’ আবদ্ধ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন।

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক্সে এক পোস্টে জানায়, ‘ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।’ পোস্টে আরও বলা হয়, ‘পররাষ্ট্র সচিব তার নতুন দায়িত্বের জন্য ডা. রহমানকে শুভেচ্ছা জানান এবং জনগণকেন্দ্রিক সম্পর্কের ওপর জোর দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান দুই দেশের গভীর সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন।’
এদিকে, একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে ভারত সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ওম বিরলা এবং ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

ওম বিরলার সফরকে স্বাগত জানান ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি এক্সে লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশের জনগণের কল্যাণে জনগণকেন্দ্রিক সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিনে তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের উষ্ণ আমন্ত্রণ জানান। তার চিঠিতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমাকেও সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ জানানো হয়। চিঠিতে মোদি বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণকেন্দ্রিক সম্পর্ক পুনর্ব্যক্ত

No comments

Powered by Blogger.