মারডককে তলব করেছে ব্রিটিশ সংসদীয় কমিটি

মিডিয়া-ব্যারন রুপার্ট মারডক ও তাঁর ছেলেসহ তিনজনকে ফোনে আড়িপাতা কেলেঙ্কারি বিষয়ে জবাবদিহির জন্য ব্রিটিশ পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিটি তলব করেছে। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ এ প্রসঙ্গে বলেছেন, প্রশ্নের জবাব দিতে সদ্য বিলুপ্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মালিক রুপার্ট মারডকের সংসদীয় কমিটির সামনে হাজির হওয়া উচিত।
ক্ষমতাসীন জোটের প্রধান শরিক রক্ষণশীল দলের এমপি ও সংস্কৃতি, প্রচারমাধ্যম ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির অন্যতম সদস্য লুইস মেনস্ক বলেছেন, রুপার্ট মারডক, তাঁর ছেলে জেমস মারডক ও নিউজ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী রেবেকা ব্রুকসকে তাঁরা কমিটির সামনে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মারডক ও তাঁর ছেলে উভয়েই মার্কিন নাগরিক বলে কমিটির সামনে আসতে আইনত তাঁদের বাধ্য করা যাবে না। তবে রেবেকা ব্রুকস আসতে বাধ্য। কমিটি আগামী মঙ্গলবার তাঁদের হাজির হতে বলেছে।