গিনেথ প্যালট্রোর রূপের রহস্য

গিনেথ প্যালট্রো
চল্লিশ পেরিয়েও হলিউডের তারকা অভিনেত্রী গিনেথ প্যালট্রোর সৌন্দর্য যেন একটুও কমেনি! বরং সৌন্দর্যে তিনি আজও জ্বলজ্বলে এক তারকা। ‘পিপল’ ম্যাগাজিনের ‘সবচেয়ে সুন্দরী নারী’র তালিকায় বেশ কয়েকবারই নাম উঠেছে হলিউডের এই অভিনেত্রীর। ‘পিপল’ ম্যাগাজিন প্রতিবছরই বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী নির্বাচন করে থাকে। সে তালিকায় ২০১৩ সালে পৃথিবীর সেরা সুন্দরীর খেতাব পেয়েছিলেন গিনেথ প্যালট্রো। সম্প্রতি ৪৩ বছর বয়সী এই তারকা তাঁর রূপের রহস্য প্রকাশ করেছেন। গিনেথ জানিয়েছেন, একসময় মৌমাছির হুল ফুটিয়েও রূপচর্চা করেছিলেন তিনি! বিশেষ পদ্ধতিতে মৌমাছির হুল ফুটিয়ে এই রূপচর্চার বিষয়টি হাজার বছরের পুরোনো। এটি এপিথেরাপি নামে পরিচিত। ত্বক সুন্দর রাখতে নিয়মিত এই থেরাপি নেন গিনেথ। এ প্রসঙ্গে বলতে গিয়ে একপর্যায়ে এই ‘আয়রন ম্যান’ তারকা নিজেকে গিনিপিগের সঙ্গে তুলনা করেন। কারণ, সবকিছুই যাচাই করে নেওয়ার অভ্যাস তাঁর। তাই বলে মৌমাছির দংশনও? অস্কারজয়ী এই অভিনেত্রীর নিজের একটি রূপচর্চাকেন্দ্র আছে। গিনেথ জানিয়েছেন, তাঁর ১১ বছর বয়সী মেয়ে অ্যাপেল মার্টিনও নাকি মায়ের মতোই রূপসচেতন।