ইলন মাস্ক ও জেফ বেজোস কেন চাঁদে যাওয়ার লড়াইয়ে নেমেছেন

চাঁদে আবারও মানুষ পাঠানোর জন্য কাজ করছেন বিশ্বের দুই শীর্ষ ধনী ইলন মাস্ক ও জেফ বেজোস। নাসার আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে ইলন মাস্ক ও জেফ বেজোসের মালিকানাধীন স্পেসএক্স ও ব্লু অরিজিন—উভয় প্রতিষ্ঠানই এখন চাঁদে অভিযান পরিচালনার জন্য জোরেশোরে কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে বেজোস যেখানে স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার ওপর জোর দিচ্ছেন, মাস্ক সেখানে গুরুত্ব দিচ্ছেন বিশাল আকার ও পৌনঃপুনিক পরীক্ষার ওপর।

মহাকাশ জয়ের নেশায় মত্ত এই দুই ধনকুবেরের কাজের ধরনে আকাশ-পাতাল পার্থক্য থাকলেও চাঁদে যাওয়ার লড়াইয়ে জিততে আগ্রহী তাঁরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) ইলন মাস্ক ঘোষণা করেছেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স এখন মঙ্গল গ্রহের চেয়ে চাঁদে বসতি স্থাপনে বেশি গুরুত্ব দেবে। মাস্কের এ ঘোষণার পরপরই জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কচ্ছপের সাদা-কালো ছবি পোস্ট করেন। সঙ্গে নিজের মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনকে ট্যাগও করেন তিনি। এ ছবির সঙ্গে কোনো ক্যাপশন না থাকলেও ইলন মাস্কের ঘোষণাকে অবহেলার প্রতীকী অর্থ বুঝতে কারও বাকি থাকেনি।

ইলন মাস্কের মতে, মঙ্গল গ্রহে যাওয়ার সুযোগ আসে প্রতি দুই বছরে একবার এবং সেখানে পৌঁছাতে সময় লাগে কয়েক মাস। অন্যদিকে চাঁদে মাত্র কয়েক দিনেই পৌঁছানো সম্ভব এবং যখন খুশি উৎক্ষেপণ করা যায়। তাই চাঁদকে মূলত একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে চান মাস্ক, যেখানে বড় আকারের মহাকাশ শহর গড়ার কৌশল ঝালিয়ে নেওয়া যাবে। স্পেসএক্স বারবার পরীক্ষা চালিয়ে ব্যর্থতা থেকে দ্রুত শিক্ষা নিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করে বলে এমন কৌশল অনুসরণ করছে।
জেফ বেজোসের ব্লু অরিজিনের মূল মন্ত্র গ্রাদাতিম ফেরোচিতার, ধাপে ধাপে, কিন্তু প্রচণ্ড গতিতে। তাই বেজোসের এই পোস্ট ছিল মাস্কের আক্রমণাত্মক গতির বিপরীতে এক সূক্ষ্ম চ্যালেঞ্জ। তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন, তাড়াহুড়া না করে ব্লু অরিজিন কচ্ছপের মতো ধীরস্থিরভাবে এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত লক্ষ্য অর্জন করবে।

মাস্ক প্রথমে রসিকতা করে বেজোসের গতি নিয়ে খোঁচা দিলেও পরে সুর নরম করেন। তিনি বলেন, ব্লু অরিজিন যদি স্পেসএক্সের আগে চাঁদে অবতরণ করে, তবে তিনি তাদের অভিনন্দন জানাবেন। মাস্কের মতে, লড়াইটা কে আগে নামল তা নিয়ে নয়; বরং কে নিয়মিতভাবে বিপুল পরিমাণ সরঞ্জাম ও মানুষ চাঁদে পৌঁছে দিতে পারবে, তা নিয়ে। এই প্রেক্ষাপটে মাস্ক দাবি করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে স্পেসএক্স কখনো কখনো কচ্ছপের মতোই ধৈর্যশীল হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইলন মাস্ক ও জেফ বেজোস (ডানে)
ইলন মাস্ক ও জেফ বেজোস (ডানে) ফাইল ছবি: রয়টার্স/এএফপি

No comments

Powered by Blogger.