বাজারে শেয়ার ছাড়ছে শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং করপোরেশন তাদের ৬২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ২৫৯তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১০০ টাকা এবং প্রিমিয়াম ৯০০ টাকা হিসাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে এক হাজার টাকা। এর পাশাপাশি সভায় জানানো হয় শিপিং করপোরেশন ২০০৯-১০ অর্থবছরে ১৩ কোটি ৩৪ লাখ টাকা লাভ করেছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাণিজ্য) আবদুল কুদ্দুস, শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাকসুমুল কাদের, মহাপরিচালক (অর্থ) চৌধুরী সালেহ আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।