আরাফাত সিকিউরিটিজের জরিমানা মওকুফ হচ্ছে না

আরাফাত সিকিউরিটিজ লিমিটেডের জরিমানা মওকুফের আবেদন প্রত্যাখ্যান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ সদস্য ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে কারসাজির অভিযোগ করা ৫১ লাখ টাকা জরিমানা পরিশোধ করতে হবে।
কারসাজির মাধ্যমে তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বাড়ানো ও বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে এসইসি সম্প্রতি আরাফাত সিকিউরিটিজ লিমিটেডকে ৪০ লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ এবং অনুমোদিত প্রতিনিধি মজিবুর রহমানকে জরিমানা করা হয় আরও ১০ লাখ ও এক লাখ টাকা। সবমিলিয়ে প্রতিষ্ঠানটিকে ও জড়িত ব্যক্তিদের ৫১ লাখ টাকা জরিমানা করে এসইসি।
কিন্তু ব্রোকারেজ হাউসটি এ জরিমানার টাকা মওকুফের জন্য এসইসিতে আবেদন করে। শুধু তাই নয়, এসইসি যাতে জরিমানার আদেশ প্রত্যাহার করে নেয়, সে জন্য নানাভাবে এসইসির শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাছে তদবির চালায়। এ কারণে শীর্ষ পর্যায়ের কেউ কেউ ব্রোকারেজ হাউসটিকে জরিমানা করার ব্যাপারে কিছুটা নমনীয় ছিলেন বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত অন্য কর্মকর্তাদের দৃঢ় অবস্থানের কারণে আগের সিদ্ধান্তেই বহাল থাকতে হয়েছে এসইসিকে।