দক্ষিণ সুদানে গুলিতে জাতিসংঘের কপ্টার বিধ্বস্ত, নিহত ৪

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি হেলিকপ্টার দক্ষিণ সুদানের বিদ্রোহকবলিত রাজ্য জঙ্গলিতে দেশটির সেনাবাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের চার রুশ শান্তিরক্ষী নিহত হন।
গত শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘ ও দক্ষিণ সুদান সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘের এক সূত্র জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে দক্ষিণ সুদান সেনাবাহিনীর লড়াই চলছে, এমন একটি এলাকায় তথ্য সংগ্রহে নিয়োজিত ছিল হেলিকপ্টারটি।
জাতিসংঘের 'স্পষ্ট নিশানা' যুক্ত হেলিকপ্টারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে ঘটনার আশু তদন্ত দাবি করে দায়ীদের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য দক্ষিণ সুদান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দক্ষিণ সুদানে এ ধরনের ঘটনার যেন পুনারাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
জাতিসংঘ হেলিকপ্টারে 'ভুলবশত' গুলি চালানোর কথা স্বীকার করেছে দক্ষিণ সুদান সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়েরো বলেছেন, 'ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা সাদা একটি হেলিকপ্টার বিদ্রোহী এলাকায় অবতরণ করতে দেখি। ইউএনএমইএসএস কাছে জানতে চাই, এই এলাকায় তাদের কোনো হেলিকপ্টার নেমেছে কি না, কিন্তু তারা অস্বীকার করে।'
২০১১ সালে সুদান ভেঙে দক্ষিণ সুদান তৈরি হওয়ার পর সেখানে 'ইউএনএমইএসএস' নামে পরিচিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাহিনী মোতায়েন করা হয়। সূত্র : এএফপি, রয়টার্স।