মনিপুর স্কুলে অটিস্টিক শিশু নির্যাতন-মামলা নিল পুলিশ, দুই নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

হাইকোর্টের নির্দেশে অটিস্টিক শিশু মাইনউদ্দিন শরীফকে নির্যাতনের ঘটনায় অবশেষে কাফরুল থানার পুলিশ মামলা করেছে। এর পরই পুলিশ মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নিরাপত্তাকর্মী হেলালউদ্দিন ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে।


কাফরুল থানা সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার মধ্যরাতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মিজানুর রহমান বাদী হয়ে অটিস্টিক শিশু মাইনউদ্দিনকে নির্যাতনকারী বেলাল ও হেলালকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়ায় এবং পল্লবীর বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখার নৈশ নিরাপত্তাকর্মী।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, ৬ জানুয়ারি গভীর রাতে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখায় আটকে অটিস্টিক শিশু মাইনউদ্দিনকে পিটিয়েছিলেন বেলাল ও হেলাল। তদন্তে এর সত্যতা মিলেছে। নৈশপ্রহরীদের দাবি ছিল শিশুটি চোর। কিন্তু তদন্তে এর প্রমাণ মেলেনি। তাঁরা জানান, এ ঘটনায় মাইনউদ্দিনের বাবা জসিমউদ্দিন ৭ জানুয়ারি মামলা করতে গেলেও কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান মামলা না নিয়ে অভিযোগটি একটি জিডি হিসেবে গ্রহণ করেন।
৯ জানুয়ারি ‘অটিস্টিক শিশুটির ওপর এই নির্মমতা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এরপর আদালত মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, কাফরুল থানার পরিদর্শক (তদন্ত), দুই নিরাপত্তাকর্মীকে হাইকোর্টে তলব করেন।
বৃহস্পতিবার তাঁরা আদালতে হাজির হলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ধারা উল্লেখ করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট।