Sunday, September 4, 2011

জাতিসংঘের সুপারিশ বাস্তবায়ন করতে হবে by শাহেদা ফেরদৌস

আজ ৩ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সিডও দিবস। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদ হচ্ছে, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি বা সনদ। নারীর প্রতি সব ধরনের অন্যায়-অবিচার দূর করার জন্য ১৯৭৯ সালে জাতিসংঘ এই সনদ প্রণয়ন করে। বাংলাদেশও এই সনদে স্বাক্ষর করেছে, তবে শুরুতে এর সব কটি ধারার পূর্ণ অনুমোদন করেনি। সনদ স্বাক্ষরের সময় মোট চারটি ধারার ওপর সংরক্ষণ আরোপ করা হলেও দেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলনের ফলে পরবর্তী সময়ে দুটির ওপর থেকে সরকার আপত্তি তুলে নেয়। মূলত ধর্মীয় অনুভূতির কারণে বাংলাদেশ সরকার সিডওর ধারা ২ এবং ১৬.১.গ-এর ব্যাপারে এখনো আপত্তি অব্যাহত রেখেছে। বলা বাহুল্য, সিডওর এই ধারা দুটি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা, এতে প্রচলিত আইনের বিভিন্ন বৈষম্যমূলক ধারা সংশোধন এবং বৈবাহিক জীবনে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
পূর্ণ অনুমোদন না করলেও বাংলাদেশ সরকার জাতিসংঘ সিডও কমিটির কাছে নিয়মিত প্রতিবেদন জমা দিয়ে আসছে। উল্লেখ্য, এ সনদ বাস্তবায়নের অগ্রগতি পরিমাপ করার জন্য প্রতি চার বছর পর পর স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে সিডও কমিটির কাছে প্রতিবেদন পেশ করতে হয়। পাশাপাশি বিবেচনা করা হয় নিজ নিজ দেশের এনজিও প্রতিনিধিদের পাঠানো বিকল্প বা ছায়া প্রতিবেদন। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় চলতি বছর, অর্থাৎ ২০১১ সালের জানুয়ারি মাসে জেনেভায় সিডও কমিটির ৪৮তম নিয়মিত অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি অংশ নিয়ে সিডও বিকল্প প্রতিবেদন পেশ করে বাংলাদেশের ৩৮টি নারী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় প্ল্যাটফর্ম সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডওর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। অধিবেশন শেষে সিডও কমিটি এ দুটি প্রতিবেদন মূল্যায়ন করে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি করণীয় সম্পর্কে কতগুলো সমাপনী অভিমত দেয়, যেসব বিষয়ে অগ্রগতি বা অবস্থা সম্পর্কে সরকারকে পরবর্তী সাময়িক প্রতিবেদনে হালনাগাদ তথ্য প্রদান করতে হবে।
সমাপনী অভিমতে সিডও কমিটি সরকারের প্রতি যেসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: সিডও সনদের ওপর অব্যাহত সংরক্ষণ, ব্যক্তিগত ও পারিবারিক বৈষম্যমূলক আইন, প্রথাগত ক্ষতিকর চর্চা বা আচার-আচরণ, নারী নির্যাতন, পাচার ও যৌন শোষণ, রাজনৈতিক ও গণজীবনে অংশগ্রহণ, নাগরিকত্ব ও জাতীয়তা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, গ্রামীণ নারীর অধিকারহীনতা, বিয়ে ও পারিবারিক সম্পর্ক ইত্যাদি।
আমরা মনে করি, সিডওর ধারা ২ ও ১৬.১.গ-এর ওপর থেকে সংরক্ষণ বাতিল না করার ফলে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আন্তর্জাতিক আইন ও সংবিধানে স্বীকৃত অধিকারের বিপক্ষে অবস্থান করছে। তা ছাড়া ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের বিভিন্ন ধারা ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। আরও উল্লেখ করা যেতে পারে, বিশ্বের আটটি মুসলিমপ্রধান দেশ—ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, লেবানন, মালদ্বীপ, ওমান, তিউনিসিয়া, তুরস্ক ও ইয়েমেন সিডও সনদ অনুমোদন করেছে ধারা-২-এর ওপর কোনো ধরনের সংরক্ষণ ছাড়াই। তাই সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও সরকারের প্রতি সুস্পষ্ট দাবি জানাচ্ছে, আইনের চোখে নারী-পুরুষের সমান অধিকার, সন্তানের অভিভাবকত্ব এবং পৈতৃক সম্পদে মেয়েদের সম-অধিকার ও অন্যান্য ধর্মের ও ক্ষুদ্র জাতিসত্তার নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে অনতিবিলম্বে সিডওর পূর্ণাঙ্গ অনুমোদন ও জাতীয় আইনে এর নীতিমালা অন্তর্ভুক্ত করতে হবে।
একটি কথা না বললেই নয়, বর্তমান সরকার এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা নারীর অগ্রগতি তথা জাতীয় উন্নয়নের ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেই আমাদের বিশ্বাস। যেমন: জাতীয় নারী উন্নয়ননীতি-২০১১ ঘোষণা; সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০টিতে উন্নীত করা; পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, নাগরিকত্ব সংশোধনী আইন, তথ্য অধিকার আইন এবং জাতীয় মানবাধিকার আইন প্রণয়ন; সদ্যপ্রণীত শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, শিশুনীতি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদিকে জেন্ডার সংবেদনশীল করার উদ্যোগ; জেন্ডার সংবেদনশীল বাজেটের আওতা সম্প্রসারণ করা ইত্যাদি। সরকারের এসব ইতিবাচক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় যদি আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে তা শুধু বাংলাদেশের নারীসমাজের দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার ইতি টানতেই সাহায্য করবে না, বরং বিশ্বের বুকে জেন্ডার সংবেদনশীল জাতি হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। সিডও দিবসে সেটাই সবার দাবি।
শাহেদা ফেরদৌসী: উন্নয়ন ও মানবাধিকারকর্মী।

তিন উলফা নেতা দিল্লিতে

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে উলফার তিন নেতা গতকাল শুক্রবার দিল্লি গেছেন। এই তিন নেতা হলেন—উলফার ‘পররাষ্ট্রসচিব’ শশধর চৌধুরী, ‘ডেপুটি কমান্ডার ইন চিফ’ রাজু বড়ুয়া ও ‘অর্থ সচিব’ চিত্রবন হাজারিকা।
আসামের সেন্টিনাল পত্রিকাকে টেলিফোনে রাজু বড়ুয়া বলেন, এবারের আলোচনায় মৌলিক নীতি ও অস্ত্রবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করেছে। এখন সরকারেরও একই ধরনের মনোভাব নিয়ে এগিয়ে আসার অনুরোধ করি।’
রাজু বড়ুয়া জানান, তাঁদের সদস্যরা নির্ধারিত শিবিরে থাকবেন। ‘নবনির্মাণ কেন্দ্র’ নামে তিনটি কেন্দ্রে তাঁরা থাকবেন। রাজ্যে এ ধরনের নয়টি কেন্দ্র নির্মাণের জন্য তাঁরা দাবি জানিয়েছেন বলে রাজু বড়ুয়া জানান।

আফগান তালেবান জঙ্গিদের ৩০ পাকিস্তানি বালক অপহরণ

আফগানিস্তানে তালেবান জঙ্গিরা ৩০ জন পাকিস্তানি বালককে অপহরণ করেছে। গত বৃহস্পতিবার ওই বালকেরা অসাবধানতাবশত পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে ঢুকে পড়ার পর তাদের অপহরণ করা হয়। গতকাল কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, ঈদের দ্বিতীয় দিনে ওই বালকেরা পাকিস্তানের উপজাতি অধ্যুষিত বাজাউর অঞ্চলের ঘারখি এলাকায় ঘুরতে যায়। এরপর ওই অপহরণের ঘটনা ঘটে। অপহূত বালকদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ঈদের দ্বিতীয় দিন বেড়ানোর সময় ওই বালকেরা আফগানিস্তানে ঢুকে পড়লে তালেবান জঙ্গিরা তাদের অপহরণ করে।’

মঙ্গলে পানি নিয়ে আরও নতুন তথ্য

মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব অনুসন্ধানের কাজে আবার আশার সঞ্চার হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ‘অপরচুনিটি’ গ্রহটিতে পানির বিষয়ে অনেক নতুন তথ্য পাঠিয়েছে। গত বৃহস্পতিবার বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।
অপরচুনিটি বিষুবরেখার কাছেই ‘মেরিডিয়ানি প্লানাম’ অঞ্চলে পৌঁছে গেছে। মঙ্গলে একসময়ের লবণ ও উচ্চ অম্লযুক্ত পানির বিষয়ে শিগগিরই প্রমাণ পাওয়া সম্ভব হবে। পরবর্তী দুই বছর ক্ষুদ্রযানটি কঠিন পাথর এবং ভিক্টোরিয়া নামের একটি ছোট আগ্নেয়গিরির জ্বালামুখ নিয়ে গবেষণা করে বিভিন্ন তথ্য উন্মোচন করবে।
মঙ্গল গ্রহে নাসার অনুসন্ধানের কাজ পর্যবেক্ষণ করছেন ডেভ লেভেরি। তিনি বলেন, ‘আমরা শিগগিরই মাটির মিনারেল এবং স্বল্প-অম্লযুক্ত ও আর্দ্র অবস্থায় থাকা বিভিন্ন ধরনের পাথর নিয়ে গবেষণা করতে সক্ষম হব। এর ফলে মানুষের জন্য বসবাসের উপযোগী পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।’
এনডেভর ক্রেটার (আগ্নেয়গিরি জ্বালামুখ) থেকে অপরচুনিটির পাঠানো প্রথম পাথরে খুব উচ্চমাত্রার দস্তা রয়েছে। পৃথিবীতে সাধারণত উত্তপ্ত পানিতে এ ধরনের পাথর দেখা যায়।
মঙ্গলে অনুসন্ধান দলের প্রধান ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বৈজ্ঞানিক স্টিভ কিউরেস বলেন, ‘আমাদের দেখা কোনো কিছুর সঙ্গেই এ পাথরের মিল নেই। এর থেকে কোনো কিছু বের করা খুবই কষ্টকর।’ তিনি বলেন, ‘আমরা মনে করছি, এই পাথরে মধ্য দিয়ে বাষ্পীয় বা তরল জাতীয় কিছুর প্রবাহ ছিল, কিন্তু সেটা আসলেই কী, তা আমরা জানি না। আমরা বিস্ময়কর কিছু পেয়েছি, কিন্তু এগুলো নিয়ে এখনই নিশ্চিত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না।

অর্থের উৎস অনুসন্ধানের নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের সুপ্রিম কোর্ট দেশটির পার্লামেন্টের সদস্যদের ঘুষ প্রদানের মামলায় ওই ঘুষের অর্থের উৎস অনুসন্ধানে দিল্লির পুলিশকে নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার বিচারপতি আফতাব আলম ও বিচারপতি আর এম লোধার সমন্বয়ে গড়া একটি বেঞ্চ পুলিশকে ওই নির্দেশ দেন। চার সপ্তাহের মধ্যে এ অনুসন্ধানকাজ সম্পন্ন করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে পুলিশ।
পার্লামেন্টের আস্থা ভোটকে সামনে রেখে ২০০৮ সালে কয়েকজন সাংসদকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দিল্লির একটি বিচারিক আদালতে গত ২৪ আগস্ট একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে সমাজবাদী পার্টির সাবেক সাধারণ সম্পাদক অমর সিং ও বিজেপি নেতা এল কে আদভানির সাবেক সহযোগী সুধীন্দ্র কুলকার্নিসহ ছয়জন সাংসদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট আদায়ের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়।

গাদ্দাফির জন্য মরুভূমিতে বিদ্রোহীদের অপেক্ষা

‘গাদ্দাফি কোথায়? আমরা অবশ্যই তাঁকে ধরব।’ কথাটি বলছিলেন লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) কর্মকর্তা বাশার আলী।
লিবিয়ার বনি ওয়ালিদ শহরমুখী একটি মরুভূমিতে গাড়ি চালাচ্ছিলেন বাশার। রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পূর্বে অবস্থিত এই বনি ওয়ালিদ আদিবাসীদের একটি গুরুত্বপূর্ণ স্থান। মনে করা হচ্ছে, ওই শহরে লুকিয়ে আছেন মুয়াম্মার গাদ্দাফি। এটিই গাদ্দাফির ক্ষমতার অন্যতম শেষ ঘাঁটি।
উপকূলীয় শহর সার্তে ও সাভার কিছুটা ভেতরে ত্রিমুখী একটি বিশাল মরুভূমি বনি ওয়ালিদ, যা গাদ্দাফির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এনটিসির যোদ্ধারা বর্তমানে বনি ওয়ালিদ শহরের প্রবেশপথে অপেক্ষা করছেন। যোদ্ধারা জানিয়েছেন, তাঁরা প্রায় প্রতিদিন গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে ছোটখাটো লড়াই করছেন। কিন্তু এখনো তাঁদের কমান্ডাররা সামনে এগিয়ে যাওয়ার আদেশ দেননি।
এনটিসির যোদ্ধারা তাই এখন বিভিন্ন পর্যবেক্ষণ টাওয়ার থেকে দুরবিন নিয়ে লোকজন ও যানবাহনের ওপর নজরদারি করছেন।
এনটিসির যোদ্ধা ইব্রাহিম ওবায়েদ বলেন, ‘বর্তমানে আমরা অপেক্ষা করছি। প্রত্যেকে লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রথমে সার্তেকে মুক্ত করা হবে, এরপর বনি ওয়ালিদকে।’
এনটিসির যোদ্ধারা জানান, প্রায় ১৬ হাজার মানুষ নিয়ে গঠিত ১৬৮টি ইউনিট তাঁদের আঞ্চলিক ঘাঁটি মিসতারার আশপাশে মোতায়েন করা হয়েছে। তাঁরা স্বীকার করেন, বনি ওয়ালিদ বা সার্তেতে যেকোনো লড়াই খুব কঠিন হবে।
এ ব্যাপারে এনটিসির একটি ইউনিটের কমান্ডার ইসমাইল সাভি বলেন, ‘এটি শুধু সংখ্যাগত বিষয় নয়। বনি ওয়ালিদ পাহাড় দিয়ে ঘেরা। গাদ্দাফির লোকজনের ট্যাংক আছে এবং তারা পাহাড়ের ওপরে রকেট লাঞ্চার মোতায়েন করেছে। সমানভাবে সার্তেতেও লড়াই কঠিন হবে।’
লিবিয়ায় আবার দূতাবাস খুলবে তুরস্ক: তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ত্রিপোলিতে তুর্কি দূতাবাস আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আলী কামাল আয়দিনকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তুরস্ক। নতুন রাষ্ট্রদূত ইতিমধ্যে আঙ্কারা ছেড়ে তিউনিসিয়া হয়ে ত্রিপোলির উদ্দেশে রওনা হয়েছেন।

লোকসভায় অভিশংসন প্রস্তাবের আগেই পদত্যাগ সৌমিত্র সেনের

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় অভিশংসন (ইমপিচমেন্ট) থেকে রক্ষা পেতে গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত বিচারপতি সৌমিত্র সেন।
এর আগে গত ১৮ আগস্ট ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় দুদিনের বিতর্ক শেষে ভোটাভুটিতে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়। লোকসভায় এ প্রস্তাব ওঠার আগেই সৌমিত্র সেন পদত্যাগ করেছেন। ওই দিনই তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকারের কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে বিচারপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তোলেন রাজ্যসভার সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভারতের বিচারব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য এই প্রস্তাব আনা হয়েছে। বিচারপতি সৌমিত্র সেন আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এই কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডির নেতৃত্বে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি মুকুল মুদগল ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ফলি এস নরিম্যান। এই তদন্ত কমিটি বিচারপতি সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পান। এরপরই এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেন।
১৯৯০ সালে মামলাভুক্ত একটি সম্পত্তি বিক্রির জন্য আদালত থেকে সৌমিত্র সেনকে রিসিভার নিয়োগ করা হয়। তখন তিনি আইনজীবী ছিলেন। এ সময় ওই সম্পত্তির বিক্রয়লব্ধ ২৪ লাখ রুপি বেআইনিভাবে জমা পড়ে সৌমিত্র সেনের ব্যাংক হিসাবে।
সৌমিত্র সেন ২০০৩ সালের ৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এ সময় তাঁর আর্থিক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে পড়লে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে ৫২ লাখ রুপি জমা দিতে বলা হয়। সৌমিত্র সেন তখন ৫২ লাখ রুপি জমা দেন। এই জমা দেওয়ার পর ফের অভিযোগ ওঠে কীভাবে তিনি বাকি ২৫ লাখ লাখ রুপি পেলেন? আর এ নিয়েই সৌমিত্র সেনের বিরুদ্ধে ভারতীয় সংসদে অভিযোগ ওঠে।

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তুরস্ক

তুরস্ক সে দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্ক স্থগিত করেছে।
গত বছর গাজাগামী ত্রাণবাহী জাহাজের বহর ‘ফ্রিডম ফ্লোটিলা’য় অত্যধিক শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল শুক্রবার তুরস্ক এ সিদ্ধান্ত নেয়। তবে ওই প্রতিবেদনটি ‘অকার্যকর’ উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল।
গত বছরের ৩১ মে তুরস্কের নেতৃত্বে ফিলিস্তিনের গাজামুখী ‘ফ্রিডম ফ্লোটিলা’য় হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় নয়জন নিহত হন। তাঁদের সবাই তুরস্কের নাগরিক। এর কয়েক দিন পর গাজা অভিমুখী আরেকটি ত্রাণবাহী জাহাজও আটকে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এর পর থেকে একসময়ের মিত্র ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল মন্তব্য করেন, ‘প্রকৃতপক্ষে জাতিসংঘের এই প্রতিবেদন আমাদের জন্য “অর্থহীন” একটি বিষয়।’ তিনি বলেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগ্লু রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আঙ্কারায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতসহ সেকেন্ড সেক্রেটারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের তুরস্ক ছেড়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে তুরস্কের সব ধরনের সামরিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। তিনি বলেন, তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের নিরাপত্তায় আঙ্কারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আঙ্কারা মনে করে, গাজা অবরোধের অধিকার ইসরায়েলের নেই। তাই তাঁরা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন। দাভুতোগ্লু বলেন, ‘এই লক্ষ্যে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাজ শুরু করেছি।’
এর আগে নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের আগে ওই প্রতিবেদন নিয়ে নিউইয়র্ক টাইমস-এ খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, ‘তুরস্ক ও ইসরায়েলের উচিত তাদের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্থাপন করা। মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থেই এটা করা উচিত।’ পররাষ্ট্রমন্ত্রী দাভুতোগ্লু একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
তুরস্ক চায় ফ্রিডম ফ্লোটিলায় হামলার ঘটনায় ইসরায়েল দুঃখ প্রকাশ করুক। কিন্তু ইসরায়েল দুঃখ প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। ওই ঘটনার পর এই প্রথমবারের মতো দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সেকেন্ড সেক্রেটারি পর্যায়ে নেমে গেল।

যুক্তরাষ্ট্রে আরেকটি ঝড় আসছে লুইজিয়ানায় জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের উপকূলের দিকে একটি ঝড় এগিয়ে আসছে। এতে জরুরি অবস্থা জারি করেছে লুইজিয়ানা অঙ্গরাজ্য। উপকূলবর্তী এক্সন মবিল, বিপি ও শেল কোম্পানির তেল খনি গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। তাদের কর্মীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) মিসিসিপি থেকে টেক্সাস রাজ্যের উপকূল পর্যন্ত গ্রীষ্মকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। ঝড়ের ফলে উপকূল প্লাবিত হতে পারে এবং টেক্সাসে প্রচুর বৃষ্টিপাত হতে পারে।
এনএইচসি জানিয়েছে, নতুন আবহাওয়া, আপাতত যাকে ট্রপিক্যাল ডিপ্রেশন ১৩ বলা হচ্ছে, শক্তিশালী হয়ে এটি ঝড়ে রূপান্তরিত হতে পারে এবং উপকূলে আঘাত হানতে পারে। সেখানকার বাসিন্দারা হয়তো ২০০৫ সালের ঘূর্ণিঝড় ক্যাটরিনার ক্ষয়ক্ষতির কথা এখনো ভুলে যায়নি। নতুন গ্রীষ্মকালীন নিম্নচাপ ঘণ্টায় প্রায় ৫৫ কিলোমিটার বাতাস নিয়ে এগিয়ে আসছে এবং এর কেন্দ্রস্থল হলো মিসিসিপি নদী থেকে প্রায় ২২৫ মাইল দক্ষিণে।
যুক্তরাষ্ট্র এখনো ঘূর্ণিঝড় আইরিনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গত সপ্তাহে ওই ঘূর্ণিঝড়ের আঘাতে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনো বিদ্যুৎ নেই।
লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল বৃহস্পতিবার রাজ্যে জরুরি অবস্থা জারি করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাৎক্ষণিক বন্যায় উপকূল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, ‘আমরা অভিজ্ঞতা থেকে জানি যে দুর্দশার জন্য প্রস্তুতি নেওয়াই উত্তম এবং ভালোর আশা করা উচিত।’
বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে তা গ্রীষ্মকালীন ঝড়ে পরিণত হয়েছে। আশা করা হয়েছিল, এটি আরও শক্তিশালী হয়ে আটলান্টিকের পশ্চিমে অগ্রসর হতে পারে।

দাঙ্গাকারীদের প্রয়োজন ‘কঠিন ভালোবাসা’

সাম্প্রতিক দাঙ্গার পরিপ্রেক্ষিতে দেশের ঝামেলাপীড়িত পরিবারগুলোর সমস্যা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, দাঙ্গায় জড়িতদের প্রয়োজন ‘কঠিন ভালোবাসা’।
ক্যামেরন ২০১৫ সালের মধ্যে এক লাখ ২০ হাজার সমস্যাপীড়িত পরিবারের সদস্যদের জীবন পাল্টে ফেলার শপথ করেন। তিনি বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
ক্যামেরন বলেন, চলমান ব্যয় সংকোচন সত্ত্বেও এসব কাজের জন্য অর্থ পাওয়া যাবে। দীর্ঘমেয়াদে এটি দেশের বিরাট আর্থিক সাশ্রয় করবে।
লন্ডনসহ যুক্তরাজ্যের বেশ কয়েকটি শহরে গত মাসের দাঙ্গা ও লুটপাটের কথা উল্লেখ করে ডেভিড ক্যামেরন বলেন, ‘যেসব শিশু-কিশোর এই ভয়াবহ ঘটনায় যুক্ত হয়েছিল, সম্ভবত তাদের কারও কারও অতীত পটভূমি ও পরিবারের ব্যর্থতা রয়েছে। সম্ভবত তাদের শুধু সম্মান ও সীমারেখার বোধই নয়, ভালোবাসারও অভাব রয়েছে। কিন্তু একই সঙ্গে যখন তারা সীমারেখা অতিক্রম করে এবং আইন ভঙ্গ করে, তখন অবশ্যই খুব কঠিন হওয়া প্রয়োজন। তাই আমার কাছে এক কথায় বিষয়টি হচ্ছে ‘কঠিন ভালোবাসা’। এটাই আমাদের প্রয়োজন।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুযোগ। এটা হচ্ছে সমাজকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুযোগ।

ম্যারাডোনার পর দুঙ্গাও মধ্যপ্রাচ্যে

২০১০ বিশ্বকাপ-ব্যর্থতার পর আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। কোচ হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের। আরবে পাড়ি জমালেন বিশ্বকাপে ব্যর্থ আরেক কোচ ব্রাজিলের কার্লোস দুঙ্গাও। গত সোমবার কাতারের ক্লাব আল রাইয়ানের কোচ হয়েছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।
আল রাইয়ানে দুঙ্গার নাম সুপারিশ করেন এই ক্লাবে সদ্য সাবেক হয়ে যাওয়া আরেক ব্রাজিলিয়ান পাওলো আতুরি। আতুরি কাতারের অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব নিয়েছেন। যাওয়ার সময় বলে গেছেন স্বদেশির কথা। ক্লাবের এক কর্মকর্তাই জানিয়েছেন এটি।

মেসিদের অনুশীলন দেখতে চান?

৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনার অনুশীলন সেশন। দর্শকদের জন্য উন্মুক্ত ওই সেশন দেখার জন্য টিকিটের দাম গ্যালারি এক হাজার টাকা, ভিআইপি দুই হাজার।
অনুশীলন সেশনের টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া আপন কমিউনিকেশনস জানিয়েছে, ঢাকা ও ঢাকার বাইরে ৪০টিরও বেশি স্থানে টিকিট পাওয়া যাবে। ঢাকায় টিকিট পাওয়া যাবে নন্দন, ফ্যান্টাসি কিংডম, ওয়ান্ডারল্যান্ড, শিশুমেলা, শিশুপার্ক, সোনারগাঁও-রূপসী বাংলা-ওয়েস্টিন হোটেল, গুলশান ১ নম্বরে নাভানা টাওয়ার, খিলক্ষেত রাজউক ট্রেড সেন্টার, উত্তরার মাসকট প্লাজা, সদরঘাট গ্রেটওয়াল মার্কেট, ইস্টার্ন প্লাজা, আগোরা-পিৎজা হাট-হেলভেশিয়া-কেএফসির সব আউটলেট, খিলগাঁও তালতলা মার্কেট, শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের এক্কা-দোক্কা দোকান, সেগুনবাগিচা শিল্পকলা একাডেমীর স্কাইমুর রেস্টুরেন্টসহ আরও বেশ কিছু জায়গায়।
এ ছাড়া নারায়ণগঞ্জের আনন্দ জরি হাউস, হক প্লাজা, আল হাকিম সেন্টার এবং মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী জেলা সদরে মেসিদের অনুশীলন দেখার টিকিট মিলবে।

এল ক্লাসিকোই এখন হুমকি!

স্পেনের ফুটবলে সবচেয়ে বড় রোমাঞ্চের নাম ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা একে অপরের মুখোমুখি হবে, ধ্রুপদি ফুটবলের পসরা বসবে মাঠে—স্পেন তথা পুরো ফুটবল-বিশ্বই অধীর অপেক্ষা নিয়ে থাকে এর জন্য। রিয়াল-বার্সার এই ফুটবল রোমাঞ্চ কেমন যেন কাঁটা বিছিয়ে দিচ্ছে স্পেনের ফুটবলে। ‘এল ক্লাসিকো’ রূপ নিচ্ছে ‘হেল ক্লাসিকো’য়। স্পেন জাতীয় দলের জন্যই যা হুমকি হয়ে দেখা দিচ্ছে।
এল ক্লাসিকো নিয়ে স্পেনের ফুটবল সত্যিই শঙ্কিত। গত মৌসুমে হোসে মরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন রিয়াল আর বার্সেলোনার লড়াইটা কেমন অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে। দুই দলের ‘অসুস্থ সেই লড়াই’ ছড়িয়ে পড়তে শুরু করেছে স্পেন দলেও!
স্পেন দলের ভেতরের অবস্থা যে এই মুহূর্তে খুব একটা সুবিধাজনক নয়, তা স্পষ্ট গোলরক্ষক পেপে রেইনা আর মিডফিল্ডার শান্তি কাজোরলার কথায়। লিভারপুলের স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা কিছুদিন আগে বলেছিলেন—দলের (স্পেন দল) আবহ একটু যেন অস্বাভাবিক।’ আর মালাগা মিডফিল্ডারের কথা, ‘জাতীয় দলের অবস্থা ভেঙে পড়ার মুখে।’
গতকাল হয়ে যাওয়া চিলির সঙ্গে প্রীতি ম্যাচ আর আগামী মঙ্গলবার ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৪ জনের দলে ১৪ জন খেলোয়াড়ই এই দুই ক্লাবের। স্প্যানিশ পত্রপত্রিকার খবর, এল ক্লাসিকোর অসুস্থ লড়াইয়ের প্রভাব যাতে জাতীয় দলে না পড়ে, তা নিয়েই এখন বেশি কাজ করতে হচ্ছে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ককে। কিন্তু বস্ক বলেছেন, ‘জাতীয় দলে কোনো সমস্যা নেই। খেলোয়াড়রা লিগ আর জাতীয় দলের পার্থক্য বোঝে।’
লিগের আগে মৌসুম সূচক স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয় দুই দল। রোমাঞ্চের বদলে দুই লেগের সুপার কাপ বয়ে আনে ‘অশুভ’ বার্তা। ম্যাচের শেষের দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয় হাতাহাতি। রিয়াল কোচ মরিনহো চড়াও হন বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার ওপর। এ নিয়ে হইচই হয়েছে অনেক।
সুপার কাপের পর রিয়াল মাদ্রিদ ও স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস ফোন দিয়েছিলেন বার্সেলোনা প্লে-মেকার জাভি হার্নান্দেজকে। রিয়াল মাদ্রিদ ও স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোস বিষয়টিকে ইতিবাচকই দেখেছেন, ‘ইকারকে খুব ভালোভাবে চিনি আমরা। সে আমাদের অধিনায়ক এবং ঠিক কাজটিই করেছে।’ এরপর বলেছেন, ‘এই দলের সুবিধাটা আমাদের নেওয়া উচিত। এই প্রজন্মটাকে নষ্ট করা বড় লজ্জার হবে। মাঠে যা হয় তা মাঠেই থাক।’
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন স্পেন কোচ দেল বস্কও। কোচ হিসেবে রিয়ালকে দুটি চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন। রিয়াল-বার্সার সাম্প্রতিক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দেল বস্কের কপালে। ক্যাসিয়াসের জাভিকে ফোন করা নিয়ে বস্কের কথা, ‘আমি জানি না ক্যাসিয়াস আর জাভি কী নিয়ে কথা বলেছে। তবে ওদের মধ্যে কোনো দূরত্ব আমি দেখিনি। আপনাকে ফুটবল নিয়েই ভাবতে হবে।’
তবে মরিনহো নাকি সহজভাবে নিতে পারেননি এটা। ক্রীড়া দৈনিক মার্কার মতে, গ্যালাতাসারাইয়ের বিপক্ষে বার্নাব্যু ট্রফির ম্যাচে ক্যাসিয়াসকে যে বেঞ্চে কাটাতে হলো, এটা নাকি জাভিকে ফোন করারই শাস্তি। এই প্রসঙ্গটা উঠলে মরিনহো বলেছেন, ‘ফোনে ক্যাসিয়াস যে কারও সঙ্গেই কথা বলতে পারে।’
পরবর্তী এল ক্লাসিকো ডিসেম্বর মাসে। ফুটবল রোমান্টিকরা আরেকটা ধ্রুপদি লড়াই দেখার অপেক্ষা নিয়েই বসে থাকবে। তবে দেল বস্ক আর স্পেন ফুটবল কর্তারা কি তা পারবেন? তাঁদের জন্য এল ক্লাসিকো যে এখন টেনশনেরই অপর নাম!

শততম জয়ের সুবাস পাচ্ছেন পন্টিং

রিকি পন্টিংয়ের জন্য গল টেস্টটা একটু অন্য রকম। অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারানোর পর এটিই তাঁর প্রথম টেস্ট ম্যাচ। আরেকটি কারণেও পন্টিংয়ের মনে এই টেস্ট স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট জয়ের স্বাদ যে পেতে যাচ্ছেন এখানেই।
টেস্টের এখনো দুই দিন বাকি। এখনই এটা বলে দেওয়া ঠিক হচ্ছে? ক্রিকেটীয় অনিশ্চয়তা বলে একটা কথা আছে না! না, এখানে তা নেই। ক্রিকেটের মহান অনিশ্চয়তার পক্ষেও এই টেস্টে শ্রীলঙ্কাকে পরাজয় থেকে বাঁচানো প্রায় অসম্ভব। বৃষ্টি, শুধু বৃষ্টিই পারে অস্ট্রেলিয়াকে জয়বঞ্চিত করতে।
আজ চতুর্থ দিনের শুরুতে সমীকরণটা এ রকম—জিততে হলে শ্রীলঙ্কার চাই আরও ২৫৯ রান। কিন্তু হাতে আছে মাত্র ৫ উইকেট। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে অপরাজিত ষষ্ঠ উইকেট জুটিতে মাহেলা জয়াবর্ধনের ৫২ রানের জুটিটি হওয়ার আগে তৃতীয় দিনেই খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। আর একটি উইকেট ফেলতে পারলেই অস্ট্রেলিয়ান বোলাররা শ্রীলঙ্কার লেজের দেখা পেয়ে যেতেন।
গত বুধবার শুরু হওয়া এই টেস্ট ম্যাচ প্রথম দুই দিন অনেক নাটক উপহার দিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে এই টেস্টে অভিষেক হয়েছে কৈশোরের দুই বন্ধু ট্রেন্ট কোপল্যান্ড ও নাথান লায়নের। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার কোপল্যান্ড প্রথম ওভারেই উইকেট পেয়েছেন। অফ স্পিনার লায়ন প্রথম বলেই। স্পিন-স্বর্গ উইকেটে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে লায়নই শ্রীলঙ্কাকে ঠেলে দিয়েছেন পরাজয়ের মুখে।
২৭৩ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দিয়ে তৃপ্তির ঢেঁকুরই তুলেছিল শ্রীলঙ্কা। মাত্র ১০৫ রানে অলআউট হয়ে গিয়ে সেটির সমাপ্তি। মাত্র ১৮ রানে পড়েছে শ্রীলঙ্কার শেষ ৭ উইকেট। দুই ওভারে ৩ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের শুরু করেছিলেন ওয়াটসন। নিজের পরপর দুই ওভারে ৪ উইকেট নিয়ে যা শেষ করেছেন লায়ন।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একটিই ফিফটি ছিল (হাসির ৯৫)। দ্বিতীয় ইনিংসেও একটি। এবার অধিনায়ক মাইকেল ক্লার্ক করেছেন ৬০। শেষ ৩ উইকেটে ৮০ রান যোগ করেও অস্ট্রেলিয়া করতে পেরেছে ‘মাত্র’ ২১০। কিন্তু প্রথম ইনিংসে ১৬৮ রানের লিড থাকায় এই ২১০ আর ‘মাত্র’ থাকেনি। শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৭৯ রান। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে শ্রীলঙ্কা কোনো দিন জেতেনি।
এবারও যে জিতবে না, সেটি নিশ্চিত হয়ে যায় ৬৮ রানে ৫ উইকেট পড়ে যাওয়ায়। প্রথম বলেই পারানাভিতানাকে আউট করে দিয়েছেন রায়ান হ্যারিস।

বোল্টের ফিরে আসার দিন!

আজ উসাইন বোল্টের গ্লানিমোচনের দিন। ১০০ মিটারের বিপর্যয় কাটিয়ে স্বরূপে ফেরার দিন। দেগুর দর্শকদের হূদয়ে নিজের স্থান আরও পাকাপাকি করার দিন। এই ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন কাল ২০০ মিটারের বাছাইপর্বে। দু-দুটি হিট পেরিয়েছেন অনায়াসেই। ফিরে এসেছে তাঁর সেই দুষ্টুমিমাখা হাসিও।
কাল ২০০ মিটারের সেমিফাইনাল জেতার পর একটু দম্ভোক্তিই করলেন বোল্ট, ‘এটা আমার প্রিয় ইভেন্ট। আমার শুরুটা যদি ভালো হয় এবং দৌড়টা শেষ করতে পারি, এমন কেউ নেই যে আমাকে হারাতে পারে। আমার কাছ থেকে সবাই সেরাটাই আশা করে। সবকিছু ঠিকঠাক মতো করার দিকেই আমার সমস্ত মনোযোগ।’
স্বদেশি ইয়োহান ব্লেকের হাতে চলে গেছে ১০০ মিটারের বিশ্ব শিরোপা। বোল্ট তাই অনুভব করছেন কিছু একটা করা উচিত। ১০০ মিটার নিয়ে বলেছেন, ‘আমি জানি আমি এখনো সেরা। অবশ্যই আমি হতাশ, কারণ আমি নিজের সেরাটা করার সুযোগ নষ্ট করেছি।’
বোল্ট যখন দেগুর ৪৫ হাজার দর্শককে তাঁর গতি দিয়ে উন্মাতাল করেছেন, ঠিক তখনই আরেক তারকা একটু আগেভাগেই ‘বিদায়’ বলতে বাধ্য হয়েছেন। পা-হীন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে বাদ দিয়েই ৪–৪০০ মিটার রিলের ফাইনালে নামে দক্ষিণ আফ্রিকা। অথচ আগের দিনই হিটে নতুন জাতীয় রেকর্ড গড়া দলে ছিলেন পিস্টোরিয়াস।
তবে এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের পেছনে থেকে রুপা পেয়েছে দক্ষিণ আফ্রিকানরা। তবে একদম খালি হাতে ফেরেননি পিস্টোরিয়াস। হিটে অংশ নেওয়ায় রুপার পদক পেয়েছেন তিনিও।
মহিলাদের ২০০ মিটারে যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্সের মুকুট কেড়ে নিয়েছেন জ্যামাইকার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন। কারমেলিটা জেটারকে বঞ্চিত করেছেন ১০০ ও ২০০ মিটারের ডাবল জয় থেকেও। অবশেষে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পেরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছেন ক্যাম্পবেল-ব্রাউন, ‘আমাকে শক্তি জোগানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই।’
পুরুষদের লং জাম্পে চতুর্থ বিশ্ব শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ডোয়াইট ফিলিপস। এর আগে ২০০৩, ২০০৫ ও ২০০৯ সালেও জিতেছিলেন এই মার্কিন। মহিলাদের ১০ হাজারের পর ৫ হাজার মিটারের সোনা জিতে ‘ডাবল’ করেছেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়ট।

যোদ্ধার নাম মায়োয়ো

একটা সময় ছিল, যখন সব দলেই এমন কেউ না কেউ থাকতেন, যাঁরা রানের দিকে না তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারতেন উইকেটে। ধৈর্য আর সংযমের প্রতিমূর্তি এসব ব্যাটসম্যানকে বলা হয় ‘স্টোনওয়ালার’। ওয়ানডের পর টি-টোয়েন্টির আবির্ভাবে স্টোনওয়ালার ক্রিকেটের বিলুপ্তপ্রায় প্রজাতি। একেবারে বিলুপ্ত বলা যাচ্ছে না টিনো মায়োয়োর কারণে!
গত মাসেই জিম্বাবুয়ের ওপেনারের টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ধৈর্য আর মনঃসংযোগের এক অবিশ্বাস্য প্রদর্শনী মেলে ধরলেন টিনো মায়োয়ো। ইনিংসের আদ্যন্ত ব্যাটিং করে ১৬৩ রানে অপরাজিত। পৌনে ১১ ঘণ্টা ব্যাটিং করেছেন, খেলেছেন ৪৫৩ বল। গড়েছেন জিম্বাবুয়ের পক্ষে ইনিংসের আদ্যন্ত ব্যাটিং করার তৃতীয় উদাহরণ।
ইনিংসে একটি ফিফটি পর্যন্ত নেই। তার পরও জিম্বাবুয়ে ৪১২ রান করতে পেরেছে মায়োয়োর এই ম্যারাথন ইনিংসের কল্যাণেই। পাকিস্তান দিন শেষ করেছে ১ উইকেটে ১১৬ রানে। দ্বিতীয় ওভারেই কাইল জার্ভিস তৌফিক উমরকে ফিরিয়ে দেওয়ার পর মোহাম্মদ হাফিজ ও আজহার আলী নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন দিনের বাকি সময়।
বুলাওয়ের উইকেট একটু ধোঁকাই দিয়েছে মিসবাহ-উল হককে। কুইন্স ক্লাব মাঠের উইকেটে সবুজ ঘাস দেখে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন। কিন্তু ওই ঘাসের কোনো প্রভাবই খুঁজে পাওয়া যায়নি। বল একটু পুরোনো হতেই উইকেট বুলাওয়ের চিরন্তন ব্যাটিং-স্বর্গ। যদিও মায়োয়ো ছাড়া জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যান সেটির ফসল ঘরে তুলতে পারেননি। ভাগ্যও অবশ্য পক্ষে ছিল তাঁর। এত সময় ব্যাটিং করার পরও সাঈদ আজমলের দুসরা বুঝতে পারার কোনো প্রমাণ মেলেনি। ৯৮ রানে আজমলের বলে আউটও হয়ে যেতেন, বেঁচে যান আদনান আকমল স্টাম্পিং মিস করায়।
দ্বিতীয় দিন চা-বিরতির ঠিক আগে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। আইজাজ চিমা জ্বলে না উঠলে আরও কিছুক্ষণ রোদে পুড়তে হতো পাকিস্তানি ফিল্ডারদের। ৩৮ রানে পড়েছে শেষ ৪ উইকেট, ৪টিই নিয়েছেন ৩২ ছুঁই-ছুঁই বয়সে টেস্ট অভিষিক্ত পাকিস্তানি পেসার।

মেসিদের আসা পিছিয়ে দিল ‘যানজট’

আগের সূচি অনুযায়ী আজ সকালেই ঢাকা আসার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু আজ নয়, কলকাতা থেকে বাংলাদেশ বিমানে আর্জেন্টিনা ঢাকা নামছে আগামী পরশু সকাল সাড়ে ৯টায়। গত দুই দিনে এ নিয়ে নানা দেনদরবার করেও শেষ পর্যন্ত ৫ সেপ্টেম্বরের আগে মেসিদের ঢাকা আগমন নিশ্চিত করা যায়নি।
বাফুফে কর্মকর্তাদের মনটা এতে খারাপ হয়ে গেছে। কারণ, মেসিরা ৩ সেপ্টেম্বর মানে আজ ঢাকায় এলে টিকিট বিক্রিতে ইতিবাচক প্রভাব পড়ত বলে আশা করা হয়েছিল। ২৪ হাজার ধারণক্ষমতার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অর্ধেক টিকিটই অবিক্রীত। এ অবস্থায় মেসিরা ৩ সেপ্টেম্বর এলে বাকি ১২ হাজার টিকিট বিক্রিতে যে সাড়াটা পড়ত, সেটি দুই দিন পর পড়ছে। টিকিট বিক্রির সুযোগ এখন কার্যত এক দিন।
এই দিক বিবেচনায় ‘ক্ষতি’ই হলো বাফুফের। তবে এটা ভেবে সান্ত্বনা মিলছে, মেসিরা ৫ সেপ্টেম্বর সকালে এসে সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করবে (নাইজেরিয়াও আসবে ৫ সেপ্টেম্বর সকালে)। আগে এই অনুশীলন সেশনটা ছিল রুদ্ধদ্বার। যেহেতু দুই দিন পর আসছে আর্জেন্টিনা, তাই তারা ম্যাচের আগের দিনের অনুশীলন সেশনটা উন্মুক্ত করে দিতে রাজি হয়েছে। একই সঙ্গে ৫ সেপ্টেম্বর রাত ৯টায় ডিনার অনুমোদন করেছে আর্জেন্টিনা। পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ঐতিহাসিক ম্যাচ।
এখন কথা হচ্ছে, আজ পূর্বনির্ধারিত সূচিতে কেন আসছে না মেসিরা? এক কথায় এর উত্তর—ফতুল্লায় যানজট ঠেলে গিয়ে তারা ৪ সেপ্টেম্বর অনুশীলন করতে রাজি হয়নি। গত ২১ আগস্ট আর্জেন্টিনার সহকারী কোচ জুলিয়ান কামিনোকে যেভাবে দুই ঘণ্টা ঘুরিয়ে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটা অনুশীলন ভেন্যু হিসেবে দেখানো হয়, তা তাদের পছন্দ হয়নি। ঘেমেনেয়ে একাকার হয়ে কামিনো ফতুল্লা যাওয়ার সময় পুরো ভ্রমণপথটা ভিডিও করে নেন। সেই ভিডিও কোচ আলেজান্দ্রো সাবেলাকে দেখানোর পর তিনি ফতুল্লায় অনুশীলন নাকচ করে দেন।
৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার আসা অনিশ্চিত দেখে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ঈদের দিন দুপুরে কলকাতা ছুটে যান। ফিরেছেন গতকাল সকালে। কিন্তু ফলপ্রসূ হয়নি তাঁর এই সফর। সালাউদ্দিনের কাছে শোনা, আজ না হলেও অন্তত আগামীকাল আর্জেন্টিনাকে ঢাকায় আনার জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদন পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাবেলা কোনোমতেই রাজি নন। এমনি ৪ সেপ্টেম্বর বিশেষ চার্টার্ড বিমানে ঢাকায় আনার প্রস্তাবেও আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের সাড়া মেলেনি।
‘আমরা যতই বলেছি ঈদের ছুটিতে এখন রাস্তাঘাট ফাঁকা। ৪০ মিনিটে ফতুল্লা যাওয়া সম্ভব এবং বিশেষ নিরাপত্তা দিয়ে ওখানে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা রাজি হয়নি। কামিনোর রিপোর্টেও ভিত্তিতে সাবেলা ‘না’ করে দিয়েছেন’—বলেছেন সালাউদ্দিন।
বাফুফে সভাপতি দুঃখ করে বলছিলেন, ‘আমাদের অনুকূলে কিছু ঘটছে না। সবই দেখছি প্রতিকূল। আসলে ভাগ্যই খারাপ।’ বাফুফের আসলেই ভাগ্য খারাপ। ২১ আগস্ট ফতুল্লা যাওয়ার পথে যানজট ছিল অন্যদিনের তুলনায় অনেক বেশি। বাফুফে কর্মকর্তাদের আতিথেয়তাও আন্তরিক ছিল না। ওটাই শেষ পর্যন্ত ‘কাল’ হলো।
টাকাপয়সা নিয়েও ম্যাচ আয়োজক ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে ঝামেলা বেধেছিল। একটি সূত্রের খবর, বিষয়টা তীব্র মনোমালিন্যের দিকেই গড়িয়েছিল। সেলিব্রিটিকে ম্যাচ আয়োজন না করারও হুমকি দিয়ে বসেন সালাউদ্দিন। শেষমেশ ঈদের দিন অনেক কাঠখড় পুড়িয়ে সেলিব্রিটির মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে শেষ কিস্তির ৬ লাখ ডলারও পরিশোধ করে দেয় বাফুফে। কিন্তু এত কিছুর পরও মন গলেনি সাবেলার। যা বাফুফের জন্য খুবই হতাশার।
এ ক্ষেত্রে সেলিব্রিটির কোনো চাল আছে কি না, তা নিয়ে বাফুফেতে কাল দিনভরই কানাঘুষা চলেছে। চুক্তি অনুযায়ী ৩ সেপ্টেম্বর না আসায় বাফুফে চাইলে অনায়াসে চুক্তিভঙ্গের অভিযোগ আনতে পারে সেলিব্রিটির বিরুদ্ধে। কিন্তু ব্যাপারটা এমন যে সালাউদ্দিন বলছেন, ‘অভিযোগ করে কী লাভ! আর্জেন্টিনা আসবে না ৩ তারিখ, আমরা তো জোর করে আনতে পারি না।’
তড়িঘড়ি করে কাল বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন সূচিটা জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। তাতে আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক বলেছেন, ‘আর্জেন্টিনা দল বলেই আমরা চুক্তি নিয়ে হইচই করতে পারি না। তাতে লাভ কিছু হবে না। কাজেই নতুন সূচি অনুযায়ীই সব হবে।’
তা হোক, তবে মেসির আর্জেন্টিনাকে দুই দিন বেশি না পাওয়ার হতাশাটা কিছুতেই যাবে না বাংলাদেশের।

ভারতের শেষ আশা এখন ওয়ানডে

পরাজয়ের বৃত্তেই আটকে রইল ভারত। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে বাগে পেয়েও জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। গত বুধবার ওল্ড ট্রাফোর্ডে ৩ বল বাকি থাকতে হেরেছে ৬ উইকেটে। আজ শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে স্বাগতিকেরাই কুড়িয়ে নিল অনুপ্রেরণা। আজ চেস্টার-লি-স্ট্রিটে হবে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি।
টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা কিন্তু দারুণ করেছিল ভারতীয়রা। ১১ ওভারেই ১০০ রান ছুঁয়েছিল তারা ১ উইকেট হারিয়ে। তরুণ অজিঙ্কা রাহানের পাশে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। ২১ বলে ৩১ করে আউট হন দ্রাবিড়, সমিত প্যাটেলকে টানা তিনটি ছক্কা মেরে ম্যাচের সেরা বিনোদন জুগিয়েছেন দ্রাবিড়ই। রাহানে করেছেন ৩৯ বলে ৬১। এরপর ম্যাচসেরা জেড ডার্নব্যাকের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৪/২২) মাত্র ৮ রানেই শেষ ৫টি উইকেট হারায় ভারত।
জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার ছিল ইংল্যান্ডের। বিনয় কুমারের করা প্রথম তিন বলেই চার মেরে স্বাগতিকদের জয় এনে দেন সমিত প্যাটেল। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৯ (২৭ বল) করেন এউইন মরগান। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে স্টুয়ার্ট ব্রডের এটাই প্রথম জয়। এএফপি, ওয়েবসাইট।
এদিকে মাথায় আঘাত পাওয়া গৌতম গম্ভীরকে শেষ পর্যন্ত দেশেই ফেরত পাঠিয়েছে ভারত। ওয়ানডে খেলতে তাঁর পরিবর্তে ডেকে পাঠানো হয়েছে রবীন্দ্র জাদেজাকে। সিরিজে ধোনির ডেপুটি সুরেশ রায়না।

কোহলি ভুল প্রমাণ করতে চান হুসেইনকে

পরাজয় পিছু ছাড়ছে না ভারতের। ইংল্যান্ডে এসে মাঠের লড়াইয়ে একেবারেই নাকাল বিশ্ব চ্যাম্পিয়নরা। টেস্ট সিরিজে ৪-০-তে হেরে ইংল্যান্ডকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ছেড়ে দিতে হয়েছে তাদের। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে হেরে অসম্মানটি কেবল বেড়েছেই ভারতীয় ক্রিকেট দলের। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন তো টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বাজে ফিল্ডিং পারফরম্যান্স দেখে কোনো কোনো খেলোয়াড়কে ‘গর্দভ’ বলেও সম্বোধন করেছেন। নাসের হুসেইনের এ মন্তব্য অবশ্য জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। ভারতীয় ক্রিকেট বোর্ড হুসেইনের এ মন্তব্যকে ‘অপ্রত্যাশিত’ বলে বিবৃতিও দিয়ে ফেলেছে। তবে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে নিয়ে বলেছেন, ‘আমাদের এ মন্তব্যকে ভুল প্রমাণ করতে হবে।’
কোহলি বলেন, প্রত্যেকেরই মন্তব্য করার অধিকার রয়েছে। এতে ক্ষুব্ধ না হয়ে নিজেদের কাজটা ঠিকভাবে করে যেতে হবে। তিনি আরও বলেন, ‘কে কী বলল, এতে আমার কিছুই আসে যায় না।’
কোহলি একটি ব্যাপারে কিছুটা ক্ষুব্ধ। তিনি বুঝতে পারছেন না, মাত্র একটি সিরিজের ব্যর্থতা কীভাবে একটি দলের ক্রিকেট খেলার ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি বলেন, ‘আমরা তো আর একদিনে বিশ্ব চ্যাম্পিয়ন হইনি।’
কোহলি মনে করেন, ওয়ানডে সিরিজেই ভারত হুসেইনদের যাবতীয় মন্তব্যকে ভুল প্রমাণ করবে।
নিজেদের পারফরম্যান্স হতাশারই ছিল স্বীকার করে কোহলি বলেন, ‘কোনো সংশয় নেই যে আমরা বাজে খেলেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছি।’ এ জন্য ইনজুরি সমস্যা ও দুর্ভাগ্যকেই দুষতে চান কোহলি।