Tuesday, October 26, 2010

প্লাটিনাম কার্ড নিয়ে এল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

নতুন আঙ্গিকে বিশেষায়িত ব্যাংকিং ও প্লাটিনাম কার্ড নিয়ে এল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গতকাল রোববার রাজধানীতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্লাটিনাম কার্ডের উদ্বোধন করা হয়। আর বিশেষায়িত ব্যাংকিং সেবা নতুনভাবে উপস্থাপন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা সর্বনিম্ন ৩৫ লাখ টাকা ব্যাংকে উদ্বৃত্ত আছে অথবা সর্বনিম্ন ৭০ লাখ টাকার গৃহায়ণ/বন্ধকি ঋণের গ্রাহকদের জন্য এটি প্রযোজ্য। এ ছাড়া যাঁদের মাসিক বেতন দুই লাখ টাকার ওপরে তাঁরাই বিশেষায়িত ব্যাংকিংয়ের সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের হেড অব কনজ্যুমার ব্যাংকিং সন্দ্বীপ বোস। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকিং সম্পর্কে ধারণা দেন প্রিমিয়াম ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক এ এন এম মাহফুজ ও হেড অব কার্ডস গীতাঙ্ক দত্ত।
জিম ম্যাককেইব বলেন, ‘গ্রাহকদের জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষায়িত ব্যাংকিং সেবা নতুন আঙ্গিকে সাজিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গ্রাহকদের জীবনমানের পরিবর্তন আনতে নতুন সব পণ্য ও সেবা উপহার দিতে এই ব্যাংক সব সমই সচেষ্ট। আমরাই বাংলাদেশে প্রথম বিশেষায়িত ব্যাংকিং সেবা নিয়ে আসি।’
সন্দ্বীপ বোস বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের একটি বড় অংশ হলো বিশেষায়িত ব্যাংকিং। দ্রুত বর্ধমান এই বাজার-অর্থনীতিতে গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ এন এম মাহফুজ জানান, আজকের গতিময় বিশ্বে গ্রাহকেরা আরও সহজ, স্বচ্ছ সেবা আশা করেন। অধিকাংশ বিত্তবানই একটি নির্দিষ্ট ব্যাংকের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে আগ্রহী।
এ এন এম মাহফুজ আরও জানান, তাঁরা এমন একটি ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী, যে তাঁদের সম্মান ও মূল্য দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নিয়মিত সেবার পাশাপাশি নতুন প্লাটিনাম ক্রেডিট কার্ডের গ্রাহকেরা স্বাগত উপহার হিসেবে সঙ্গীসহ ঢাকা-কলকাতা-ঢাকা রুটে কিংফিশার এয়ারলাইনসের টিকিট পাবেন। এ ছাড়া ১০০টির বেশি দেশের ৬০০টির বেশি বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুবিধা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের তিনজনসহ বলাকা লাউঞ্জ ব্যবহার ও প্লাটিনাম প্যাসেঞ্জার হ্যান্ডলিং সার্ভিস, এয়ার টিকিট ও হোটেল রুম বুকিং, ভিসাবিষয়ক সহযোগিতা, নির্দিষ্ট আন্তর্জাতিক হাসপাতালে সেবা নেওয়ার সুযোগ, দেশে-বিদেশে নির্দিষ্ট রেস্তোরাঁ, হোটেল, গলফ কোর্স ও বিউটি সেলুনে প্লাটিনাম সুবিধা, ১০ লাখ টাকার বিমা সুবিধা পাবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতে, বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ৮৫ হাজার ব্যক্তি বিশেষায়িত ব্যাংকিং সেবার আওতাভুক্ত। ২০১২ সালের মধ্যে এমন ব্যক্তির সংখ্যা আরও ২৫ হাজার বেড়ে এক লাখ ১০ হাজারে উন্নীত হবে।

ইপিএস নিয়ে কারসাজি তদন্ত করবে এসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের আয়ের হিসাব নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে।
একজন বিনিয়োগকারীর করা এ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল রোববার কমিটি গঠনের খবর প্রচার করা হয়।
এসইসির পরিচালক রেজাউল করিমকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য সংস্থাটির উপপরিচালক আবুল কালাম। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই কমিটিকে এসইসির কাছে তদন্ত প্রতিবেদন জমার সময় বেঁধে দেওয়া হয়েছে।
এসইসি সূত্র জানায়, সম্প্রতি তাদের কাছে লিখিত অভিযোগ আসে, বিআইএফসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান আর্থিক কর্মকর্তা যোগসাজশ করে কারসাজির মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কম দেখিয়েছেন।
কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে যেখানে ইপিএস দেখিয়েছে ১৩ টাকা ৩৮ পয়সা, সেখানে প্রথম প্রান্তিকে দেখানো হয়েছিল তিন টাকা ৮৭ পয়সা। অভিযোগকারীর দাবি, কোম্পানিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা শেয়ারবাজারে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা কম দেখিয়ে ইপিএস কমিয়েছেন। আর এভাবে ইপিএস কম দেখানোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত মুনাফা থেকেও বঞ্চিত হয়েছেন।
জানা যায়, অভিযোগকারী ডিএসইতে প্রথম অভিযোগ দাখিল করেন। পরে ডিএসই বিষয়টি এসইসির কাছে হস্তান্তর করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে এসইসি।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ইপিএস দেখানো হয়েছে ৩৪ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের চেয়ে ১৯ টাকা বেশি। বর্তমানে কোম্পানিটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার এক হাজার ১০০ টাকার ওপরে লেনদেন হচ্ছে।
বাজার পরিস্থিতি: দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার ধারা অব্যাহত রয়েছে। প্রতিদিনই সূচক আগের অবস্থানকে ছাড়িয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সপ্তাহের প্রথম দিনে মূল্যসূচকে নতুন রেকর্ড হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট বেড়ে প্রায় সাত হাজার ৭০০ পয়েন্ট ছুঁয়েছে। এর প্রভাবে স্টক এক্সচেঞ্জটির বাজার মূলধনও তিন লাখ ৩২ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। এর আগে ডিএসইর সূচক ও বাজার মূলধন এই পর্যায়ে কখনো ওঠেনি।
এদিকে বাজারের টানা ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে আজ সোমবার মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে এসইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।
লেনদেনের শুরুতেই গতকাল বাজার অনেক ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮০ পয়েন্ট বেড়ে যায়। আর দিনের শেষ ভাগে এসে সূচক আগের দিনের চেয়ে প্রায় ১০০ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষ মুহূর্তে তা আবার খানিকটা কমে আসে।
ডিএসইতে গতকাল ব্যাংকিং খাত ছাড়া বাকি সব খাতই ছিল ঊর্ধ্বমুখী। এ দিন স্টক এক্সচেঞ্জটিতে ২৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম।

শেরাটনে সপ্তাহব্যাপী ব্রিটিশ খাদ্য উৎসব আজ শুরু

রাজধানীর শেরাটন হোটেলে আজ সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তরাজ্যের কারি ফেস্টিভ্যাল। ‘টেস্ট অব ব্রিটেন’ শীর্ষক এই খাবারের উৎসব আগামী সাত দিন চলবে।
শেরাটন হোটেল ও ব্রিটেনের সাময়িকী কারি লাইফ যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে।
গতকাল রোববার শেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরাটন হোটেলের মহাব্যবস্থাপক আহমদ বুখারি হামজা, পরিচালক (বিক্রয় ও ব্যবস্থাপনা) মাহফুজুর রহমান, মার্কেটিং কমিউনিকেশন ব্যবস্থাপক শাহিদুস সাদিক এবং কারি লাইফ-এর এডিটর ইন চিফ নাহাশ পাশা।
সংবাদ সম্মেলনে কারি উৎসবের পরিচালক সৈয়দ বেলাল আহমদ বলেন, ব্রিটেনে বাঙালিদের প্রায় ১২ হাজার রেস্টুরেন্ট রয়েছে। এগুলোতে প্রায় এক লাখ বাঙালি কর্মরত আছেন। বাঙালিদের তৈরি ব্রিটেনের খাবার বিশ্বে বেশ সুনাম অর্জন করেছে। তাঁদের এই অর্জনকে স্বীকৃতি দিতেই উৎসবটির আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, ব্রিটেনের চারজন জনপ্রিয় পাচককে (শেফ) এই উৎসব উপলক্ষে বাংলাদেশে আনা হয়েছে। তাঁরা উৎসবে ব্রিটেনের বিভিন্ন ধরনের খাবার তৈরি করবেন। এবারের কারি উৎসবে ৫০টি নতুন ধরনের খাবার থাকছে।
শেরাটন হোটেলের গ্র্যান্ড বল রুমে উদ্বোধন হলেও উৎসব চলবে বীথিকা রেস্টুরেন্টে। প্রতিদিন সন্ধ্যায় যে কেউ উৎসবে আসতে পারবেন। জনপ্রতি এসব খাবারের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮০০ টাকা।

বিরোধী শিয়ারা ৪০ আসনের ১৮টিতে জয় পেয়েছে

বাহরাইনের প্রধান বিরোধী শিয়া পক্ষ ইসলামিক ন্যাশনাল অ্যাকর্ড অ্যাসোসিয়েশন (আইএনএএ) সে দেশের পার্লামেন্ট নির্বাচনে ৪০ আসনের মধ্যে ১৮টি আসনে জয় লাভ করেছে। গত শনিবার এ নির্বাচনে ভোট নেওয়া হয়। এ বারের নির্বাচনে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে আটজন নারী।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-বুয়েইনাইন গতকাল রোববার বলেছেন, আইএনএএ ১৮টি আসন পেয়েছে। এর আগে ২০০৬-এর নির্বাচনে আইএনএএ ১৭ আসনে জয় পায়।
এদিকে অনিয়মের অভিযোগে নয়টি আসনে আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট নেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে ভোটের দিন কিছুসংখ্যক ভোটার অভিযোগ করেন, ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা ভোটার তালিকায় নাম খুঁজে পাননি।

মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

মেক্সিকোর সীমান্তবর্তী সিউদাদ হুয়ারেজ শহরে গত শনিবার ভোরে এক জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানায়।
পুলিশের এক কর্মকর্তা জানান, একটি বাসভবনের পেছনের আঙিনায় অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা বেশ কয়েকটি গাড়িতে করে এসে ভেতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালায়। বন্দুকধারীদের পরনে ছিল কালো পোশাক এবং তাদের মুখ ছিল ঢাকা।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে চারজন নারী এবং সাত বছরের এক মেয়েশিশু রয়েছে।

পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে আলোচনা করতে হবে

কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের প্রধান দিলীপ পদগাওকর বলেছেন, পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে আলোচনা করতে হবে।এ ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। গত শনিবার কাশ্মীরের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য শ্রীনগরে পৌঁছে তিনি এ কথা বলেন। কাশ্মীরকে একটি ‘বিতর্কিত’ প্রসঙ্গ বলেও উল্লেখ করেন তিনি।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা বন্ধে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার তিন সদস্যের প্রতিনিধিদল গঠন করা হয়। প্রতিনিধিদলে আরও রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ রাধা কুমার ও তথ্য কমিশনার এম এম আনসারি।
দ্য টাইমস অব ইন্ডিয়ার পরিচালক দিলীপ বলেন, কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করার উপায় কারও নেই। তাই পাকিস্তানকে ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘ভারত সরকার ও দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের অনুমোদন সাপেক্ষেই আমরা কাশ্মীরে এসেছি। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী কোনো নেতার সঙ্গে বসতেও আমাদের দ্বিধা নেই।’
তবে এই আলোচনার উদ্যোগকে কৌতুক বলে আখ্যা দিয়েছে কাশ্মীরের বিভিন্ন কট্টরপন্থী দল।

মিয়ানমারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় ত্রাণ পাচ্ছে না

ঘূর্ণিঝড়ের আঘাতে মিয়ানমারের পশ্চিম উপকূলে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ চলছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানা গেছে। সরকার ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। গত শুক্রবার ঘূর্ণিঝড় গিরি কিয়ায়ুকফিউ শহরের কাছে উপকূলীয় এলাকায় আঘাত হানে।
মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে গতকাল রোববার পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। তবে সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড়ে এক বালিকা নিহত হয়েছে। ঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে সে নিহত হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। নৌকা ও বিমানে করে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। আমরা হতাহত ও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।’
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা কো খিন বলেন, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার অধিকাংশ বাড়িঘর বাঁশ ও খড় দিয়ে তৈরি। ঝড়ে প্রায় সব বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ফলে অন্তত চার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। পাশাপাশি খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
খিন জানান, অনেক এলাকায় মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। স্থানীয় বিত্তশালী ও বৌদ্ধ ভিক্ষুদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

যুক্তরাষ্ট্রে ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার কর্মসূচি চলছে

যুক্তরাষ্ট্রে ইসলামধর্ম সম্পর্কে ভিন্নধর্মাবলম্বীদের স্বচ্ছ ধারণা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে মসজিদে মসজিদে প্রতিবেশী ও পথচারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদের ইসলাম ধর্মের মর্মকথা ও প্রার্থনার নিয়মাবলি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। মসজিদ ও ইসলামধর্ম নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
নিউইয়র্কে গত মাসে মুসলিম নেতাদের এক সম্মেলনে সাধারণ মানুষের মধ্যে ইসলামধর্ম সম্পর্কে সৃষ্ট বিভ্রান্তি দূর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি মসজিদে এক সপ্তাহের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মসজিদ-সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়ে ইসলামধর্মের শান্তি ও সহমর্মিতার কথা জানাচ্ছেন। বিদ্বেষ, বৈরিতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ইসলামে কীভাবে পরিহার করা হয়েছে, তা তাঁরা তুলে ধরছেন।
নিউইয়র্কের ২০টি মসজিদে ধর্মীয় নেতারা দিনভর উপস্থিত থেকে ভিন্নধর্মাবলম্বীদের সঙ্গে সংলাপে যোগ দিচ্ছেন। প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামধর্ম সম্পর্কে তাঁদের ধারণা দেওয়ার চেষ্টা করছেন। নিউইয়র্কের ম্যানহাটন, কুইনস ব্রুকলিন ও লং-আইল্যান্ড এলাকার মসজিদগুলোয় কর্মসূচি বেশ সফল হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। ভিন্নধর্মাবলম্বীদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যে নয়, ইসলামধর্ম সম্পর্কে প্রকৃত ধারণা দেওয়ার জন্যই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
নিউইয়র্কের গ্রাউন্ড জিরো এলাকায় ইসলামি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিন্নধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। ভিন্নধর্মাবলম্বী রক্ষণশীল এবং ইসলামধর্ম সম্পর্কে অজ্ঞ পশ্চিমারা ব্যাপকভাবে এ উদ্যোগের বিপক্ষে অবস্থান নেয়। যদিও খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ উদ্যোগটির পক্ষে সমর্থন প্রকাশ করেছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঘটনার পর সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামধর্মকে এক করে পশ্চিমা-প্রচারণা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এ প্রচারণায় ব্যাপকভাবে বিভ্রান্ত। ২০০১ সালের পর একাধিক সন্ত্রাসী ঘটনা এ বিভ্রান্তিকে আরও দৃঢ়মূল করে তুলেছে। বিস্ফোরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের বিমান উড়িয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা এবং নিউইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা বিস্ফোরণের ব্যর্থ চেষ্টার ঘটনায় সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নিউইয়র্ক মেট্রোপলিটন ইসলামিক লিডারশিপ কাউন্সিলের পরিচালক জাহের উদ্দিন সংলাপ কর্মসূচির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ইসলামধর্ম সম্পর্কে যে বিভ্রান্তি বিরাজ করছে, তা দূর করার চেষ্টা চালানো হচ্ছে। ইসলামধর্ম ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারলে অপপ্রচার কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।

বিহার বিধানসভার নির্বাচনে দ্বিতীয়দফায়ভোট গ্রহণ

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
মাওবাদীদের হুমকি অগ্রাহ্যকরে উল্লেখযোগ্যসংখ্যক ভোটার কেন্দ্রে যান। এমনকি পাঁচটি মাওবাদী উপদ্রুত আসনেও ভোট পড়ার হার ভালো ছিল।
গতকাল বিধানসভার ৪৫টি আসনে ভোট নেওয়া হয়। এতে ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ২৪৩টি আসনের বিধানসভার ভোট নেওয়া হবে ছয় দফায়।
গতকাল সকালে সীতামারি জেলার সুবাইগড় ভোটকেন্দ্রে মাওবাদীরা হামলা চালিয়ে ভোটিং মেশিন জ্বালিয়ে দেয়।
মুজাফ্ফরপুর জেলার মিনাপুরে বিহারে ক্ষমতাসীন এনডিএ জোটের মন্ত্রী দীনেশ প্রসাদ কুশওয়ার গাড়িতে হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে মন্ত্রী অক্ষত থাকলেও তাঁর দেহরক্ষী আহত হন।

সরকার গঠন বাধাগ্রস্ত করতেই এ সময় এটি করেছে উইকিলিকস: মালিকি

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি গোপন নথি প্রকাশ করায় উইকিলিকসের কঠোর সমালোচনা করেছেন। তাঁর কার্যালয় থেকে অভিযোগ করা হয়, ইরাকে নতুন সরকার গঠনে মালিকির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতেই উইকিলিকস গোপন নথি প্রকাশের জন্য এই সময় বেছে নিয়েছে।
এদিকে উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে মার্কিন বাহিনীর ইরাক যুদ্ধের আরও ১৫ হাজার গোপন নথি রয়েছে। শিগগিরই তা প্রকাশ করা হবে।
বিশেষ করে বিভিন্ন সরকারের জন্য বিব্রতকর তথ্য ফাঁসের আলোচিত ওয়েবসাইট ‘উইকিলিকস’ ইরাকে মার্কিন দখলদারির সময়কার প্রায় চার লাখ গোপন নথি প্রকাশ করে গত শুক্রবার। এসব নথিতে সাধারণ মানুষের ওপর ইরাকি কর্তৃপক্ষের ব্যাপক নির্যাতন ও ইরাক যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছে মার্কিন সেনাচৌকিতে।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মালিকির সরকার গঠনের চেষ্টা বানচাল করতেই তাঁর সঙ্গে শিয়া ‘ডেথ স্কোয়াডগুলোর’ যোগসাজশ রয়েছে দাবি করেছে উইকিলিকস।
গত মার্চে পার্লামেন্ট নির্বাচন হওয়ার পর এখন পর্যন্ত ইরাকে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। বলা হয়েছে, সরকার গঠনে বিলম্বের ক্ষেত্রে এটি একটি নতুন বিশ্ব রেকর্ড।
উইকিলিকস অভিযোগ করেছে, ইরাকি কর্তৃপক্ষের ওই সব নির্যাতনের ব্যাপারে ঘটনার সময় কার্যত ইরাকের দণ্ডমুুণ্ডের কর্তা মার্কিন সেনা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
উল্লেখ্য, ২০০৬-০৭ সালে ইরাকে বিভিন্ন উপদলীয় কোন্দলে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ জন্য শিয়া ‘ডেথ স্কোয়াডদের’ দায়ী করা হয়ে থাকে। আর এই স্কোয়াডের সঙ্গে প্রধানমন্ত্রী মালিকির যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী মালিকির কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের নিরাপত্তা বাহিনী আইনের শাসন মেনে চলে এবং গোষ্ঠীগত পরিচয়ের বিবেচনা থেকে কাজ করে না। এতে দাবি করা হয়, মালিকি প্রধানমন্ত্রী হওয়ার পর কোনো কারাগারে বন্দী নির্যাতনের ঘটনা ঘটেনি। প্রকাশিত নথিতেও এমন কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি।
ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ উইকিলিকসে প্রকাশিত তথ্যগুলোকে ‘সাংঘাতিক’ বলে উল্লেখ করেছেন। গতকাল তিনি বলেন, ‘আমি আশা করি, মার্কিন প্রশাসন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।’ নিক ক্লেগ ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের যোগ দেওয়াকে বেআইনি বলে মনে করেন।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ নথিতে প্রকাশিত তথ্যকে ‘সঠিক’ বলে উল্লেখ করেছেন। লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরাক যুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই এসব গোপন নথি প্রকাশ করা হয়েছে। এর পেছনে উইকিলিকসের অন্য উদ্দেশ্য নেই।
মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ডেভ লাভেন বলেন, ইরাকিরাই ইরাকিদের ওপর নির্যাতন চালিয়েছে। মার্কিন সেনাদের কাজ হলো ‘পর্যবেক্ষণ ও প্রতিবেদন’ করা। এসব প্রতিবেদন তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দেন।

জনপ্রিয়তা উদ্ধারের চেষ্টা সারকোজির বিক্ষোভ থামার ইঙ্গিত নেই

ফ্রান্সে সরকারের পেনশন সংস্কার কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বরং আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জনমত জরিপের ফল থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নতুন সপ্তাহে আরও প্রতিবাদ-বিক্ষোভ হতে পারে। এদিকে পেনশন সংস্কার কর্মসূচি নিয়ে জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, তা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছেন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।
প্রেসিডেন্ট সারকোজির সরকারের নেওয়া পেনশন সংস্কার কার্যক্রমে সরকারি কর্মীদের অবসর নেওয়ার বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর এবং পূর্ণ অবসরকালীন ভাতা পাওয়ার বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শুক্রবার সে দেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ-সংক্রান্ত বিলটি অনুমোদন পায়। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষও বিলটি অনুমোদন করে। আজ সোমবার পার্লামেন্টের দুই কক্ষে অনুমোদন পাওয়া বিলের খসড়া সমন্বয় করে সেটিকে আইনের খসড়ায় রূপান্তর করা হবে। সরকার আশা করছে, আগামী বুধবার চূড়ান্ত খসড়াটি জাতীয় পরিষদের অনুমোদন পাবে।
সরকারের এ উদ্যোগের বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ, সমাবেশ, ধর্মঘটসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে ফ্রান্সের বিভিন্ন শ্রমিক সংঘ। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যাপক সমর্থন জানিয়েছেন। দেশটির সব কটি তেল শোধনাগারে শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট ও অবরোধ কর্মসূচির কারণে সারা দেশে তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গত শুক্রবার পর্যন্ত দেশের প্রতি চারটি পেট্রলপাম্পের একটি ছিল জ্বালানি তেলশূন্য। আন্দোলনকারীদের দাবি, পুলিশের সঙ্গে তাঁদের ইঁদুর-বেড়াল খেলা চলছে।
সাপ্তাহিক জেডিডি পত্রিকায় প্রকাশিত জনমত জরিপের ফল থেকে দেখা গেছে, প্রথমবারের মতো সারকোজির জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। বিভিন্ন শ্রমিক সংঘ ও শিক্ষার্থীরা আরও দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোতে ধর্মঘট অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তাঁরা। কাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশের ডাক দিয়েছেন। শ্রমিক সংঘগুলো দেশজুড়ে কাল মঙ্গলবার সপ্তমবারের মতো এক দিনের ধর্মঘট আহ্বান করেছে এবং আগামী বৃহস্পতিবার সমাবেশ আহ্বান করেছে।
এদিকে ২০১২ সালের নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধারের জন্য মন্ত্রিসভায় রদবদল আনছেন নিকোলা সারকোজি। এ ছাড়া উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সভাপতি হিসেবে ফ্রান্সের নির্বাচিত হওয়ার বিষয়টিকেও এ ক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন তিনি।
সরকারের ভেতরের সূত্র থেকে জানা গেছে, আগামী মাসে শ্রম, পরিবহন, পররাষ্ট্র ও বাজেট মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনতে পারেন সারকোজি। একই মাসে জি-২০-এর দায়িত্ব নেবে ফ্রান্স। সারকোজি আশা করছেন, এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক বাজারে মুদ্রা বিনিময় হার ও পণ্যের দাম নির্ধারণসংক্রান্ত বিষয়গুলোতে প্রভাব বিস্তার করতে পারবেন, যা তাঁর ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে। এ ছাড়া দেশে করব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। অবশ্য এ ব্যাপারে বিরোধী দলের কঠোর বিরোধিতার মুখে পড়তে হতে পারে সারকোজিকে।
পেনশন-ব্যবস্থা সংস্কারের পক্ষে সাফাই দিতে গিয়ে সারকোজি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি ও বাজেট ঘাটতি সামাল দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তিনি আশা করছেন, চলতি সপ্তাহে বিক্ষোভ-প্রতিবাদ থিতিয়ে আসবে।

টেস্টেও উইলিয়ামসন-বেনেট

দুঃস্বপ্নের বাংলাদেশ সফর থেকে কিছুটা সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পেরেছেন কেবল কেন উইলিয়ামসন ও হামিশ বেনেট। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন উইলিয়ামসন, অভিষেক ওয়ানডেতে বেনেট পেয়েছিলেন ৩ উইকেট। পুরস্কারটাও হাতেনাতে পেয়ে গেলেন দুই তরুণ, দুজনই ডাক পেয়েছেন ভারত সফরের টেস্ট দলে। ১৫ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৪ নভেম্বর আহমেদাবাদ টেস্ট দিয়ে শুরু ৩ টেস্টের সিরিজ।
নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছিল গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই দল থেকে বাদ পড়েছেন ম্যাথু সিনক্লেয়ার, পিটার ইনগ্রাম ও জেমস ফ্রাঙ্কলিন। ফ্রাঙ্কলিনের নেতৃত্বে নিউজিল্যান্ড ‘এ’ এখন আছে জিম্বাবুয়েতে। এই দল থেকে টেস্ট দলে সুযোগ পেয়েছেন পাঁচজন—ব্রেন্ট আর্নেল, ক্রিস মার্টিন, গ্যারেথ হপকিন্স, টিম ম্যাকিন্টশ ও জিতান প্যাটেল। জিম্বাবুয়ে থেকে সরাসরিই ভারতের বিমানে উঠবেন তাঁরা। মার্টিন অবশ্য টেস্ট দলে নিয়মিতই, ‘এ’ দলের হয়ে খেলছিলেন নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য। ম্যাককালাম টেস্টে উইকেটকিপিং ছেড়ে দেওয়ায় নেওয়া হয়েছে হপকিন্সকে। ওয়েবসাইট।
ভারত সফরের নিউজিল্যান্ড টেস্ট দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধি.), ব্রেন্ট আর্নেল, হামিশ বেনেট, মার্টিন গাপটিল, গেরেথ হপকিন্স, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, টিম ম্যাকিন্টশ, অ্যান্ডি ম্যাকাই, জিতান প্যাটেল, জেসি রাইডার, রস টেলর, টিম সাউদি, বি জে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।

লিভারপুলে স্বস্তি আনলেন তোরেস

উল্টো মোচড় দিয়ে রুনি লিগের সর্বোচ্চ বেতনে চুক্তি করেছেন সত্য। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে রুনিই যে একমাত্র ভরসা নয়, সেটা কাল ভালোই বুঝিয়ে দিলেন হাভিয়ের হার্নান্দেজ। কাল স্টোক সিটির বিপক্ষে রুনিবিহীন ম্যানইউর ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছেন হার্নান্দেজ।
লিভারপুলে স্বস্তি ফিরিয়ে এনেছেন ফার্নান্দো তোরেস। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ৬ ম্যাচে কাল প্রথম জয় পেয়েছে ‘অল রেড’রা। ব্ল্যাকবার্নের বিপক্ষে ২-১ গোলের জয়ে জয়সূচক গোলটি স্প্যানিশ স্ট্রাইকার তোরেসের। লিভারপুলকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন কিরগিয়াকস। ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে আর্সেনাল। গোল তিনটি করেছেন সামির নাসরি, সং ও বেন্টনার।
৯ ম্যাচ থেকে আর্সেনাল, ম্যানইউ ও ম্যান সিটি—তিন দলেরই সমান ১৭ পয়েন্ট করে। তবে গোলের ব্যবধানে এগিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এরপর ম্যানইউ এবং চতুর্থ স্থানে ম্যান সিটি। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

আতশ কাচের নিচে রায়না

অভিযোগ খুব গুরুতর কিছু নয়। ভারতের গত শ্রীলঙ্কা সফরে অবৈধ জুয়ায় জড়িত এক ব্যক্তির ঘনিষ্ঠ এক মেয়ের সঙ্গে একাধিকবার সময় কাটিয়েছেন সুরেশ রায়না। ঝামেলাটা হয়েছে অন্য জায়গায়। টিম হোটেলের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া ফুটেজগুলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দিয়েছিল ক্রিকেট শ্রীলঙ্কা। কিন্তু পুরো ব্যাপারটাই চেপে গেছে বিসিসিআই। সানডে টাইমস-এর খবর, এই চেপে যাওয়াটাকেই নাকি সন্দেহের দৃষ্টিতে দেখছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ (এসিএসইউ)। চেপে যাওয়ার কারণটা খতিয়ে দেখছে তারা।
এসিএসইউর সন্দেহের রাডারে আছে ক্রিকেট শ্রীলঙ্কাও। সন্দেহজনক কিছু দেখলেই আইসিসিকে জানানোর কথা স্পষ্ট বলে দেওয়া আছে। আইসিসিকে কিছু না জানিয়ে ক্রিকেট শ্রীলঙ্কা গোপনে কেন বিসিসিআইকে জানাল, এটাও নাকি খতিয়ে দেখছে এসিএসইউ। ব্রিটিশ পত্রিকাটির দাবি, আইসিসির সন্দেহ, বিসিসিআই সচিব এন শ্রীনিবাসনের ইঙ্গিতেই ব্যাপারটা গোপন রেখেছিল ক্রিকেট শ্রীলঙ্কা। আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন, আর এই দলেই খেলেন রায়না।
বিসিসিআইয়ের চেপে যাওয়ার ঘটনাটা আইসিসি জানতে পেরেছে অন্য এক ঘটনার সূত্রে। সম্প্রতি ক্রিকেট-বিশ্ব তোলপাড় করা স্পট ফিক্সিং নাকি আসলে মাথাচাড়া দিয়েছে আইপিএলে, এই অভিযোগের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে রায়নার ঘটনা। বিসিসিআই এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিসিসিআই কিছু জানিয়েছে কি না—প্রশ্নের জবাবে আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘তদন্তাধীন কোনো বিষয়ে আমরা মন্তব্য করি না।’

অস্ট্রেলিয়ার বোলিং কোচ প্রসাদ?

যুগ যুগ ধরে বিশ্বমানের সব ফাস্ট বোলার উপহার দিয়ে ফাস্ট বোলারদের উর্বর ভূমি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে অস্ট্রেলিয়া। ভারত ঠিক উল্টো। দারুণ সব স্পিনার উপহার দিয়েছে দেশটি, কিন্তু ভালো ফাস্ট বোলার তারা খুঁজে পেয়েছে কালেভদ্রে। সেই ভারতেরই এক সাবেক পেসার এখন হতে পারেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের খবর, অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভেঙ্কটেশ প্রসাদ।
ট্রয় কুলি অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফাঁকা পড়ে আছে অস্ট্রেলিয়ার বোলিং কোচের পদটা। নতুন বোলিং কোচের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার যেসব চাহিদা, সেগুলো পূরণের সবচেয়ে কাছাকাছি আছেন নাকি প্রসাদই। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের হয়ে ৩৩টি টেস্ট ও ১৬১টি ওয়ানডে খেলেছেন প্রসাদ। এরপর ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ছিলেন ভারতের বোলিং কোচ। এখন তিনি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ।
অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত ৪১ বছর বয়সী প্রসাদ, ‘অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে আমাকে ভাবা হচ্ছে জেনে খুব ভালো লাগছে। অস্ট্রেলিয়ার মতো দলের অংশ হওয়া এবং আমার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে ওদের সাহায্য করতে পারাটা আমার জন্য হবে দারুণ সম্মানের।’
গতকাল শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজে একটি টেলিভিশনের জন্য বিশেষজ্ঞ মতামত দিয়েছেন প্রসাদ। বলিঞ্জার-জনসনদের বোলিংটা তাই দেখেছেন খুব মনোযোগ দিয়ে। সেই পর্যবেক্ষণ থেকে প্রসাদের উপলব্ধি, ‘ওদের প্রতিভাবান সব বোলার আছে, তবে আগের মতো অভিজ্ঞ বোলার নেই। প্রতিভাই সবকিছু নয়। ওদের আরও ধারাবাহিক হতে হবে। ভারতের মতো ব্যাটিং লাইনআপের বিপক্ষে এবং পেস বোলিং-বৈরী উইকেটে ওদের আরও ধৈর্য ধরা উচিত ছিল। এমন পরিস্থিতিতে প্রয়োজন পরিকল্পনা অনুযায়ী বোলিং করে অপেক্ষা করতে হয় ব্যাটসম্যান কখন ফাঁদে পা দেয়।’
এখনো দায়িত্ব না পেলেও অস্ট্রেলিয়ানদের কোচিং করানোর অভিজ্ঞতা কিন্তু কিছুটা হয়ে আছে প্রসাদের। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ডগ বলিঞ্জারের সঙ্গে। সম্ভাব্য শিষ্যকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রসাদ, ‘ছন্দে থাকা বলিঞ্জার অসাধারণ। ফাস্ট বোলারদের যা থাকা উচিত, প্রায় সবকিছুই আছে ওর। প্রথম টেস্টের শেষ দিকে ও দ্বিতীয় টেস্টে রিকি পন্টিং যদি ওকে পেত, তাহলে টেস্ট সিরিজের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত।’

টেন্ডুলকারের ব্যাট

আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৮৪৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৯৫টি সেঞ্চুরি, ১৫১টি ফিফটি। অবিশ্বাস্য! অবিশ্বাস্য!!
কিন্তু কী রহস্য শচীন টেন্ডুলকারের এই সাফল্যের? প্রশ্নটা একটু হাস্যকর হয়ে গেল বোধ হয়। চিত্রকরের ছোঁয়া যেমন থাকে তার তুলিতে, গায়কের যেমন কণ্ঠস্বর; ব্যাটসম্যানের জাদুর ছড়ি তো তার ব্যাটই হবে। কিন্তু সবার ব্যাটে কি জাদু থাকে? থাকে না। ব্যাটকে কথা বলাতে পারেন মাত্র অল্প কজন। টেন্ডুলকার সেই বিরলতমদেরই একজন।
এ বছর টেস্টে ব্র্যাডম্যানীয় গড়ে (৯৭.৬৯) ১২৭০ রান করা টেন্ডুলকারের ব্যাট আবারও আলোচনায়। সেই ব্যাটের রহস্য ভাঙলেন খোদ ব্যাট-নির্মাতা হ্যারি সলোমনস। অস্ট্রেলিয়ার নামী ক্রিকেট-সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান কিংসগ্রুভ স্পোর্টস সেন্টারের কর্ণধারের মতে, টেন্ডুলকারের ব্যাটের কানা অনেক চওড়া। এ কারণে তাঁর ব্যাটটি দেখতে অনেক বড় মনে হয়।
অবশ্য টেন্ডুলকারের ব্যাট এমসিসির আইন মেনেই তৈরি। যে আইনে বলা আছে হাতল বাদে ব্যাটের দৈর্ঘ্য ৩৮ ইঞ্চির বেশি হওয়া যাবে না, ব্যাটের সবচেয়ে চওড়া অংশটিরও প্রস্থ ৪.২৫ ইঞ্চির মধ্যে হতে হবে।
টেন্ডুলকারের ব্যাট যিনি বানান, সেই ব্যক্তির সঙ্গে মাত্রই আলাপের সূত্র ধরে সলোমনস সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ইংল্যান্ডের উইলো কাঠ থেকে বানানো টেন্ডুলকারের ব্যাট তুলনামূলকভাবে ওজনে বেশ ভারীও হয়।
আগে টেন্ডুলকার প্রায় ৩ পাউন্ড ওজনের ব্যাট দিয়ে খেলতেন। বিষয়টি তুলনা করে বোঝার জন্য ক্লাইভ লয়েড সবচেয়ে ভালো উদাহরণ। প্রায় ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি খেলতেন ৩ পাউন্ড ৪ আউন্স ওজনের ব্যাট দিয়ে। মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার টেন্ডুলকার এখন কম ভারী ব্যাটে খেলেন। তার পরও সেটার ওজন ২ পাউন্ড ১২ আউন্স।
টেন্ডুলকারের ব্যাটের এসব তথ্য পাওয়া কিন্তু মোটেও সহজ নয়। কারণ কে আসলেই টেন্ডুলকারের ব্যাট বানায়—এই প্রশ্ন করা হলে অনেক প্রস্তুতকারককেই পাওয়া যাবে। টেন্ডুলকারের কাছে অজস্র ব্যাট আসে প্রতিদিন। সেসব ব্যাট এই ভারতীয় কিংবদন্তি দিয়ে দেন গরিব শিশুদের। তাঁর মনের মতো ব্যাট বানায় এসজি।

রিয়ালের ছয়ে রোনালদোর চার

দুঃসময়ে মানুষ কাতর হয়ে পড়ে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তা হন না। চরম গোল-খরায় যখন ভুগছিলেন, রোনালদো হাসিমুখে বলেছেন—গোল নিয়ে একদমই ভাবনা নেই তাঁর। মানুষ তাদের সুন্দরতম সময়েও একসঙ্গে বসে দুঃখ-ব্যথা ভাগাভাগি করতে ভালোবাসে। আর রোনালদো সুখের সময়ে রোমন্থন করেন শুধু সুখস্মৃতিই।
পরশু রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে চার গোল করার পর একটি সুখের স্মৃতিই মনে পড়ে গেছে রোনালদোর। এর আগে কখনো চার গোল করেছেন কি না—এমন প্রশ্নের উত্তরে রোনালদো বললেন, ‘সর্বশেষ আমি এক ম্যাচে চার গোল করেছি ছোটদের লিগে।’
পর্তুগালের রাস্তায় ফুটবল খেলতে খেলতেই নিজের ফুটবল-প্রতিভা চিনিয়েছিলেন রোনালদো। ম্যাদেইরার রাস্তা থেকে পরে নাম লিখিয়েছিলেন অ্যানদোরিনহা ক্লাবের যুবদলে। বছর পনেরো আগে সর্বশেষ সেখানেই পেয়েছিলেন চার গোল করার আনন্দ।
এরপর পর্তুগাল লিগ, ইংলিশ লিগ মাতিয়ে এসেছেন স্পেনের ফুটবলে। মাতিয়ে যাচ্ছেন স্পেনের ফুটবল, মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছেন রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তবে শীর্ষ পর্যায়ের ফুটবলে চার গোল পেলেন এই প্রথম। প্রথম পাওয়া এই অর্জনের আনন্দে উদ্বেল রোনালদো, ‘আমি খুব খুশি। এর আগে চার গোল করিনি তো!’
বেশ কিছুদিন ধরেই বইছে রোনালদোর ভুবনে শুধুই আনন্দবাতাস। স্প্যানিশ লিগে সর্বশেষ তিন ম্যাচে ৮ গোল করে ফেললেন। তবে মৌসুমের শুরুটা এমন আনন্দের ছিল না পর্তুগিজ উইঙ্গারের। লিগের প্রথম ৫ ম্যাচে গোল পেয়েছিলেন মাত্র ১টি। তবে এখন ৯ গোল নিয়ে স্প্যানিশ লিগের গোলদাতার তালিকায় সবার ওপরেই আছেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
মৌসুমের শুরুতেই শুধু নয়, বিশ্বকাপ এবং বিশ্বকাপের আগের প্রায় ছয়টা মাসও খুব বাজে কেটেছে রোনালদোর। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে পর্তুগাল দলকে নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল রোনালদোর গোল-খরা। তাঁর সেই গোল-খরা কাটল বিশ্বকাপে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে, উত্তর কোরিয়ার বিপক্ষে। প্রায় ৬ মাস পর গোল পেয়ে রোনালদো সেদিন ছিলেন আনন্দে আত্মহারা। তবে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁর দলকে।
ওসব এখন অতীত। রোনালদোর সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স ব্যর্থ অতীত মুছে আলো ঝলমল বর্তমানেরই যেন জয়গান গাইছে।

ব্রাদার্সের বিদায়, ফাইনালে আবাহনী

১৯৯৪ সালে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে ব্রাদার্সকে বিদায় করেছিল আবাহনী। ১৬ বছর পর একই আসরের একই পর্যায়ে এসে আবাহনীর শিকারে পরিণত হতে হলো ব্রাদার্সকে। আজ সোমবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে আবাহনী।

আবাহনী বনাম এভারটন?

লালবাগের তরুণ মহিউদ্দিন আহমেদ কাল বিকেলে এসেছেন আবাহনীর অনুশীলন দেখতে। আবাহনী ক্লাব মাঠে ঢুকে বললেন, ‘পিলিয়ার তো একটাই। ব্রাদার্সের এগারো নম্বর। দারুণ খেলে। ওর খেলাই দেখুম।’
আবাহনীর সমর্থন করলেও ওই তরুণের চোখে লেগে আছে এভারটনের খেলা। গ্রুপ পর্বে মোহামেডানের বিপক্ষে ব্রাজিলিয়ান প্লে-মেকার দেখিয়েছেন তাঁর পায়ের কারুকাজ। দুই গোল করেছেন। ফেনী সকার ম্যাচেও এভারটনের ঝলক দেখেছেন সবাই। আজ আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলছে ব্রাদার্স, ২৬ বছরের বয়সী সাওপাওলোর তরুণের ওপরই থাকছে মূল আলোটা।
নিম্নমানের বিদেশির ভিড়ে এভারটন যেন ‘গোবরে পদ্মফুল’। নিজের দলের খেলোয়াড় বলেই নয়, ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল কাল বিকেলে অনুশীলনের ফাঁকে প্রশংসামুখর ছিলেন, ‘গত কয়েক বছরে এভারটনের মতো পায়ের কাজ আছে এমন ফুটবলার আসেনি। ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় হারিয়েই যাচ্ছিল। এই ছেলেটি ব্যতিক্রম। ওর ড্রিবলিং অসাধারণ। ঠিকমতো বল ছাড়া আবার জায়গায় যাওয়া—সবকিছুই দারুণ।’
এভারটন কি আজকের ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন? ওয়াসিমের মনে কোনো দ্বিধা নেই, ‘অবশ্যই। ওর মানের ফুটবলার যেকোনো ম্যাচই ঘুরিয়ে দিতে পারে। আবাহনীর বিপক্ষে সে আমাদের বড় তাস।’
এভারটনের প্রশংসা করছে আবাহনী শিবিরও। ম্যানেজার সত্যজিৎ দাস যেমন বললেন, ‘এই খেলোয়াড়টি চোখে পড়েছে আমারও।’ তবে ফুটবল একজনের খেলা নয়’—এই সত্যটাকেই বড় করে দেখছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি, ‘সে ভালো খেলোয়াড়। কিন্তু দলে একজন ভালো খেলোয়াড়ের তকমা পেলেই দলটা ভয়ংকর হয়ে যায় না। আমরা তাই ওদের কোনো বিশেষ খেলোয়াড় নিয়ে আলাদা করে ভাবছি না। দল হিসেবেই আমরা ওদের মুখোমুখি হব।’
এভারটন কতটা কী করতে পারবেন, আজ বিকেল ৫টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু ম্যাচে দেখা যাবে। এভারটন কিন্তু তৈরি। কাল বিকেলে ব্রাদার্স মাঠে অনুশীলনে নামার আগে তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘কী ভাবছেন এই ম্যাচ নিয়ে? আপনাকে তো সবাই ভালো ফুটবলার বলছে।’ ভাঙা ভাঙা ইংরেজিতে চটপটে এভারটনের উত্তরে থাকল হাসি, ‘আমি ভালো নই, ভালো হচ্ছে আমাদের দল ব্রাদার্স। আমি গোল না পেলেও সমস্যা নেই। দল গোল পেলেই হলো।’
দলবদলের বাজারে কুড়িয়ে-কাচিয়ে অখ্যাত খেলোয়াড় নিয়ে গতবারের মতো এবারও দল গড়েছে ব্রাদার্স। ২৮ জন বিদেশির ট্রায়াল নিয়ে পছন্দ করেছে ৪ জনকে। এভারটনসহ ব্রাজিলিয়ান দুজন। দুজন আফ্রিকান। একজন তাঁদের পুরোনো খেলোয়াড়—এনক বেনটিল। এই বিদেশিদের ভিড়ে এভারটনই ব্রাদার্সকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতেই ব্রাদার্স উঠেছে সেমিফাইনালে। পরশু গুরুত্বহীন শেষ ম্যাচটায় এভারটনসহ সেরা একাদশের ৭ জনকে বাইরে রেখে মুক্তিযোদ্ধার কাছে হেরেছে ০-৩ গোলে।
ওই পরাজয়কে আমলে নিচ্ছেন না ব্রাদার্স কর্মকর্তারা। ২০০৫ সালের পর আবার ফেডারেশন কাপের শিরোপা-স্বপ্নে বিভোর গোটা দল। সাম্প্রতিক সময়ে এতটা আশাবাদী হতে দেখা যায়নি ব্রাদার্সকে। ম্যানেজার আমের খান যেমন বললেন, ‘এভারটনকে পেয়ে আমাদের শক্তি অনেক বেড়েছে। ব্রাদার্স অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে।’
ফেডারেশন কাপ নিয়মিতই দেখেন জাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ। আজকের প্রথম সেমিফাইনালে তাঁর ফেবারিট অবশ্য আবাহনী, ‘আমার মনে হয়, পাওয়ারের দিক থেকে এগিয়ে আবাহনীই।’ এভারটনের প্রসঙ্গে তাঁর কথা, ‘একা একজন খেলোয়াড় কিছু করতে পারবে বলে মনে হয় না।’
আবাহনীর জন্য সুখবর, বরদুলই কাপে নজরকাড়া ঘানাইয়ান মিডফিল্ডার ইউসুফ আমিনুরের ছাড়পত্র এসেছে। আজ তিনি খেলছেন। আমিনুরের সংযুক্তি আবাহনীকে বেশ উজ্জীবিত করে তুলেছে। এ কারণেই ‘প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়েই ভাবছি আমরা’—বলতে পারেন সত্যজিৎ দাস। ১০ বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলার আশা দেখাচ্ছেন কোচ আলী আকবর, ‘একসঙ্গে আক্রমণ এবং একসঙ্গে রক্ষণকাজটা ঠিকভাবে করতে পারলে ফাইনালে ওঠার ব্যাপারে আমি খুবই আশাবাদী।’
১৯৯৪ সালে ফেডারেশন কাপের সেমিফাইনালে মুখোমুখি আবাহনী-ব্রাদার্সের লড়াইটা শেষ হয়েছিল রুদ্ধশ্বাস উত্তেজনায়। গোলশূন্য ম্যাচে শেষ হাসি ছিল সাডেনডেথে জয়ী আবাহনীর। আজকের জয়-পরাজয় টাইব্রেকারে যাবে কি না কে জানে। তবে ম্যাচটা হয়ে উঠতে পারে আবাহনী বনাম এভারটন!

যৌথ বাহিনী প্রত্যাহারের দাবিতে কলকাতায় মমতার মিছিল

ভারতের পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলে যৌথ বাহিনীর অভিযান অবিলম্বে বন্ধ ও তাদের প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার বিকেলে কলকাতায় এক বিরাট মিছিল বের করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ মিছিলের ডাক দেন।
জঙ্গলমহলে মাওবাদীদের তৎপরতা রোধে গত বছরের ১৮ জুন থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এর পর থেকে মমতা এ অভিযান বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। সরকার তাঁর দাবি মেনে নেয়নি।
গতকাল বিকেলে মিছিলটি কলকাতার উল্টাডাঙ্গার বিধাননগর শিশু উদ্যান থেকে শুরু হয়। শেষ হয় বেলেঘাটার গান্ধী আশ্রমে।

কিশোর ফিচার- 'আকাশছোয়াঁ টাওয়ার ‘বুর্জ খলিফা’ by জে হুসাইন

তোমার দৃষ্টি উপরে নয়, নিচে নিক্ষেপ করো।
দেখবে, দিগন্তছোয়াঁ সমুদ্র; আরও দেখবে নীল আকাশটা ক্রমশ মিশে গেছে ঠিক মরুভূমির সাথে।

গল্প- 'ঘোস্ট হাউজ অপারেশন' by আব্দুল্লাহ আল নোমান

আকমল আর টফি একসাথে বসে আছে। আকমল বলল, দেখ টফি, তুই যদি ফের আমাকে আক্কল বলেছিস তো…
টফি বলল, কী? ওই তালগাছের ভূতটার কাছে দিয়ে আসবি নাকি?

আলোচনা- 'মহানবীর (সা): আদর্শ জীবন' by অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান

মহানবী হযরত মুহাম্মদ (সা) দুনিয়ার সেরা মানুষ ও আল্লাহর সেরা রাসূল।
‘রাসূল’ অর্থ প্রেরিত পুরুষ। আল্লাহতায়ালা যুগে যুগে মানবজাতির হিদায়াতের জন্য তাঁর পক্ষ থেকে যেসব ব্যক্তিকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাঁদেরকে বলা হয় নবী বা রাসূল।

ভ্রমণ- 'মাধবপুর লেক ভ্রমণে' by খালেদ আহমদ শিমুল

শ্রীমঙ্গল শহর ছেড়ে যাওয়ার পর পুরোপুরি বোঝা গেল শীত এসেছে। ঠাণ্ডা বাতাসের হিম হিম পুলক অবারিত স্রোতের মতো ছুঁয়ে দিচ্ছিল চোখ, মুখ, হাত, শ্যাম্পু করা চুল।
খোলা জিপ ছুটে চলেছে গহিন লাওয়াছড়ার বুক চিরে, গন্তব্য মাধবপুর।

স্বাস্থ্য আলোচনা- 'সুস্থতার জন্য হাসি' by আবু হেনা আবিদ জাফর

হাসি সুখ, আনন্দ ও সুস্থতার প্রতীক। হাঁচি কিংবা কাশির শব্দ শুনলে যেমন আমরা বুঝতে পারি অসুস্থতা,
তেমনি হাস্যরসের আওয়াজ শুনলে আমরা বুঝি বিরাজ করছে সুখ, আনন্দ ও সুস্থতা।

বিজ্ঞান আলোচনা- 'মহাকাশের পড়শিরা' by মো: সাইফুল ইসলাম

পড়শিদের সম্বন্ধে সবারই জানতে ইচ্ছ করে। সৌরজগতের গ্রহ-উপগ্রহরা যে আমাদের পড়শি এ কথা মানুষ জেনেছে বহুকাল থেকে।
আর অনেকেই ভেবেছে এসব গ্রহ-উপগ্রহে আমাদের সাথী হওয়ার মত জীব আছে।

বিজ্ঞান আলোচনা- 'পরিবেশবান্ধব হাইব্রিড কার' by সাকিব রায়হান

গোটা পৃথিবীতেই গাড়ি তৈরির প্রযুক্তি এখন মনোযোগ দিচ্ছে দু’টি বিষয়ে।
এক. গাড়িটি কতো কম জ্বালানি খরচ করবে এবং দুই. এ গাড়ি পরিবেশ দূষণের হুমকির প্রতি কতটা বন্ধুভাবাপন্ন হবে।