Thursday, December 9, 2010

যুক্তি তর্ক গল্পালোচনা- রাষ্ট্রীয় সমাজে চিন্তা করার স্বাধীনতার প্রয়োজন by মোহীত উল আলম

রান্নাঘরের ফ্রিজ দিয়ে আলোচনা শুরু করি। খাদ্য ঠান্ডা রাখার জন্য এ প্রযুক্তির আবিষ্কার। জলবায়ুর দিক থেকে দেখলে ফ্রিজটা মধ্যপ্রাচ্যে বা আমাদের দেশে আবিষ্কৃত হওয়ার কথা ছিল। কারণ, মানুষ সব সময় তার পরিবেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের দিকে গেছে। সে হিসেবে গরমের দেশ সৌদি আরব কিংবা ভারতবর্ষে এ ফ্রিজ-প্রযুক্তি সবচেয়ে আগে আবিষ্কৃত হতে পারত।

যুক্তি তর্ক গল্পালোচনা- বাঙালের জলবায়ু দর্শন: ইঁদুরই কি শ্রেষ্ঠ জীব by ফারুক ওয়াসিফ

গাছের প্রাণ বাঁচাব, না কাঠ বাঁচাব—সে এক জটিল প্রশ্ন বটে। প্রাণ গেলেও ধন বাড়ে, গাছ মেরে কাঠ বিক্রিতে বিশেষ লাভ হয়। কানকুনে বিশ্ব বাঁচানোর নামে যে সভা বসেছে, তার দশাও হয়েছে তেমন। পৃথিবীর জান না বাঁচুক, ক্ষতিপূরণ মিললে মরতে রাজি—কানকুন সম্মেলনের প্রধান সুর এখন এটাই। সেখানে বিচারক ছাড়াই আসামি আর ফরিয়াদি মীমাংসায় বসেছে। প্রকৃতি-বিনাশী আচরণ ধনিক দুনিয়া খুব একটা কমাবে না—এমন সমঝোতা তো গত বছরের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনেই হয়ে আছে।

প্রকৃতি- পাহাড়টির সঙ্গে ধ্বংস হবে ঐতিহ্যও by বিশ্বজিৎ চৌধুরী

পাহাড়, অরণ্য, নদী, হ্রদ ও সমুদ্রের দুর্লভ সহাবস্থান চট্টগ্রামকে যে সৌন্দর্য ও বৈশিষ্ট্য দিয়েছে, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরং প্রকৃতির এই অসাধারণ বিন্যাস কীভাবে ধ্বংস করা হচ্ছে, তা নিয়েই এখন যাবতীয় উদ্বেগ। এই নগরের প্রতিটি অঞ্চলে আজ কান পাতলে শোনা যাবে বুলডোজারের শব্দ, চোখের সামনে ধুলায় মিশে যাচ্ছে পাহাড়ের উদ্ধত মহিমা, বৃক্ষের নিবিড় আশ্রয়। উন্নয়নের নামে নগরে (ইট-কংক্রিটের জঙ্গল বানানোর নাম উন্নয়ন!) চলছে পাহাড় ও বৃক্ষনিধনের এই মহোৎসব।

ম্যাচ হতে দেবে তো বৃষ্টি

কুসংস্কারবাদী হলে বলা যেত, এটা একটা অলক্ষুনে সিরিজ! এই সিরিজে কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না। হোয়াইটওয়াশের আশা নিয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই হার। ফ্লাডলাইটের সমস্যায় দিবারাত্রির ম্যাচ চলে আসে দিনে। এখন চট্টগ্রামও খাচ্ছে নিম্নচাপের লেজের বাড়ি!
ভারতের অন্ধ্র প্রদেশের নিম্নচাপটি কেটে গেলেও সেটির প্রভাবজনিত বৃষ্টি বেশ চাপে ফেলে দিয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজাকে। কাল রাতে এ প্রতিবেদন লেখার সময় গ্রাউন্ডসম্যানদের নিয়ে ফ্লাডলাইট জ্বালিয়ে মাঠের পানি সরানোর কাজ করছিলেন তিনি। মাঠ থেকে জানালেন সর্বশেষ পরিস্থিতি, ‘রাতে যদি আর বৃষ্টি না হয় তাহলে আশা করি, কাল (আজ) দেরিতে হলেও খেলা শুরু হবে। তবে বৃষ্টি হলে ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়বে।’ বাংলাদেশ-জিম্বাবুয়ে আজকের চতুর্থ ওয়ানডেটি তাই অনিশ্চিত দৃষ্টিতে তাকিয়ে আকাশ আর মাঠের দিকে।
চট্টগ্রামের আকাশ কাল সকাল থেকেই মুখ গোমড়া করে ছিল। সকালে জিম্বাবুয়ের অনুশীলনের সময় তো ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেল একপশলা। তবে বৃষ্টিটা ঝমঝমিয়ে নামল দুপুরে বাংলাদেশ দল অনুশীলনে নামামাত্র। ফুটবল নিয়ে মাঠে নামলেও গা-গরম তাই আর হলো না। বৃষ্টির মধ্যে ঘণ্টা তিনেক অনুশীলন হয়েছে ইনডোরে। বৃষ্টি শুধু অনুশীলনেই বিঘ্ন ঘটায়নি, আজ খেলা হলে দলেও আনতে পারে পরিবর্তন। শুরুতে আগের ম্যাচের দলটাকেই এ ম্যাচে খেলানোর কথা থাকলেও বৃষ্টির উৎপাতে একটা বিকল্প সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে। খেলা দেরিতে শুরু হয়ে যদি এটি কর্তিত ওভারের ম্যাচ হয়, সে ক্ষেত্রে দলে একজন ব্যাটসম্যান অদল-বদল হতে পারে বলে দলীয় সূত্রের খবর। সম্ভাব্য বাদ পড়া ব্যাটসম্যানটি জুনায়েদ সিদ্দিক হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে। তাঁর জায়গায় দলে ফেরার দরজা খোলা মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ—দুজনের সামনেই।
বাংলাদেশ দল অবশ্য মনে করছে, বৃষ্টি চট্টগ্রামে দুই ম্যাচের কোনোটিই হতে দেবে না। আবহাওয়ার পূর্বাভাসও এই ধারণাকে সমর্থন করছে। কাল দুপুর আর সন্ধ্যার বৃষ্টিতেই চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণ ১৩ মিলিলিটার। পূর্বাভাস বলছে, হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আজ-কাল দুই দিনই। এই আবহাওয়াবার্তা যদি ভুলও প্রমাণিত হয়, চতুর্থ ম্যাচ নিয়ে শঙ্কা জাগাতে কালকের বৃষ্টিটাই যথেষ্ট। চট্টগ্রামের মন্থর আউটফিল্ড এমনিতেই বড় বড় ঘাসে ঢাকা। তার ওপর মাঠের একটা জায়গায় নাকি বৃষ্টির আগেই কাদার মতো থকথকে হয়ে ছিল! বৃষ্টির পর সেটির কী অবস্থা হবে, তা তো অনুমান করাই যায়।
তার পরও বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দল এবং আয়োজকদের কালকের সব প্রস্তুতি ছিল আজকের ম্যাচটি হবে ধরে নিয়েই। বাংলাদেশ দলের হয়ে মাশরাফি বিন মুর্তজা যেমন বলে গেলেন এ ম্যাচের উইকেটের স্পিন-প্রিয়তার কথা, ‘এখানকার উইকেটে সব সময়ই ঢাকার চেয়ে বেশি স্পিন ধরে। তিন দিনের প্র্যাকটিসে এসে তো দেখেছি অন্যবারের চেয়ে ডাবল স্পিন হচ্ছে! ম্যাচেও স্পিন ধরবে বলেই ধারণা করছি আমরা।’ তবে স্পিন শক্তিতে যেহেতু জিম্বাবুয়েও সমান বলীয়ান, একটা সতর্কবার্তা শুনিয়ে দিলেন তিনি দলের ব্যাটসম্যানদের, ‘ওদেরও (জিম্বাবুয়ে) ভালো স্পিনার আছে। আমাদের ব্যাটিং তাই আরও ভালো করা দরকার। গত ম্যাচে কিন্তু সাকিব-মুশফিকুরের জুটি না হলে আমরা সমস্যায় পড়ে যেতাম। এই উইকেটে কেউ রান পেলে তাকে অবশ্যই বড় ইনিংস খেলতে হবে।’
জিম্বাবুয়ে দল অবশ্য উইকেট-আবহাওয়া কোনো কিছু নিয়েই ভাবছে বলে মনে হলো না। তাদের ভাবনায় একটা চ্যালেঞ্জই ঘুরপাক খাচ্ছে—সিরিজে ফিরতে হবে। আর সেই চ্যালেঞ্জের দিনে দলটার জন্য বড় সুখবর, কুঁচকির ইনজুরি কাটিয়ে আজ সম্ভবত দলে ফিরছেন অধিনায়ক এলটন চিগুম্বুরা।
সবার আগে একটাই শর্ত—বৃষ্টির বাধা কাটিয়ে আজকের ম্যাচটা হতে হবে। তবে খেলা হলে যেহেতু অপ্রস্তুত আউটফিল্ড আর রহস্যময় উইকেটের আচরণ নিয়েও একটা শঙ্কা থাকে, এ ম্যাচ না হলেও বোধ হয় খুশি হওয়ার লোক পাওয়া যাবে।

জিডিপিতে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন সম্ভব

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু বিদ্যুৎ, জ্বালানিসহ অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা না পাওয়ায় প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত হারে বাড়ানো যাচ্ছে না। এসব সমস্যার সমাধান করা হলে প্রবৃদ্ধির হার সহজেই ৮ থেকে ১০ শতাংশে অর্থাৎ দুই অঙ্কে উন্নীত করা সম্ভব।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ২০৩০: প্রবৃদ্ধি অর্জনের কৌশল’ সংক্রান্ত দিনব্যাপী এক সম্মেলনের ‘প্রবৃদ্ধির নতুন নিয়ামকের খোঁজে’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তাঁরা দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন, বিমান, তথ্যপ্রযুক্তি, আসবাবপত্র ও কারিগরি শিক্ষা প্রভৃতি খাতের উন্নয়নের তাগিদ দেন।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এই সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সার্ক চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভাভিত্তিক আইটিসির বাজার উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক উইলেম ভ্যান ডের জিস্ট। আলোচনায় অংশ নেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান এবং এমসিসিআইয়ের সহসভাপতি ও অ্যাপেক্স এডেলকি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক হোসেন খালেদ।
উইলেম ভ্যান ডের জিস্ট বলেন, বাংলাদেশে দরিদ্রতা কমাতে হলে রপ্তানি আয় বাড়াতে হবে। আর রপ্তানি আয় বাড়াতে হলে পণ্যের বৈচিত্র্য আনতে হবে। এ জন্য বিদ্যুৎ, অবকাঠামো ও শিক্ষাব্যবস্থাসহ বেসরকারি খাতের উন্নয়ন সাধন জরুরি। তিনি রপ্তানি আয় বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও গুরুত্বারোপ করেন।
ভ্যান ডের জিস্ট আরও বলেন, বাংলাদেশের প্রতিবেশী ভারত তথ্যপ্রযুক্তি খাত থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে। কিন্তু বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হলেও এর পরিমাণ খুব কম। তথ্যপ্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করলে বাংলাদেশও এই খাত থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে।
লতিফুর রহমান দেশে গ্যাসের পরিবর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুপারিশ করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) প্রয়োজন রয়েছে। তবে স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না। স্থানীয় বিনিয়োগের প্রবৃদ্ধি ভালো হলেই কেবল বিদেশি উদ্যোক্তারা কোনো দেশে বিনিয়োগে আগ্রহী হন।
লতিফুর রহমান আরও বলেন, বাংলাদেশের অনেক উদ্যোক্তা এখন বিশ্বমানের পণ্য উৎপাদন করে বিভিন্ন দেশে রপ্তানি করছেন। এই সুনাম কাজে লাগিয়ে কিছু কিছু দেশীয় উদ্যোক্তাকে বিদেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়া প্রয়োজন।
আনিসুল হক বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে ভালো অবকাঠামোর পাশাপাশি স্থিতিশীল রাজনীতিও প্রয়োজন। সংঘাতময় রাজনীতি দেশের ভাবমূর্তি নষ্ট করে, যা দেশের রপ্তানি আয় বাড়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের রপ্তানিও বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে তিনি সরকারিভাবে নীতি-সহায়তার তাগিদ দেন।
নাসিম মঞ্জুর বলেন, বর্তমানে জনশক্তি রপ্তানি খাতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। কিন্তু দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে এই আয় আরও অনেক বাড়ত। তিনি দেশের জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে স্থানীয়ভাবে ইলেকট্রনিক শিল্প স্থাপন, আসবাবপত্রশিল্পের বিকাশ, কারিগরি শিক্ষার উন্নয়ন ও অধিক মূল্য সংযোজন হয় এমন ধরনের পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেন।
হোসেন খালেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পর্যটন, অটোমোবাইল, জাহাজ নির্মাণশিল্প, বিমান পরিবহনসহ নতুন নতুন খাতে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অবস্থানগত কারণে অন্যান্য দেশের বিমানে তেল সরবরাহের মাধ্যমে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তিনি দেশে উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও টেকসই বিনিয়োগ পরিবেশের বিষয়ে জোর দেন।

আইএমএফ, কেন্দ্রীয় ব্যাংক ও এসইসির চাপে টানা দরপতন

এক বছর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রথাগত ব্যাংকিং কার্যক্রমের বাইরে পুঁজিবাজারে ব্যাংকগুলোর সম্পৃক্ততা বৃদ্ধি নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল। কিন্তু পরিস্থিতি তাদের পূর্বাভাসের চেয়েও ভয়ংকর। অনেকগুলো বেসরকারি ব্যাংক তাদের মুনাফা ও অর্থ লগ্নির প্রধান উৎস করে ফেলেছে পুঁজিবাজার।
ব্যাংকগুলোকে অনুসরণ করে অনেক বেসরকারি উদ্যোক্তাও শিল্পঋণ নিয়ে সেই অর্থ পুঁজিবাজারে লগ্নি করে ফেলেছে। কিন্তু আর্থিক এই বিশৃঙ্খলাকে দ্রুত সংশোধনের পরামর্শ দিয়েছে আইএমএফ পর্যবেক্ষণ দল। তারা ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। আর্থিক খাতে ঝুঁকি বিশ্লেষণ করার জন্য ৫০টি বিষয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য জানতে চেয়েছে তারা। এর মধ্যে একটি উল্লেখ্যযোগ্য হলো ব্যাংকগুলো পুঁজিবাজারে কী পরিমাণ বিনিয়োগ করেছে তার তথ্য। ধারণা করা হচ্ছে, এর প্রতিফলন গিয়ে পড়ছে দেশের শেয়ারবাজারেও। গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক নেমে গেছে ১৮৫ পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক পড়েছে ৫০৩ পয়েন্ট।এর আগে অবশ্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ নামিয়ে আনার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত নভেম্বরের মধ্যেই এসব অর্থ সমন্বয়ের নির্দেশ রয়েছে। জানা গেছে, যেসব ব্যাংক এখনো সীমার মধ্যে অর্থাৎ আমানতের ১০ শতাংশের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ নামিয়ে আনতে পারেনি, তাদের কাছে ব্যাখ্যা চাইতে পারে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে যেসব বেসরকারি উদ্যোক্তা শিল্প ঋণসহ অন্যান্য বাণিজ্যিক ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে সেসব বিনিয়োগের অর্থ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর তার আগে ১৪ ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে তাদের এক কোটি টাকা বা তার বেশি ঋণের টাকা প্রকৃত খাতে ব্যবহার হয়েছে কিনা সে তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। ফলে অনেকটা বাধ্য হয়ে চড়া দামে কেনা শেয়ার বিক্রি করতে হচ্ছে কারও কারও। এই বিক্রির চাপেই বাজারে পরপর দুদিন অব্যাহত পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ‘বাংলাদেশ: ফাইনান্সিয়াল সিস্টেম স্ট্যাবিলিটি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে এক বছর আগে বলেছিল সাম্প্রতিক বছরগুলোতে দেশের ব্যাংকগুলো প্রথাগত ব্যাংকিং কর্মকাণ্ডের বাইরের কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়ে নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। ব্যাংকগুলো ক্রমশই পুঁজিবাজারের কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা জোরদার করছে। আর একই কাজটি হচ্ছে, হয় সরাসরি অথবা সহযোগী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের মাধ্যমে। শেয়ারবাজারে পতন ঘটলে তা কোনো কোনো ব্যাংকের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। অবশ্য সে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতায়।বাজার বিশেষজ্ঞরা বলছেন, নতুন ও অনভিজ্ঞ বিনিয়োগকারীরা বাজারে কোনো কিছু না বুঝেই ঢুকে পড়ছে। আর এ সুযোগের ফায়দা নিচ্ছে একটি চক্র। ব্যাংকসহ অন্যান্য বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান এই খেলায় জড়িয়ে পড়েছে। অনেকগুলো ব্যাংক বার বার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও মোট আমানতের ১০ শতাংশের বেশি অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করে বসে আছে। অনেক বেসরকারি ব্যাংকের নজরদারির দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তারাও ব্যাংক থেকে শিল্পঋণ নিয়ে পুঁজিবাজারে নেমে পড়েছে। এখন শৃঙ্খলার প্রশ্ন আসায় বাজারে তার চাপ বাড়ছে।এ ব্যাপারে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার প্রথম আলোকে বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়ন্ত্রক সংস্থা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর আগে দেশের শেয়ারবাজার ছোট ও অনুন্নত থাকার ফলে অনেক নিয়মকানুন প্রয়োগের ব্যাপারে শৈথিল্য দেখানো হয়েছে। এখন তা আর চলতে দেওয়া হবে না। বিনিয়োগকারীদেরও শেয়ারের মান ও বাজার পরিস্থিতি বুঝে বিনিয়োগ করতে হবে।জানা গেছে, নিয়মবর্হিভূত হলেও আগে অ্যাকাউন্ট-পেইয়ি বা ক্রস চেক ব্রোকারেজ হাউসে জমা দিয়ে শেয়ার কেনা যেত। কিন্তু গত ৬ ডিসেম্বর থেকে অ্যাকাউন্ট-পেইয়ি চেক দিয়ে শেয়ার কেনার সুবিধা বন্ধ করা ও এ নিয়ম প্রতিপালনে সবাইকে বাধ্য করা হচ্ছে।ফলে শেয়ারবাজারে হঠাৎ করে তারল্য প্রবাহ সাময়িকভাবে কিছুটা কমে গেছে। দুই দিন আগে যেখানে ডিএসইতে তিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, গতকাল তা ছিল দুই হাজার ৫০ কোটি টাকা। আর সিএসইতে গতকাল সর্বমোট লেনদেন হয় ২৩০ কোটি টাকা, আগের দিনে তা ছিল ৩০৯ কোটি টাকা।এ ব্যাপারে সিএসইর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংক ও এসইসির শক্ত নির্দেশনার কারণে বাজারে ঋণের অর্থ সমন্বয় হচ্ছে। আইএমএফের প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে। তাদের আগমনে এই সমন্বয় দ্রুত করার জন্য চাপ আরও বেড়েছে। ফলে সার্বিকভাবে সমন্বয়ের একটি চাপে পড়েছে দেশের পুঁজিবাজার।অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস অব বাংলাদেশের (এইমস) প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে সব সময়ই দাতাদের চাপে সংস্কার ও শৃঙ্খলার বিষয়টি প্রয়োগ করা হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো নিজ উদ্যোগেই এসব পদক্ষেপ নিতে পারে। এতে করে সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা আরও বাড়ে।’

বাজারে শেয়ার ছাড়ছে শিপিং করপোরেশন

বাংলাদেশ শিপিং করপোরেশন তাদের ৬২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ২৫৯তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১০০ টাকা এবং প্রিমিয়াম ৯০০ টাকা হিসাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে এক হাজার টাকা। এর পাশাপাশি সভায় জানানো হয় শিপিং করপোরেশন ২০০৯-১০ অর্থবছরে ১৩ কোটি ৩৪ লাখ টাকা লাভ করেছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাণিজ্য) আবদুল কুদ্দুস, শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাকসুমুল কাদের, মহাপরিচালক (অর্থ) চৌধুরী সালেহ আহমেদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

স্মরণ- আজও প্রাসঙ্গিক বেগম রোকেয়া by মু. আবদুল জলিল মিয়া

নিশ শতকের শেষদিকে সময়টা ছিল যুগপৎ হিন্দু ও মুসলমান নারীদের জন্য অন্ধকার যুগ। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়েদের কঠোর পর্দা মেনে চলতে হতো। বিনা প্রয়োজনে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া ছিল নিষিদ্ধ। তাদের লেখাপড়া করার তেমন সুযোগ ছিল না, কেবল ঘরের কাজকর্ম শেখানো হতো। তারা নিজ গৃহে বা স্থানীয় মক্তবে আরবি, ফারসি শিখত। হিন্দু নারীরাও ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে কুয়েত আগ্রহী

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত ইব্রাহিম আল যুফাইরি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে নিজের পরিচয়ত্র পেশ করে এ কথা বলেন।
কুয়েতি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কুয়েত বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করতে আমাদের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন।’
রাষ্ট্রপতি এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে মানসম্মত তৈরি পোশাক সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধ এবং চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি করতে কুয়েতের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশের জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি শ্রমিক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাঁচ হাজার সদস্য কুয়েতে কর্মরত রয়েছেন।

পশ্চিমবঙ্গে মাওবাদীদের ৪৮ ঘণ্টার বনেধর ডাক

পশ্চিমবঙ্গে মাওবাদীদের রাজ্য সম্পাদক সুদীপ চোংদার ওরফে কাঞ্চনসহ আরও চার শীর্ষ মাওবাদী নেতার অবিলম্বে মুক্তির দাবিতে আজ বুধবার থেকে পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টার বনেধর ডাক দিয়েছে মাওবাদীরা। গত শনিবার কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স রাজ্যের বিভিন্ন স্থান থেকে ওই নেতাদের গ্রেপ্তার করে।
পুলিশ মনে করছে, রাজ্যের অন্যত্র এই বন্ধ্ কোনো প্রভাব না ফেললেও রাজ্যের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরা জেলায় এর প্রভাব পড়বে। এ জন্য ওই তিন জেলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ব্রিটেনে আটক তরুণী রাশিয়ার নাগরিক

মস্কোর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে আটক তরুণীকে নিজ দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ কথা জানিয়েছে।
২৫ বছরের তরুণী কাতিয়া জাতুলিভেতারকে গত বৃহস্পতিবার আটক করে। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫-এর উদ্ধৃতি দিয়ে দ্য সানডে টাইমস পত্রিকা জানিয়েছে, ওই তরুণী রাশিয়ার গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছিলেন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনা হবে তুরস্কে

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি প্রসঙ্গ নিয়ে আগামী মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত দুই দিনের আলোচনা গতকাল মঙ্গলবার শেষ হয়।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তাঁর দেশের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করা হলে এই আলোচনা ফলপ্রসূ হতে পারে।
জেনেভা আলোচনায় ইরানের পক্ষে সাইদ জলিলি, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক ক্যাথেরিন অ্যাস্টন, জার্মানি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সের প্রতিনিধিরা অংশ নেন।
ইইউ কূটনীতিক ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ‘আমরা প্রায় দুই দিন ধরে বিস্তারিত আলোচনা করেছি। এতে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ইরানের অধিকারের বিষয়টিকে স্বীকৃতি দিই। কিন্তু তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।’
ইরানের আলোচক সাইদ জলিলি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আলোচনা চালিয়ে যাওয়া হবে। জানুয়ারির ২১ থেকে ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে যেকোনো দিন তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও আলোচনা শুরু হবে।’

পাকিস্তানের নিন্দা করলেন সারকোজি

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি পাকিস্তান তার সীমান্ত এলাকায় তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের ‘নিরাপদ আশ্রয়’ গড়ে তুলতে দেওয়ার জন্য দেশটির নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসী চক্র পাকিস্তানে আশ্রয় নিয়ে প্রতিবেশী দেশ ভারতের ওপর হামলা চালাবে, এটা মেনে নেওয়া হবে না। ভারত সফরের শেষ দিনে গতকাল মঙ্গলবার ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তিনি এ কথা বলেন।
হামলার শিকার হওয়া মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল ওবেরয়ে গতকাল সারকোজি বলেন, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত সীমান্ত এলাকায় সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। তারা সেখান থেকে ভারতে ও আফগানিস্তানে অবস্থানরত ফ্রান্সসহ অন্যান্য দেশের সেনাদের ওপর হামলা চালাচ্ছে। এ অবস্থা মেনে নেওয়া যায় না।
সারকোজি বলেন, ‘জঙ্গিরা পাকিস্তানে আশ্রয় নিয়ে তাদের সন্ত্রাসী তৎপরতা চালাবে—সেটা আফগানিস্তান এবং সেখানে অবস্থানরত আমাদের সেনাবাহিনীর কাছে গ্রহণযোগ্য নয়।’
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি পাকিস্তানকে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’
এর আগে সারকোজি ও তাঁর স্ত্রী কার্লা ব্রুনি মুম্বাই হামলায় নিহত ১৮ পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। গত শনিবার ভারত সফরে এসে গতকাল তিনি দেশের পথে রওনা হন।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে ১৯ রাষ্ট্র

চীনসহ অপর ১৮টি রাষ্ট্র আগামী শুক্রবার নরওয়েতে অনুষ্ঠেয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে। নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। চীনের ভিন্নমতাবলম্বী রাজনৈতিক বন্দী লিউ সিয়াওবোকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রতিবাদে দেশগুলো পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না।
বিবৃতিতে বলা হয়,অনুষ্ঠান বর্জনকারী দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কলম্বিয়া, তিউনিশিয়া, সৌদি আরব, পাকিস্তান, সার্বিয়া, ইরাক, ইরান, ভিয়েতনাম, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ফিলিপাইন, মিসর, সুদান, ইউক্রেন, কিউবা ও মরক্কো। শ্রীলঙ্কা ও আলজেরিয়া এ ব্যাপারে কোনো অভিমত ব্যক্ত করেনি। তবে ৪৪টি দেশ অনুষ্ঠানে যোগ দেবে ।
নোবেল কমিটি সিয়াওবোকে চীনের মানবাধিকার-সংগ্রামের প্রধান প্রতীক হিসেবে অভিহিত করেছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং লিউ জানান, লিউ সিয়াওবোর ব্যাপারে চীনের অবস্থানকে ১০০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে।

জনপ্রিয়তায় বুশ ওবামাকে ছাড়িয়ে গেছেন

ক্রমশ জনপ্রিয়তা ফিরে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বর্তমানে তাঁর জনপ্রিয়তা প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। গত সোমবার এই জরিপের ফল প্রকাশ করা হয়
জরিপের ফলাফলে দেখা গেছে, ইরাক যুদ্ধের কারণে ক্ষমতা ছাড়ার আগে যাঁর জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেই জর্জ বুশ এখন আগের চেয়ে অনেক জনপ্রিয়। গ্যালাপ বলেছে, ২০০৮ সালে মাত্র ২৫ শতাংশ জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন জর্জ বুশ। তবে বর্তমানে তাঁর জনপ্রিয়তা ৪৭ শতাংশে পৌঁছেছে। গ্যালাপ ওবামার আগে গত ৫০ বছরে দায়িত্ব পালনকারী নয়জন সাবেক প্রেসিডেন্টের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায়। জরিপে জন এফ কেনেডি সবচেয়ে এগিয়ে আছেন। তাঁর জনপ্রিয়তার হার ৮৫ শতাংশ। ৭৪ শতাংশ জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন রোনাল্ড রিগ্যান। জনপ্রিয়তার দিক দিয়ে বুশের অবস্থান অষ্টম। সাবেক প্রেসিডেন্টদের জনপ্রিয়তা নিয়ে পরিচালিত জরিপের বাইরে আলাদা একটি জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকের কাছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামার বর্তমান জনপ্রিয়তা রয়েছে ৪৬ শতাংশ। সেদিক থেকে তিনি বুশের চেয়ে পিছিয়ে আছেন।

মিসরে পার্লামেন্ট নির্বাচনে মোবারকের দলের নিরঙ্কুশ জয়

মিসরের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হোসনি মোবারকের দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। পার্লামেন্টের ৫০৮টি আসনের মধ্যে ৪২০টিই পেয়েছে এনডিপি।
তবে প্রধান দুই বিরোধী দল ও পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন নির্বাচন নিয়ে অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন।
গত সোমবার রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিরোধী দল পেয়েছে মাত্র ১৪টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭০টি আসনে। চারটি আসনের ফল বাতিল করা হয়েছে

তিন দেশের নিরাপত্তা বাড়াতে গোপন পরিকল্পনা করে ন্যাটো

সামরিক জোট ন্যাটো রাশিয়ার যেকোনো হুমকি মোকাবিলায় বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার প্রতিরক্ষা-ব্যবস্থা বাড়ানোর গোপন পরিকল্পনা করে। উইকিলিকসে প্রকাশিত নথির বরাত দিয়ে গার্ডিয়ান পত্রিকা গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে উইকিলিকসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, জঙ্গিদের হাতে যাতে অস্ত্র না পৌঁছায়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে আরব দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র। ইরান ও সিরিয়ায় ইসলামি জঙ্গিদের হাতে অস্ত্র সরবরাহে বাধা দিতে প্রত্যক্ষভাবে কাজ করে ওয়াশিংটন।
উইকিলিকসের তথ্য অনুযায়ী, ন্যাটো রাশিয়ার ‘হুমকি’ থেকে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে রক্ষায় গোপন পরিকল্পনা করে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও জার্মানির আহ্বানে ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসিলিয়ায় এ পরিকল্পনার খসড়া করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই পরিকল্পনায় স্বাক্ষর করেন। বিষয়টি জানাজানি হলে ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে এই পরিকল্পনা গোপন রাখা হয়। ২০০৮ সালে রাশিয়া-জর্জিয়া যুদ্ধের পর বাল্টিক তিন রাষ্ট্রের প্রতিরক্ষা-ব্যবস্থা জোরদার করতে এই পরিকল্পনা নেওয়া হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্র পোল্যান্ডের নিরাপত্তা বাড়ানোরও প্রস্তাব দেয়। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা-ব্যবস্থা বাড়াতে ওই অঞ্চলের দুটি বন্দরে বিশেষ নৌসেনা মোতায়েনেরও প্রস্তাব দেওয়া হয়।
গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের রাজধানী লিসবনে গত মাসে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনে জোটের নেতারা খসড়া গোপন ওই পরিকল্পনার অনুমোদন দেন। লিসবন সম্মেলনেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা এবং আরও কিছু নিরাপত্তা ইস্যুতে একমত হয় রাশিয়া ও ন্যাটো। এর মধ্য দিয়ে রাশিয়া-জর্জিয়া যুদ্ধের পর ন্যাটোর সঙ্গে রাশিয়ার নতুন সম্পর্কের সূচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের নীতি গ্রহণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, পোল্যান্ড ও তিন বাল্টিক রাষ্ট্র আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, পোল্যান্ডসহ ন্যাটো জোটের নয়টি ডিভিশন একসঙ্গে অভিযান চালাবে। এই পরিকল্পনা অনুযায়ী আগামী বছর বাল্টিক অঞ্চলে সাময়িক মহড়া চালানোর কথা রয়েছে ন্যাটোর।
এর আগে জার্মানিসহ পশ্চিম ইউরোপের দেশগুলো রাশিয়ার উদ্বেগের কারণে বাল্টিক অঞ্চলে ন্যাটোর ওই পরিকল্পনার বিরোধিতা করেছিল।
উইকিলিকসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে দেখা যায়, সিরিয়া লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে গোপনে অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র এর প্রতিবাদ জানায়।
গত ফেব্রুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘সিরিয়া আমাদের নিশ্চিত করেছে, তারা নতুন করে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ করছে না। আমরা এ ব্যাপারে সচেতন আছি।

কলম্বিয়ায় ভূমিধসে ১৪৫ জন নিখোঁজ, ২৩ লাশ উদ্ধার

কলম্বিয়ায় ভূমিধসে এখনো ১৪৫ জন নিখোঁজ রয়েছে। এদের সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত সাতজনকে জীবিত এবং ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার কর্মকর্তারা এ কথা জানান।
গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতের পর গত রোববার দেশটির এন্টিওকুইয়া প্রদেশের রাজধানী মেডিলিন শহরের পাহাড়ি এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৫০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এরপর ওই এলাকার হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
সরকারের এক মুখপাত্র জানান, এ পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মেডেলিন থেকে বিবিসির সংবাদদাতা জানান, উদ্ধার হওয়া লাশের মধ্যে অনেক শিশু রয়েছে। ঘটনার সময় তারা রাস্তায় খেলা করছিল বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় আবারও ভূমিধস হতে পারে—এ আশঙ্কায় উদ্ধারকর্মীদের দ্রুত কাজ সেরে ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়েছে।
কলম্বিয়া রেডক্রসের উপপরিচালক সেজার উরুয়েনা জানান, ঘটনার পর থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারে কয়েক শ উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন।
মেডেলিন শহরটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। ওই পাহাড়ে দরিদ্র লোকেরা ঝুঁকি নিয়ে বসবাস করে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়।
এর আগে গত শনিবার কলম্বিয়ার রেডক্রস জানায়, দেশটিতে চলতি বর্ষাকালের ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। কলম্বিয়ায় গত কয়েক দশকে এত বৃষ্টিপাত হয়নি।

রেডিও অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির অংশগ্রহণে একটি প্রশ্ন-উত্তরের অনুষ্ঠান প্রচার করছে রেডিও ফ্রি এশিয়া। বার্মিজ ভাষায় প্রচারিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিয়ানমারের জনগণ এই প্রথমবারের মতো সু চির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেল।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ওই রেডিওর এ অনুষ্ঠানে টেলিফোনে কিংবা ই-মেইল পাঠিয়ে প্রশ্ন করা যায়। রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) এক মুখপাত্র জানিয়েছেন, ‘ডাও অং সান সু চি অ্যান্ড দ্য পিপল’ নামের এ অনুষ্ঠান গত ৩০ নভেম্বর প্রচার করা হয়। প্রথম দিন মিয়ানমারের ছয়জন প্রবাসী নাগরিক প্রশ্ন করেন। প্রশ্নকারীদের মধ্যে চিকিৎসক, কার্টুনিস্ট, ছাত্রনেতা, বৌদ্ধভিক্ষু ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা রয়েছেন। এক প্রশ্নের জবাবে সু চি বলেন, ‘মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করা হয়েছে। আরও করা হতে পারে। আমরা চেষ্টা করছি, এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায় কি না।’
আরএফএ বারমিজের পরিচালক নিয়েইন শয়ে বলেন, এখন থেকে প্রতি শুক্রবার সান্ধ্য অধিবেশনে এ অনুষ্ঠান প্রচার করা হবে। মিয়ানমারের প্রাপ্তবয়স্কদের অন্তত ২০ শতাংশ এ অনুষ্ঠান শোনেন। ইতিমধ্যে বহু শ্রোতা টেলিফোনে ও ই-মেইল পাঠিয়ে অনেক প্রশ্ন করেছেন।
শান্তিতে নোবেলজয়ী সু চিকে গত ২১ বছরের মধ্যে অন্তত ১৫ বছর গৃহবন্দী করে রাখে জান্তা সরকার। গত ১৩ নভেম্বর সে দেশের গণতন্ত্রের প্রতীক এ নেত্রীকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে তিনি জনসংযোগ করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এবার রেডিও অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন।
নিয়েইন শয়ে বলেন, মিয়ানমারের সরকারি প্রচারমাধ্যমে এ ধরনের জনমত প্রকাশের কোনো সুযোগ নেই। প্রায় পাঁচ কোটি মানুষের এই দেশে এই প্রথম রেডিওতে প্রচারিত অনুষ্ঠানে সু চির মতো নেত্রীকে প্রশ্ন করার সুযোগ পেয়ে অনেক শ্রোতাই দারুণ আনন্দিত। শ্রোতাদের কেউ কেউ জানিয়েছেন, সু চি আবারও এ ধরনের কোনো অনুষ্ঠানে কথা বলবেন, সু চিকে প্রশ্ন করা যাবে, স্বপ্নেও কল্পনা করেনি সাধারণ মানুষ।
এদিকে মিয়ানমারের সব রাজনৈতিক কারাবন্দীকে মুক্তি দেওয়ার জন্য দেশটির জান্তা সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার এক বিবৃতিতে এ কথা বলা হয়।
সম্প্রতি জাতিসংঘের বিশেষ দূত বিজয় নাম্বিয়ার মিয়ানমার সফর করেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের ডাকা এক সভায় সোমবার নাম্বিয়ার বক্তব্য দেন। ‘গ্রুপ অব ফ্রেন্ড’-এর এ সভায় বান কি মুন ছাড়াও ব্রিটেন, চীন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারতসহ ১৪টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বিবৃতিতে বলা হয়, সভায় অংশগ্রহণকারীরা মনে করেন, গণতন্ত্রের পথে উত্তরণের জন্য মিয়ানমারের জান্তা সরকারের উচিত, সু চির সঙ্গে আলোচনায় বসা। এ ছাড়া সে দেশের সব রাজনৈতিক কারাবন্দীকে মুক্তি দেওয়া।

সেই অ্যাডিলেডেই ইংল্যান্ডের উৎসব

ভরসার একটি শেষ কাল খেলা শুরুর অনেক আগেই। অ্যাডিলেডের ঝকঝকে আকাশ পন্টিংদের জানান দিচ্ছিল, বৃষ্টির আশা বাদ দেওয়াই ভালো। ভরসার আরেক জায়গা শেষ খেলা শুরুর মিনিট বিশেকের মধ্যে। দিনের ষষ্ঠ ওভারে স্টিভেন ফিনকে পুল করতে গিয়ে বল আকাশে তুললেন মাইক হাসি, মিড উইকেটে জেমস অ্যান্ডারসন যেন বল নয়, ধরলেন ইংল্যান্ডের জয়কে।
লোয়ার অর্ডার? ওয়ার্ন-লি-গিলেস্পিদের শূন্যতা অস্ট্রেলিয়াকে বোলিংয়ে অবশ্যই ভোগায়, ব্যাটিংয়েও কি নয়? ওয়ার্নদের সময় লেজ থেকে বড় রানের জোগান আসত অস্ট্রেলিয়ার, এই অস্ট্রেলিয়ার লেজ টিকটিকির লেজের মতো!
অ্যাডিলেডের আকাশ ভেঙে বৃষ্টি নামল দুপুর দুইটা পাঁচে, কিন্তু অস্ট্রেলিয়া শেষ এর অনেক আগেই। স্বাগতিকদের টেস্ট বাঁচানোর আশা আসলে ফিরে গেছে হাসির সঙ্গী হয়েই। দ্বিতীয় নতুন বলে তৃতীয় ওভারেই মূল বাধাকে সরানোর পর জয়ের আনুষ্ঠানিকতা সারতে ইংল্যান্ডের সময় লেগেছে ঘণ্টা দেড়েক। ১১৮ বছর পর অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবিয়ে চার বছর বয়ে বেড়ানো ভূতটাকে মাটিচাপা দিয়েছে ইংল্যান্ড। ২০০৬-এর ডিসেম্বরে অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৫১ রানে ইনিংস ঘোষণা করেও ইংল্যান্ড যাচ্ছেতাইভাবে হেরেছিল দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতায়।
অ্যাশেজ ধরে রাখায় এক পা এগিয়ে যাওয়ার চেয়েও ইংল্যান্ড শিবিরে বেশি আনন্দ চার বছর আগের ভূত তাড়ানোয়। ওই টেস্টে প্রথম ইনিংসে ১৫৮ করেও পরাজিত দলে থাকা পিটারসেনের প্রতিক্রিয়া, ‘সেরা অনুভূতিটা হয়েছে এবার ম্যাচ জিতে ড্রেসিংরুমে ঢোকার পর। চার বছর আগের ড্রেসিংরুম ছিল ভয়াবহ—নীরব ও নেতিবাচক একটা ড্রেসিংরুম, এখনকার মতো ঐক্যও ছিল না তখন।’ স্ট্রাউসের কণ্ঠেও ছিল একই সুর, ‘চার বছর আগের ভূতটাকে চাপা দেওয়াই সবচেয়ে বড় স্বস্তি। গত কিছুদিন আমরা অসাধারণ খেলেছি। আপনি আত্মবিশ্বাসী থাকলে অনেক কিছুই পক্ষে ঘটতে থাকবে, সেটির জন্য জীবনপাত করতে হবে না।’
শুধু ভূত তাড়ানোই নয়, স্ট্রাউসের দলের অর্জনের খাতাটা সমৃদ্ধ হয়েছে নানাভাবে। এই জয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টেস্ট জয়ের সেঞ্চুরি হলো ইংলিশদের। সেটিও দুই যুগ পর অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংসে হারানোর মাধ্যমে। সর্বশেষ কীর্তিটি ছিল ১৯৮৬ সালের বক্সিং ডে টেস্টে মাইক গ্যাটিংয়ের দলের। সব মিলিয়ে ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পার্থ টেস্টের পর এই প্রথম অস্ট্রেলিয়া দেশের মাটিতে ইনিংসে হারল। কাল শেষ ৩ উইকেট নিয়ে ২৬ টেস্টের ক্যারিয়ারে দশমবারের মতো ইনিংসে ৫ উইকেট হয়ে গেছে সোয়ানের। ১৯৭৫ সালে ডেরেক আন্ডারউডের (৭/১১৩) পর অ্যাডিলেডে প্রথম ৫ উইকেট পেলেন কোনো ইংলিশ স্পিনার।
বরাবরই রান-প্রসবা অ্যাডিলেডের উইকেটে ৩ উইকেটে ২ আর প্রথম ইনিংসে ২৪৫, অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের ধারণা ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে ওখানেই, ‘এমন জঘন্য শুরুর পর ফিরে আসা কঠিন। আমাদের প্রয়োজন ছিল বড় একটা রান, ২৪৫ মোটেও যথেষ্ট ছিল না। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—সব দিক দিয়েই ইংল্যান্ড এগিয়ে ছিল আমাদের চেয়ে। ওরা আমাদের খুব চাপে রেখেছিল, আমাদের এ থেকে পথ খুুঁজে বের করতে হতো।’
অস্ট্রেলিয়া পথ খুঁজে পায় কি না, উত্তর মিলবে সপ্তাহ দেড়েকের মধ্যেই, ১৬ ডিসেম্বর শুরু পার্থ টেস্ট।

আর্সেনাল-রোমার অপেক্ষা শেষ?

ড্রয়ের পর ‘এইচ’ গ্রুপে ফেবারিট বলে মানা হচ্ছিল আর্সেনালকেই। কিন্তু সর্বশেষ দুই ম্যাচ হেরে পরিস্থিতিটা এমন যে, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে আজ পার্টিজান বেলগ্রেডের বিপক্ষে জয় ছাড়া উপায় নেই গানারদের। আশা আছে ড্র করলেও, তবে সে ক্ষেত্রে নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের ওপর। সেই ঝুঁকিতে নিশ্চয়ই যেতে চাইবে না সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে আসা ওয়েঙ্গারের দল।
আজ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার ম্যাচ রোমারও। রুমানিয়ায় সিএফআর ক্লুজের বিপক্ষে প্রয়োজন স্রেফ একটি পয়েন্ট। সর্বশেষ ম্যাচে বর্তমান রানার্সআপ ও গ্রুপ শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়ে দেওয়া ‘ইতালিয়ান দৈত্যে’র জন্য কাজটা কঠিন হওয়ার কথা নয়।
হিসাব একটা আছে ‘জি’ গ্রুপেও। এই গ্রুপ থেকে উত্তরণ নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। তবে ইউরোপা কাপে জায়গা পেতে লড়াই চলছে নিচের দুই দল আয়াক্স আমস্টারডাম ও অজেরির। প্রতিটি গ্রুপের তৃতীয় দল খেলবে ইউরোপা কাপের নকআউট পর্বে। ৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা আয়াক্সের প্রতিপক্ষ আজ মিলান, ৩ পয়েন্ট পাওয়া অজেরির রিয়াল।
আর্সেনাল-পার্টিজান প্রথম দেখার ফল ছিল ৩-১। প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল আর্সেনাল। আগের ৫ ম্যাচে একটি পয়েন্টও পায়নি সার্বিয়ান ক্লাবটি, নিজেদের মাঠে আর্সেনালের তাই আরও ব্যবধানেই জেতার কথা। তবে কাজটা কঠিন স্পোর্টিং ব্রাগার। এবারই টুর্নামেন্টে অভিষিক্ত পর্তুগিজ ক্লাবটির পয়েন্ট আর্সেনালের সমান (৯), তবে আজ খেলতে হবে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শাখতার দোনেৎস্কের সঙ্গে। এই ম্যাচ ড্র হলে নকআউট পর্বে চলে যাবে শাখতার, ব্রাগাকে তাকিয়ে থাকতে হবে আর্সেনালের ম্যাচের দিকে।
ব্রাগা-আর্সেনাল দুদলই জিতলে তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে ১২। তাতেও কোনো সমস্যা নেই আর্সেনালের। তিন দলের মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ড প্রায় নিশ্চিত গানারদের, ব্রাগার কাছে চার গোলের ব্যবধানে না হারলে উঠে যাবে ইউক্রেনের ক্লাব শাখতারও।
গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ-তৃতীয় সবই ঠিক হয়ে যাওয়ায় ‘এফ’ গ্রুপে কোনো হিসাব-নিকাশের বালাই নেই। তবে আছে আবেগের এক ম্যাচ। গ্রুপ শীর্ষে থাকা চেলসি খেলবে দুইয়ে থাকা মার্শেইয়ের বিপক্ষে, ফরাসি ক্লাবটি ছেড়ে যাওয়ার ছয় বছর পর এই প্রথম স্টাডে ভেলোড্রোমে পা রাখবেন চেলসি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা।

দুই গ্রেটের যুদ্ধ

মাঠের লড়াইয়ে বারুদ নেই দেখেই হয়তো উত্তেজনা ছড়ানোর দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিলেন দুই দেশের দুই গ্রেট! ব্রিটিশ দৈনিক দ্য মেইলের খবর অনুযায়ী, অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন শেষে প্রায় হাতাহাতি লেগে গিয়েছিল ইয়ান চ্যাপেল ও ইয়ান বোথামের! চ্যানেল নাইন ও স্কাই টিভির লোকজন না ছাড়ালে নাকি কেলেঙ্কারিই হতো।
মেইল-এর বর্ণনা অনুযায়ী, স্কাই টিভির গাড়ির জন্য অ্যাডিলেড ওভালের কার পার্কিংয়ে অপেক্ষা করছিলেন বোথাম, পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে কিছু একটা নাকি বলেছিলেন চ্যানেল নাইনের ধারাভাষ্যকার চ্যাপেল। পাল্টা জবাব দিতে সময় নেননি বোথামও। কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনই হাতের ব্যাগ ফেলে তেড়ে যান। চ্যানেল নাইন ও স্কাই টিভির লোকজন দুজনের মধ্যকার তিক্ততার ইতিহাস জানতেন বলেই মাঝখানে দাঁড়িয়ে যান।
দুজনের বৈরিতার শুরু ১৯৭৭ সালে। ২১ বছর বয়সী বোথামের তখনো টেস্ট অভিষেক হয়নি, অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ক্লাব ক্রিকেট খেলতে। সেখানে এক পাবে দুজনের মধ্যে তুমুল গন্ডগোল লেগে যায়। এর পর থেকেই তাঁরা একে অন্যের চক্ষুশূল। অসংখ্যবার একসঙ্গে ধারাভাষ্য দিয়েছেন দুজন, কিন্তু ১৯৮০ সালের পর থেকে কথা বলেননি একে অপরের সঙ্গে।

চট্টগ্রামেও কি স্পিন-উৎসব!

জিম্বাবুয়ের জন্য চট্টগ্রামের স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০০৫ সালে তাদের হারিয়ে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল এই শহরে। সবচেয়ে দগদগে দুঃসহ স্মৃতি যেটা এখনো হয়তো তাদের পুড়িয়ে মারে, সেটি গত সফরের। ২০০৯ সালের ৩ নভেম্বর সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের অবস্থাটা হয়েছিল সংস্কারকাজ চলায় বর্তমানে বিধ্বস্ত জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামের মতোই।
মাত্র ৪৪ রানে অলআউট। দর্শক মাঠে আসতে না আসতেই ম্যাচ শেষ। আর এই ধ্বংসযজ্ঞের মূল নেতৃত্বে ছিলেন স্পিনাররা। সেই ধারাবাহিকতায় এবারও চলছে রাজ্জাকদের উৎসব। সেই শঙ্কা থেকেই কিনা কাল মাঠে ঢুকেই উতসেয়া চলে গেলেন উইকেটের কাছে। কথা বললেন কিউরেটর জাহিদ রেজার সঙ্গে। অনেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন দুঃসহ দিনের কথা মনে করিয়ে দেওয়া সেই তিন নম্বর উইকেটটি।
এবারও এই উইকেটে হবে সিরিজের শেষ ম্যাচ। তার আগে শুক্রবার চতুর্থ ম্যাচটির জন্য প্রস্তুত করা হয়েছে পাঁচ নম্বর উইকেটটি। তবে জিম্বাবুইয়ানদের আশার বাণী শুনিয়েছেন কিউরেটর, ‘এবার অন্তত গতবারের মতো এত কম রান হওয়ার কোনো কারণ দেখি না। দুটো উইকেটই স্পোর্টিং। রান হবে। বোলাররাও সুবিধা পাবে, স্পিনাররা তো বটেই।’
উতসেয়া শুনে খুশি হতে পারেন। তবে আরও বেশি খুশি হবেন বাংলাদেশের স্পিনাররা। চতুর্থ ম্যাচ জিতলেই তো সিরিজ জয়। সেই আশা সঙ্গে নিয়েই কাল বিকেল পাঁচটার দিকে ‘রাজ্জাক আইলো’ চট্টগ্রামে। সঙ্গে পুরো বাংলাদেশ দল।
তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়া রাজ্জাকের ওপর ভর করে বাংলাদেশ সিরিজে ২-১-এ এগিয়ে আছে এখন। চট্টগ্রামেই হবে সিরিজের নিষ্পত্তি। সাকিব-রাজ্জাকদের এমন দাপটের কারণে জিম্বাবুয়ের কোচ অ্যালান বুচার সিরিজ জয়ের কথা বলতেও সাহস পাচ্ছেন না। তিনি শুধু আশায় আছেন, ‘আমরা আশা করছি, আগের ম্যাচের চেয়ে ভালো খেলব। এই লক্ষ্যে কাজ করছি। আর চট্টগ্রামের মাঠ ভিন্ন। উইকেট কিছুটা ধীরগতির হবে বলে মনে হচ্ছে।’
ইনজুরি কাটিয়ে নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরারও চতুর্থ ম্যাচে মাঠে নামার সম্ভাবনার কথা জানালেন কোচ, যদিও গতকাল বিকেলে জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের যে ৮-৯ জন খেলোয়াড় অনুশীলন করতে এলেন, তাঁদের মধ্যে চিগুম্বুরা ছিলেন না।
জিম্বাবুয়ে-বাংলাদেশ শেষ দুটি ম্যাচের জন্যই বিশ্বকাপের প্রস্তুতিরত এই ভেন্যুতে তড়িঘড়ি করে ড্রেসিংরুম, প্রেসবক্স, ইলেকট্রনিক সাইট স্ক্রিন, বিদ্যুৎ লাইন ইত্যাদির কাজ শেষ করা হয়েছে। তবে আয়োজকদের মুখ সবচেয়ে উজ্জ্বল করেছে ফ্লাডলাইট ও জায়ান্ট স্ক্রিন। ফ্লাডলাইট কেলেঙ্কারির কারণে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি হতে পারেনি। তাই চট্টগ্রামের দুই ম্যাচের একটি কৃত্রিম আলোতে করার চেষ্টা চলছে।
দিবারাত্রির ম্যাচ আয়োজন সম্ভব বলেই জানিয়ে দিলেন ভেন্যু চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ‘ফ্লাডলাইটের মহড়া হয়ে গেছে গত সপ্তাহেই। প্রস্তুত জায়ান্ট স্ক্রিনও। বিদ্যুৎ লাইনও পাওয়া গেছে। তাই ডে-নাইট ম্যাচ না হওয়ার কোনো কারণ দেখি না।’ যখন এ কথা বলছেন, শেষ বিকেলে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল ‘কনগ্র্যাচুলেশন’। জিম্বাবুইয়ানরা তখন নেটে ঘাম ঝরাচ্ছেন।

আলোচনা- উইকিলিকসঃ জুলিয়ান অ্যাসাঞ্জের ত্রিমুখী সংগ্রাম by মশিউল আলম

কসঙ্গে তিন ফ্রন্টে আক্রমণ শুরু হয়েছে উইকিলিকস ও জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে। এক. অব্যাহত হত্যা-অপহরণের হুমকি ও উসকানির মধ্যে সুইডেনে তথাকথিত যৌন অপরাধের অভিযোগে তাঁকে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। দুই. পৃথিবীর কোনো স্থান থেকেই যেন উইকিলিকস ওয়েবসাইটে ঢোকা না যায়, অর্থাৎ তথ্যমহাসড়ক থেকে উইকিলিকসকে সম্পূর্ণ বিতাড়ন করার সর্বাত্মক চেষ্টা চলছে। তিন. উইকিলিকসের অর্থায়নের সব উপায় ও অ্যাসাঞ্জের আর্থিক লেনদেন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার তৎপরতা প্রবল হয়ে উঠেছে। ২৮ নভেম্বর উইকিলিকস মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নথিপত্র প্রকাশ করার সঙ্গে সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা টম ফ্ল্যানাগান সিবিসি টেলিভিশনে বলেন,

মুক্তিযুদ্ধ- মুজিব বললেনঃ তোমাদের এখনই ঢাকা ত্যাগ করা উচিত by সোহরাব হাসান

কাত্তরের মার্চ। ঢাকাসহ সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। পাকিস্তানি প্রশাসন পুরোপুরি অচল। সবকিছু চলছে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের নির্দেশে। পিপিপির নেতা ভুট্টো জানিয়ে দিয়েছেন, যাঁরা ঢাকায় যাবে তাঁদের পা ভেঙে দেওয়া হবে। শেষ ফেব্রুয়ারিতে কয়েকজন সাংসদ এসে ফিরেও গেছেন। এরই মধ্যে একজন পাকিস্তানি নেতা শেখ মুজিবকে টেলেক্স পাঠিয়ে জানতে চাইলেন, ‘তাঁর ঢাকায় আসার প্রয়োজন বোধ করেন কি না।’

আলোচনা- ডিজিটাল-প্র্রযুক্তিই মানুষকে আরও বেশি মানবিক করে! by মুনির হাসান

ত ২৪ নভেম্বর প্র্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় ‘ডিজিটাল-প্র্রযুক্তি কি মানবতাবিরোধী প্র্রবণতা তৈরি করে?’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন শিক্ষক, অধ্যাপক মোহীত উল আলম। লেখাটি ছাপা হওয়ার আগের দিন অর্থাৎ ২৩ নভেম্বর সন্ধ্যায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছি। গুলশানের উপকণ্ঠে গ্রামীণফোনের সদর দপ্তর ভবনটিকে ঢাকার প্র্রথম সবুজ বিল্ডিং বলেছেন অনেকে।

খবর- সংরক্ষিত বনে শুঁটকিপল্লি by এম জসীম উদ্দীন

রগুনার তালতলী থানার সংরক্ষিত নলবুনিয়া বনের মধ্যে শুঁটকিপল্লি গড়ে তোলায় হুমকির মুখে পড়েছে ধ্বংসপ্রায় এ বনের অস্তিত্ব। বন বিভাগের লোকজন নামমাত্র রাজস্ব আদায়ের নামে এই বনের মধ্যে শুঁটকিপল্লি নির্মাণের অনুমতি দিয়েছে। নিয়মানুযায়ী সংরক্ষিত বন এলাকায় এ ধরনের পল্লি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বন কর্মকর্তারা সেই বিধি লঙ্ঘন করে এই পল্লি নির্মাণের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর, কালের কণ্ঠের- ট্রেনের ওপর ট্রেন __ নিহত ১৩

রসিংদী রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ যাত্রী। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সংকেত না মানায় একই লাইনে থাকা চট্টগ্রামগামী মহানগর গোধূলীর সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যায়। চট্টলা এঙ্প্রেসের একটি বগি মহানগর গোধূলীর ইঞ্জিনের উপরে উঠে যায়।

খবর, প্রথম আলোর- সংকেত অমান্য, দুই ট্রেনের সংঘর্ষঃ চালকসহ নিহত ১৩

রসিংদীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই চালকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১৫০ জন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর গোধূলী ও ঢাকাগামী মেইল চট্টলার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনের ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। চট্টলার একটি বগি গোধূলীর ইঞ্জিনের ওপর উঠে যায়। নরসিংদী রেলওয়ে স্টেশন নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, সংকেত (সিগন্যাল) না মেনে চট্টলা ট্রেনটি স্টেশনের হোম সিগন্যালে ঢুকে পড়ায় মহানগর ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আলোচনা- রবীন্দ্রনাথের কৃষি ও পল্লী উন্নয়ন ভাবনা by ড. আতিউর রহমান

নীর সন্তান বলে অনেকেই প্রশ্ন তুলতেন_রবীন্দ্রনাথ কী করে গরিবের দুঃখ বুঝবেন? তবে রবিঠাকুর মনে করতেন, 'আমি ধনীর সন্তান, দরিদ্রের অভাব জানি নে, বুঝি নে, পল্লী উন্নয়নের কোনো সন্ধানই জানি নে, এমন কথা আমি মেনে নিতে রাজি নই।' (সম্ভাষণ, রবীন্দ্র-রচনাবলী, চতুর্দশ খণ্ড, পৃ. ৪০৪)। এ কথা সত্যি যে অনেকেই বিস্মিত হয়েছিলেন, রবীন্দ্রনাথের মধ্যে দারিদ্র্য প্রসঙ্গটি স্থান করে নিল কিভাবে!

আলোচনা- 'ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ঠাঁয় নেই দরিদ্রের উচ্চ শিক্ষা' by শামা মাহজাবীন

ব্রিটেন উচ্চ শিক্ষার ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে দেশটির হাজার হাজার শিক্ষার্থী ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছে। শিক্ষার্থীরা দেশটির নীতিনির্ধারকদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্ত শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবে না। বিশ্ববিদ্যালয়ে টিউশন-ফী বৃদ্ধিতে দরিদ্র শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। বিশ্লেষকরা মনে করছেন ছাত্র আন্দোলন ব্রিটিশ বুনিয়াদি পুঁজিবাদী সমাজব্যবস্থার মূলে আঘাত হেনেছে।

বিশেষ আলোচনা- ফিরে দেখা গঙ্গা চুক্তি by জাহিদুল ইসলাম

কটি নদীর পানির হিস্যা নিয়ে চলল দুই দেশের অর্ধ শতাব্দীর সুদীর্ঘ কূটনৈতিক যুদ্ধ। পাকিস্তান-ভারতের পর বাংলাদেশ-ভারতের এই দীর্ঘ কূটনৈতিক টানাপড়েন চলল ফারাক্কা নামের একটি ব্যারেজকে ঘিরে। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই, যে এই ফারাক্কা ব্যারেজের নাম জানে না, এমন কোনো মানুষ নেই যে, এই ব্যারেজের কারণে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত নয়। অবশেষে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত-বাংলাদেশের ৩০ বছর মেয়াদী গঙ্গাচুক্তির মাধ্যমে আপাত সমাপ্তি ঘটে এই দীর্ঘ তর্ক-বিতর্কের।

আলোচনা- 'সংসদ বর্জনের অপসংস্কৃতি বন্ধ হোক' by মোস্তফা কামাল

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গত রবিবার থেকে। বিরোধী দল বিএনপি যথারীতি সংসদ বর্জন অব্যাহত রেখেছে। বিএনপি নেতারা বলেছেন, তাঁরা এ অধিবেশনে যোগ দেবেন না। সংসদের সপ্তম অধিবেশন শুরুর আগেই স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নিয়েছেন। তিনি গত শনিবার বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে ডেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন। তিনি বিরোধীদলীয় নেতাকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।