Wednesday, May 6, 2026

ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে।

এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

পাকিস্তানি সূত্রটি রয়টার্সের কাছে সেই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

‘অ্যাক্সিওস’ তার প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে।

শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা (সমঝোতার) একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্ভাব্য এ চুক্তির শর্তাবলি সম্পর্কে অ্যাক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে।

তথ্যসূত্র: রয়টার্স

হরমুজ প্রণালিতে ইরানের নৌযানের টহল
হরমুজ প্রণালিতে ইরানের নৌযানের টহল। ফাইল ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ: চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে চীন।

বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত। এ মুহূর্তে ওই অঞ্চলে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি ‘সংকটপূর্ণ মোড়ে’ দাঁড়িয়ে আছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি বৈঠক হওয়া প্রয়োজন।

এদিকে চীনের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বেইজিং প্রমাণ করেছে তারা ইরানের ‘ঘনিষ্ঠ বন্ধু’।

ইরানের বিরুদ্ধে এ যুদ্ধকে সরাসরি আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন আরাগচি। তিনি আরও বলেন, তেহরান আলোচনার মাধ্যমে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। তবে তারা শুধু একটি ‘ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ চুক্তি’ মেনে নেবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

চীনের বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (মাঝের সারিতে ডানে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির (মাঝের সারিতে বাঁয়ে) বৈঠক
চীনের বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (মাঝের সারিতে ডানে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির (মাঝের সারিতে বাঁয়ে) বৈঠক। ছবি: রয়টার্স

হরমুজ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। তবে এ সময়ও ইরানের ওপর আরোপিত নৌ–অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

ট্রাম্প লিখেছেন, ‘আমরা পরস্পর একমত হয়েছি যে অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকলেও প্রজেক্ট ফ্রিডম স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে। মূলত (শান্তি) চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব কি না, তা যাচাই করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে ট্রাম্পের এ বার্তার বিষয়ে আজ বুধবার সকালে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটি ছাড়তে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের চেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।

তথ্যসূত্র: রয়টার্স ও আল–জাজিরা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ড্রোনের তৎপরতা রুখে দেওয়ার দাবি ইরানের

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। একে ড্রোনের অনুপ্রবেশ রুখে দেওয়ার ফল হিসেবে দাবি করেছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক’-এর প্রতিবেদনে বলা হয়, সেখানে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

হরমুজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো ‘মোকাবিলা’ করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। দ্বীপে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

বিবদমান হরমুজ প্রণালিতে ইরানের এই কৌশলগত দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এ বিবৃতি দেওয়া হলো।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের সর্ববৃহৎ দ্বীপ ‘কেশম’
হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের সর্ববৃহৎ দ্বীপ ‘কেশম’। ছবি: সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবির স্ক্রিনশট

‘ওই মানুষটা আমার মুখ চেপে ধরেছিল...’, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

চকচকে গ্ল্যামার আর আলো–ঝলমলে আয়োজনে ঢাকা বলিউডের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। অনেকেই খোলাখুলি জানিয়েছেন, কীভাবে শিল্পীজীবনের শুরুর দিকে তাঁদের নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ করলেন অভিনেত্রী মৌনী রায়।

সম্প্রতি অপূর্বা মুখিজার সঞ্চালিত অনুষ্ঠান ‘স্পাইস ইট আপ’–এ অতিথি হয়ে এসেছিলেন মৌনী। অভিনেত্রী জানান, তাঁর কখনো কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়নি; কিন্তু মাত্র ২১ বছর বয়সে এক ব্যক্তি তাঁর সঙ্গে বাজে আচরণ করেছিলেন।

‘আমি কিছু বুঝে ওঠার আগেই…’
মৌনী বলেন, ‘কাস্টিং কাউচ না হলেও খারাপ আচরণ হয়েছিল। আমি তখন ২১–২২ বছরের মতো। একটা অফিসে গিয়েছিলাম, যেখানে গল্পের বর্ণনা দেওয়া হচ্ছিল। হঠাৎ একটা দৃশ্যের কথা বলা হলো—একটা মেয়ে সুইমিংপুলে পড়ে যায়, অচেতন হয়ে যায়, আর নায়ক গিয়ে তাঁকে বাঁচায়, মুখে মুখে শ্বাস দেয়, আর মেয়েটি জ্ঞান ফিরে পায়।’

এরপর যা ঘটেছিল, তা আজও মৌনী ভোলেননি। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ ওই ব্যক্তি আমার মুখ ধরে দেখাতে লাগল মাউথ-টু-মাউথ রেসপিরেশন কেমন হয়। একমুহূর্তের জন্য বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি কাঁপতে কাঁপতে নিচে নেমে যাই। অনেক দিন ধরে ঘটনাটা আমাকে মানসিকভাবে নাড়া দিয়েছিল।’
তবে মৌনী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি—তিনি অভিনেতা, পরিচালক না কাস্টিং এজেন্ট, সেটিও জানাননি।

টেলিভিশন থেকে বড় পর্দায় উত্থান
মৌনী রায় প্রথম পরিচিতি পান ছোট পর্দায়, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কাভি বহু থি’-তে অভিনয়ের মাধ্যমে। এরপর ‘কস্তুরি’, ‘নাগিন’ ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পরিচিত মুখ করে তোলে।

২০১৮ সালে তিনি বলিউডে অভিষেক করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে। এরপর ‘রোমিও আকবর ওয়ালটার’, ‘মেড ইন চায়না’ ও ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিব’-এ ‘জুনুন’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

সামনে কী আসছে
মৌনীকে এবার দেখা যাবে পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন রোমান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’–এ। ছবিতে তাঁর সঙ্গে থাকছেন পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর। ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

মৌনী রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মৌনী রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

হরমুজে ইরানের অনুমোদিত পথ ছাড়া জাহাজ চললে ‘কঠোর জবাব’ দেবে তেহরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ‘আমরা সেই সব জাহাজকে সতর্ক করছি। যারা এই প্রণালি অতিক্রম করতে চায় তাদের যাতায়াতের একমাত্র নিরাপদ পথ হচ্ছে ইরানের পূর্বঘোষিত করিডোর।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্ধারিত পথ এড়িয়ে অন্য পথে জাহাজ সরিয়ে নেওয়া অনিরাপদ এবং এমনটি করা হলে আইআরজিসি নৌবাহিনী তার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে।

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ইরান এই হুঁশিয়ারি দিল। কিছুক্ষণ আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান মাত্র শুরু করেছে।

সূত্র: আল–জাজিরা।

ইরান চুক্তি করতে চায়, দেশটি টিকে থাকার চেষ্টা করছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন ‘চুক্তি করতে চাইছে’। তাঁর মতে, যুদ্ধ না হলে ইরান এত দিনে পুরো মধ্যপ্রাচ্য ‘দখল করে নিত’, কিন্তু বর্তমানে তেহরান কেবল ‘টিকে থাকার চেষ্টা’ করছে।

হরমুজ প্রণালিতে চলমান অবরোধ নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আপনারা জানেন, এই অবরোধ অবিশ্বাস্যভাবে সফল হয়েছে; এটি যেন একটি ইস্পাতের দেয়াল। কেউ এই ব্লকেডকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না এবং আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে।’

দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে গতকালের হামলার বিষয়ে ট্রাম্প জানান, জাহাজটিতে গুলি চালানো হয়েছে ঠিকই, কিন্তু সেটি চলাচলে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা জাহাজ বহরের অংশ ছিল না সেটি।

ইরানের দ্বিমুখী আচরণের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়—তারা আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলে, আবার টেলিভিশনে গিয়ে বলে যে “আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি”।’

ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প আরও বলেন, ‘তারা তো চুক্তি করতে চাইবেই। যখন আপনার সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন কে না চুক্তি করতে চায়? আমরা এখন তাদের সঙ্গে যা খুশি তা-ই করতে পারি।’

সূত্র: আল–জাজিরা।

ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালিতে নৌমহড়ায় অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর সদস্যরা
ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালিতে নৌমহড়ায় অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। ছবি: আইআরজিসি প্রেস অফিস

অনাথ আশ্রম থেকে বলিউড নায়িকা

জীবনের গল্প অনেক সময় সিনেমার চেয়েও নাটকীয় হয়। তেমনই এক গল্প অভিনেত্রী লতিকার—যিনি তিব্বতের এক অনাথ আশ্রমে বড় হয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের আলো-ঝলমলে চলচ্চিত্রজগতে। রাজ কাপুর আর দিলীপ কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রীর জীবন যেন ঠিক সিনেমার মতোই।

শুরুর জীবন
লতিকার জন্ম তিব্বতে, কিন্তু বেড়ে ওঠা দার্জিলিংয়ে। তাঁর আসল নাম ছিল হাঙ্গু লামু। বাবা ছিলেন অস্ট্রেলিয়ান, আর মা ছিলেন তিব্বতীয়। অল্প বয়সেই বাবাকে হারান তিনি। পরে মা দ্বিতীয়বার বিয়ে করেন। ছোট্ট হাঙ্গুকে স্কটিশ মিশনারিদের পরিচালিত এক অনাথ আশ্রমে রেখে যান। সেখানেই তাঁর শৈশব কাটে, সেখানেই খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জীবনের কষ্ট-অভাব সত্ত্বেও বাইরের পৃথিবীকে জানার কৌতূহল ছিল প্রবল। পরে সৎবাবার বদলির সুবাদে পরিবার চলে আসে মুম্বাইয়ে—যে শহর একদিন লতিকার ভাগ্য বদলে দেয়।

সিনেমায় আসা
অভিনয় যে একদিন তাঁর পেশা হবে, তা লতিকা কখনো ভাবেননি। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল। একদিন তাঁর প্রতিবেশী, যিনি ছিলেন কত্থক নৃত্যশিল্পী, তাঁকে উৎসাহ দেন চলচ্চিত্রে চেষ্টা করতে। তাঁর পরামর্শেই লতিকা যান মিনার্ভা স্টুডিওতে, যেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় কিংবদন্তি অভিনেতা ও পরিচালক সোহরাব মদির।
সোহরাব মদি তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শুধু অভিনয়ের সুযোগই দেননি, নতুন নামও দেন—লতিকা। তাঁর বিশ্বাস ছিল, এই নাম দর্শকের মনে দাগ কাটবে।

খ্যাতির শিখরে
১৯৪৪ সালে সোহরাব মদির পরিচালনায় ‘পরখ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন লতিকা। সংবেদনশীল চোখ ও স্বাভাবিক অভিনয়ে তিনি দ্রুতই দর্শকের মন জয় করেন। পরে রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো তারকাদের সঙ্গে কাজ করে বলিউডের স্বর্ণযুগের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি।
বিশেষ করে ১৯৪৮ সালের ‘গোপীনাথ’ ছবিতে রাজ কাপুরের বিপরীতে লতিকার অভিনয় প্রশংসা কুড়ায় সমালোচক ও দর্শক দুই মহলেই। মহেশ কৌল পরিচালিত এই ছবিই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

হঠাৎ বিদায়
ক্যারিয়ারের শীর্ষে থাকতেই লতিকা হঠাৎ আলোচনার কেন্দ্র থেকে সরে যান। কারণ—ভালোবাসা। জনপ্রিয় কৌতুক অভিনেতা গোপীর প্রেমে পড়েন তিনি এবং তাঁকে বিয়ে করার পর স্বেচ্ছায় দূরে সরে যান চলচ্চিত্রজগৎ থেকে।

সিনেমার চেয়েও সিনেমাটিক জীবন
শৈশবে পরিত্যক্তা এক অনাথ মেয়ে থেকে একসময়ের জনপ্রিয় নায়িকা—লতিকার জীবন এককথায় প্রেরণার গল্প। লতিকা ছিলেন এক অনাথ শিশু, যিনি পরে বলিউড তারকা হন; আর শেষে এক নারী, যিনি খ্যাতির চেয়ে ভালোবাসাকেই বেছে নিয়েছিলেন।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

অভিনেত্রী লতিকা। আইএমডিবি
অভিনেত্রী লতিকা। আইএমডিবি