Wednesday, May 13, 2026

১১ বছর ধরে টানা জিম, ফারিয়া বললেন— শরীরকে ভালোবাসুন

ব্যায়াম নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার আলাদা একটা ভালো লাগা কাজ করে। ঢালিউড তারকাদের খোঁজখবর যাঁরাই রাখেন কিংবা ফারিয়ার ফেসবুক পেজে যাঁরা অনুসারী, তাঁদের কাছে এই তারকার জিমপ্রীতি অজানা নয়। জানা গেছে, এরই মধ্যে ১১ বছর ধরে জিম করছেন তিনি। ফিটনেস ধরে রাখতে ফারিয়া দিনের একটা সময় নিয়ম মেনে জিমে কাটান।

নুসরাত ফারিয়া জিমে সময় কাটাচ্ছেন, এমন স্থিরচিত্র প্রায় সময় তাঁর ফেসবুকে পোস্ট করেন। আজও তাঁর ব্যতিক্রম নয়, নিজের ফেসবুকে একটা স্থিরচিত্র পোস্ট করে জানালেন, ১১ বছর ধরে তিনি জিম করছেন। ফারিয়া বরাবরই নিজের ফিটনেসের ব্যাপারে সচেতন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, শরীরচর্চা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি তাঁর মানসিক প্রশান্তিরও উৎস। ব্যস্ততার মধ্যেও প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখেন তিনি—জিম, যোগব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে।
আজ সোমবার ফারিয়া তাঁর ফেসবুক পেজে ব্যায়াম করার একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘১১ বছর ধরে প্রতিদিন! নিজের শরীরকে ভালোবাসুন, বিনিময়ে শরীরও আপনাকে ভালোবাসবে।’

সিনেমায় অভিনয়ে আসার আগে নুসরাত ফারিয়া উপস্থাপনা করতেন। তবে বিনোদন অঙ্গনে তাঁর শুরুটা হয়েছিল বেলাল খান ও মোহনার গাওয়া ‘এক মুঠো স্বপ্ন’ গানের মডেল হিসেবে। একটা সময় উপস্থাপনায় নিয়মিত হলে তাঁকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া সিনেমা নির্মাণের পরিকল্পনা করে। প্রথম সিনেমা ‘আশিকী’তে অভিনয় করে আলোচনায় আসেন। এতে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর ঢাকা ও কলকাতার সিনেমায় নিয়মিত অভিনয় করেন ফারিয়া। তবে অভিনয়জীবনে নুসরাত ফারিয়া সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করে। মুক্তির দিক দিয়ে ফারিয়া অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘জ্বিন ৩’। এতে তাঁর সহশিল্পী ছিলেন সজল। দর্শকসাড়া না থাকায় মুক্তির কয়েক দিনের মাথায় প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি ফারিয়াকে ‘ট্রাইব্যুনাল’ নামের নতুন একটি ছবির শুটিং করতে শোনা গেছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটির পরিচালক রায়হান খান।

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-10-27%2Fiqxw9li6%2F6.heic?rect=0%2C0%2C1440%2C960&w=622&auto=format%2Ccompress&fmt=avif
নুসরাত ফারিয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে

আমলকী ও ডালিমের রস একসঙ্গে খেলে পাবেন এই চার উপকার

পুষ্টিকর ফল হিসেবে আমলকী ও ডালিমের সুনাম আছে। তবে আমলকীর স্বাদ অনেকেরই পছন্দ নয়। অথচ একটা আমলকীতেই আপনার দেহের প্রতিদিনের ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যাবে অনায়াসে। আলাদাভাবে খেতে না চাইলে পানীয় হিসেবেও খাওয়া যেতে পারে আমলকী। একসঙ্গে আমলকী আর ডালিমের রস দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু পানীয়। এই পানীয় সম্পর্কে রাফিয়া আলমকে জানালেন ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার।

আমলকী ও ডালিমে আছে ভিটামিন সি ও অ্যান্টি–অক্সিডেন্ট–জাতীয় অন্যান্য উপাদান। সুস্থতার জন্য অপরিহার্য এসব উপাদান যখন একই পানীয় থেকেই পেয়ে যাবেন, তখন পাবেন এসব উপকার—

বাড়বে রোগ প্রতিরোধক্ষমতা

রোগজীবাণুর আক্রমণ থেকে প্রাথমিক সুরক্ষা পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করতে হবে রোজ। এমনকি ঠান্ডা-কাশি উপশমে প্রদাহ কমাতেও কাজে আসে ভিটামিন সি। ক্ষত সারাতেও সাহায্য করে এই ভিটামিন। আমলকী আর ডালিমের রস থেকে আপনি এসব উপকার পাবেন।

হৃৎপিণ্ড থাকবে সুস্থ

অ্যান্টি–অক্সিডেন্ট–জাতীয় উপাদান থাকার কারণেই এই পানীয় আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমাদের দেহে প্রদাহ কমাতেও সাহায্য করে।

দীর্ঘমেয়াদি প্রদাহের কারণে রক্তনালির ভেতর নেতিবাচক পরিবর্তন ঘটতে পারে। প্রদাহ এবং কোলেস্টেরলের উচ্চ মাত্রার কারণে উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর আলমকী ও ডালিমের পানীয় পরোক্ষভাবে আপনার হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করবে।

ত্বক হবে কোমল

বয়সের কারণে ত্বকে যেসব পরিবর্তন হয়, সেসব সামলাতে প্রয়োজন ভিটামিন সি। কারণ, আমাদের ত্বক কোলাজেন নামের যে প্রোটিন দিয়ে গঠিত, সেই প্রোটিন তৈরির জন্য ভিটামিন সি আবশ্যক।

ত্বকের স্বাভাবিক স্থিতিস্থাপকতা এবং কোমলতা ধরে রাখতে তাই খেতে হয় ভিটামিন সি। তাতে বলিরেখার হারও কমে। বুঝতেই পারছেন, আমলকী আর ডালিমের রস ত্বকের তারুণ্য ধরে রাখতে কতটা উপকারী।

মস্তিষ্কের ওপর প্রভাব

অ্যান্টি–অক্সিডেন্ট–জাতীয় উপাদান মস্তিষ্কের জন্যও উপকারী। মস্তিষ্কের প্রদাহ কমাতে সহায়ক। মস্তিষ্ককে সতেজ রাখতে এবং স্মৃতিভ্রমের ঝুঁকি কমাতে আমলকী আর ডালিমের রস খেতে পারেন মাঝেমধ্যেই।

https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-11-10%2Fvnru3l4v%2Fpexels-photo-22687047.jpg?rect=222%2C0%2C2385%2C1590&w=622&auto=format%2Ccompress&fmt=avif
একসঙ্গে আমলকী আর ডালিমের রস দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর পানীয়। ছবি: পেক্সেলস