সাংবাদিক দম্পতি হত্যা-আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর - রুনির হত্যাকারীদের গ্রেপ্তার এবং সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকেরা অবস্থান করবেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আশ্বাসে সাংবাদিকেরা কর্মসূচি স্থগিত করেছিলেন।


সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে পালন করা হবে এই কর্মসূচি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কর্মসূচি সফল করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
২৭ মে তথ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান: অষ্টম বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার দাবিতে ২৭ মে বেলা ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সামনে সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আয়োজিত গণ-অনশন শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
গণ-অনশনে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও অষ্টম বেতন বোর্ড গঠনে তথ্যমন্ত্রীর নেতিবাচক ভূমিকার নিন্দা জানান। তাঁরা অবিলম্বে বেতন বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।