৯/১১ স্টাইলে হামলার ডাক আল কায়দার, টার্গেট যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

দুবাইগামী ফ্লাইদুবাই বিমানে হামলাচেষ্টার প্রশংসা করে মার্কিন ও ইসরায়েলি যাত্রীবাহী উড়োজাহাজে ৯/১১-এর অনুকরণে হামলা চালানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা। সংগঠনটির সমর্থকদের প্রকাশিত সাপ্তাহিক সাময়িকী আল বায়ানের সর্বশেষ সংখ্যায় এই প্রাণঘাতী হুমকির তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

সাময়িকীটির আরবি ভাষার নিবন্ধে বলা হয়েছে, যুদ্ধ এখনো শেষ হয়নি। ইসরায়েলি, আমেরিকান ও তার মিত্রদের বহনকারী বিমানগুলো আকাশে উড়ছে। সেগুলোকে ১১ ও ৩০ সেপ্টেম্বরের মতো লক্ষ্যবস্তু বানানো সম্ভব। এতে আরও সতর্ক করে বলা হয়, আমেরিকা ও ইসরায়েলের শত্রু সংখ্যা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

ঘটনার সূত্রপাত ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের ককপিট দখলের চেষ্টার মধ্য দিয়ে। ওই ফ্লাইটের অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আল হামামিকে আটকের প্রায় ৯ ঘণ্টা পর তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে একাধিক পোস্ট দেখা যায়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিওতে ককপিটের ভেতরের দৃশ্য ফুটে ওঠে, যেখানে পাশে থাকা একটি ইসরায়েলি বিমানের ওপর ক্যামেরা জুম করা হচ্ছিল। এরপরই স্ক্রিনে ভেসে ওঠে আল কায়দার প্রয়াত শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি এবং ২০০৯ সালে সিআইএ কর্মকর্তাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হুমাম খলিল আল বালাউইর ছবি। এ ছাড়া তার অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি মক্কা, মদিনা ও জেরুজালেমের সংযোগকারী একটি ছবিও পোস্ট করা হয়।

অভিযুক্ত পাইলট পুলিশ হেফাজতে থাকা সত্ত্বেও কীভাবে এই পোস্টগুলো প্রকাশিত হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পোস্টগুলো আগে থেকে সিডিউল করা ছিল নাকি অন্য কেউ পোস্টগুলো করেছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো। ইতোমধ্যে মার্কিন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বাণিজ্যিক বিমান চলাচলে নতুন করে নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট
সাপ্তাহিক সাময়িকী আল বায়ানে আল কায়দার হুমকি ও  ফ্লাইদুবাইয়ের কো-পাইলট হামাম আল হামামি। ছবি: নিউইয়র্ক পোস্ট
সাপ্তাহিক সাময়িকী আল বায়ানে আল কায়দার হুমকি ও ফ্লাইদুবাইয়ের কো-পাইলট হামাম আল হামামি। ছবি: নিউইয়র্ক পোস্ট