সুইডেনের গোয়েন্দা সংস্থা কথিত একটি হামলার পরিকল্পনা তদন্ত করছে

সুইডেনের গোয়েন্দা সংস্থা সায়েপো বৃহস্পতিবার বলেছে, তারা সুইডেনের পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার কথিত একটি পরিকল্পনার তদন্ত করছে। সায়েপো মুখপাত্র প্যাট্রিক পিটার এএফপিকে বলেন, পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর হামলার কথিত পরিকল্পনা সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি।
কখন বা কীভাবে গোয়েন্দা বিভাগ হুমকির ব্যাপারে তথ্য পেয়েছে, তা বিস্তারিত না জানিয়ে পিটার আরও বলেন, আমাদের এ ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য সর্বাত্মক চেষ্টাও চলছে।
সুইডেনের একটি ট্যাবলয়েড পত্রিকা বৃহস্পতিবার জানিয়েছে, একটি চরমপন্থী গ্রুপ সুইডিশ পার্লামেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি হামলা চালানোর পরিকল্পনা করছে। অজ্ঞাত পরিচয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ট্যাবলয়েড আরও জানিয়েছে, সম্প্রতি উদ্ধার করা একটি নািস জার্মান প্রতীক বিক্রির অর্থে ওই হামলা চালানো হবে।