ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সেনাদের গুলি, নিহত ৪

ইরানের রাজধানী তেহরানে গতকাল রোববার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তারক্ষীদের গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আরও দুই ব্যক্তি আহত হয়েছে। একটি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।
রাহেসাবজ ডট নেট নামের ওই ওয়েবসাইটে বলা হয়েছে, সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে তিন ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছে। তেহরানের ইঙ্ঘেলাব স্ট্রিটের কলেজ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এতে আরও বলা হয়, এ ঘটনার পর ভালি আসর মোড়ে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার মানুষ গতকাল সকাল থেকে তেহরানের রাস্তায় সমবেত হতে থাকে। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এর আগে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়, আশুরার শোভাযাত্রাকে কেউ সরকারবিরোধী বিক্ষোভে রূপ দিতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।